২০৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুল জলিল শিকদারবীর প্রতীকপ্রবল প্রতিরোধের এক নায়ক১১ এপ্রিল ১৯৭১। আবদুল জলিল শিকদার খবর পেলেন, পাকিস্তান সেনাবাহিনীর বিরাট একটি দল সেনানিবাস থেকে বেরিয়ে রাস্তার দুপাশের বাড়িঘর জ্বালিয়ে-পুড়িয়ে তাঁদের অবস্থানের দিকে অগ্রসর হচ্ছে। তিনি এক দল মুক্তিযোদ্ধা (ইপিআর—ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর, এখন বিজিবি) নিয়ে প্রতিরক্ষা অবস্থানে ছিলেন ঝিকরগাছার লাউজানিতে। খবর পেয়ে তিনি তাঁর দলের দুই প্লাটুন মুক্তিযোদ্ধা সামনের দিকে পাঠালেন পাকিস্তানি সেনাদের প্রতিরোধে। যশোর-বেনাপোল সড়ক ধরে তাঁরা কিছুদূর অগ্রসর হতেই পড়ে গেলেন পাকিস্তানি সেনাদের সামনে। পাকিস্তানি সেনারা তাঁদের প্রচণ্ড গতিতে আক্রমণ করল। প্রবল আক্রমণে তাঁরা পিছু হটতে বাধ্য হলেন। কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানি সেনারা হাজির হলো আবদুল জলিল শিকদারের প্রতিরক্ষা অবস্থানের সামনে। তাঁর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে থাকলেন। পাকিস্তান সেনাবাহিনীর দল অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। সে তুলনায় তাঁদের অস্ত্র খুবই কম। তার পরও তাঁরা প্রতিরোধ চালিয়ে গেলেন। পরদিন পাকিস্তানিরা আর্টিলারির সাহায্যে তাঁদের আক্রমণ করল। এতে শহীদ হলেন বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা। ফলে প্রতিরক্ষা অবস্থান ধরে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ল। এ অবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে আবদুল জলিল শিকদার সিদ্ধান্ত নিলেন পশ্চাদপসরণের।ঝিকরগাছা যশোর জেলার অন্তর্গত উপজেলা। মুক্তিযুদ্ধ শুরু হলে ৩০ মার্চ থেকে যশোরে প্রতিরোধ যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে যশোর ইপিআর সেক্টর হেডকোয়ার্টারের অধীন বেশির ভাগ বাঙালি ইপিআর সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হেডকোয়ার্টারের অধীন খুলনার ৫ নম্বর উইংয়ের তিন কোম্পানি ইপিআর সদস্য যশোরে সমবেত হয়ে প্রতিরোধ যুদ্ধে অংশ নেন। মেজর আবু ওসমান চৌধুরীর (পরে লেফটেন্যান্ট কর্নেল) নির্দেশে ৫ নম্বর উইংয়ের তিন কোম্পানি ইপিআর সদস্যের একাংশ যশোর শহরে, অপর অংশ ঝিকরগাছায় প্রতিরক্ষা অবস্থান নেয়। দুই দলের সার্বিক নেতৃত্বে থাকেন (সুবেদার) আবদুল জলিল শিকদার। তাঁর নির্দেশে সুবেদার হাসান উদ্দিনের নেতৃত্বাধীন ‘সি’ কোম্পানি যশোর সেনানিবাসে মর্টারের সাহায্যে আক্রমণ করে। কিন্তু তাঁরা পাকিস্তানি সেনাদের প্রচণ্ড পাল্টা আক্রমণে পিছে হটে নড়াইলের দিকে চলে যায়। এ সময় মুক্তিযোদ্ধারা একদল আরেক দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝিকরগাছার পতন হলে সেখানকার মুক্তিযোদ্ধারা ভারত সীমান্ত-সংলগ্ন বেনাপোলে আশ্রয় নেন। কয়েক দিন পর বেনাপোলও পাকিস্তানি সেনাদের দখলে চলে যায়। তখন মুক্তিযোদ্ধারা ভারতে অবস্থান নেন।আবদুল জলিল শিকদার ভারতে অবস্থানকালে কিছুদিন প্রশিক্ষক হিসেবে কাজ করেন। বিহারের চাকুলিয়ায় প্রথম ব্যাচের মুক্তিযোদ্ধাদের ২৪ দিন প্রশিক্ষণ দেন। এরপর ৯ নম্বর সেক্টরের অধীন হিঙ্গলগঞ্জ সাব সেক্টরে প্রশিক্ষক ও সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা দলকে বাংলাদেশের ভেতরে গেরিলা অপারেশনে পাঠানো, তাঁদের পরামর্থ ও সহায়তা প্রদান ইত্যাদি কাজই তিনি করতেন।আবদুল জলিল শিকদার চাকরি করতেন ইপিআরে। ১৯৭১ সালে যশোর ইপিআর সেক্টরের ৫ নম্বর উইংয়ের ‘এ’ কোম্পানির নেতৃত্বে ছিলেন তিনি। তখন তাঁর পদবি ছিল সুবেদার। কোম্পানির অবস্থান ছিল সাতক্ষীরা জেলার কলারোয়াতে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সেখান থেকে যশোরে এসে প্রতিরোধযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে বিশেষ করে ঝিকরগাছার প্রতিরোধযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য তাঁকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালে সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ১৭১।আবদুল জলিল শিকদার ২০০৬ সালে মারা গেছেন। তাঁর পৈতৃৃক বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চাচই গ্রামে। সেখানে তিনি থাকতেন না। খুলনায় রূপসার চানমারিতে ২৬ শতাংশ জমি কিনে বাড়ি করে সেখানে বসবাস করতেন। এটাই তাঁর বর্তমান স্থায়ী ঠিকানা। তাঁর বাবার নাম আবদুল হক শিকদার। মা পুটি বেগম। স্ত্রী নূরজাহান বেগম। তাঁর সাত ছেলেমেয়ে। আবদুুল জলিল শিকদারের বড় ছেলে আবুল কালাম আজাদও একজন মুক্তিযোদ্ধা। তিনি বললেন, ‘যে আশা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তা পূরণ হয়নি।’সূত্র: প্রথম আলোর খুলনা অফিসের কাজী আবদুল্লাহর পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮ ও ৯। গ্রন্থনা: তারা রহমান[email protected]