২০৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ আবদুল মোতালেব, বীর বিক্রমমোহনপুরে গুরুতর আহত হন তিনিআবদুল মোতালেবসহ একদল মুক্তিযোদ্ধা রাতের অন্ধকারে ভারতের ভূখণ্ড থেকে সীমান্ত অতিক্রম করে প্রবেশ করলেন বাংলাদেশের ভেতরে। তাঁরা তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ইপিআরের (ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর এখন বিজিবির) সদস্য। পায়ে হেঁটে নিঃশব্দে এগিয়ে যেতে থাকলেন। তাঁদের গন্তব্য মোহনপুর। সেখানে আছে একটি সেতু। সেই সেতু তাঁরা ধ্বংস করবেন। সেখানে কাছাকাছিই আছে পাকিস্তান সেনাবাহিনী। তারা আক্রমণ করতে পারে—সে জন্য মুক্তিযোদ্ধারা সেতু ধ্বংস ও যুদ্ধ করার প্রস্তুতি—দুটিই নিয়ে এসেছেন। সকাল হওয়ার আগেই তাঁরা পৌঁছে গেলেন নির্দিষ্ট স্থানে। দ্রুত প্রতিরক্ষা অবস্থান নিলেন সেতুর আশপাশে। বিস্ফোরক দল তাদের কাজ শুরু করল। কিন্তু নানা কারণে দেরি হয়ে গেল। শেষ পর্যন্ত কয়েক ঘণ্টার প্রচেষ্টায় তাঁরা সফল হলেন। সকাল হয়ে গেছে। দিনের আলোয় বিকট শব্দে ধ্বংস হয়ে গেল সেতু। শব্দ পেয়ে কাছাকাছি থাকা পাকিস্তানি সেনারা গাড়িযোগে দ্রুত এসে তাঁদের আক্রমণ করল। মুক্তিযোদ্ধারা এ জন্য প্রস্তুতই ছিলেন। শুরু হলো প্রচণ্ড যুদ্ধ। মুক্তিযোদ্ধারা বিশেষত আবদুল মোতালেবসহ কয়েকজন সাহসিকতার সঙ্গে যুদ্ধ করতে থাকলেন। কিন্তু পাকিস্তানি সেনারা অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। গুলিবৃষ্টি ও অব্যাহত গোলাবর্ষণে ইপিআরের মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে গেলেন। আবদুল মোতালেবদের দল মাটি কামড়ে অবস্থান ধরে রাখলেন। কিন্তু পাকিস্তানিদের আক্রমণের মাত্রা ক্রমেই বাড়তে থাকল। এ সময় শহীদ হলেন তাঁর দুই সহযোদ্ধা। আহত হলেন তিন-চারজন। একটু পরে তিনি নিজেও গুরুতর আহত হলেন। এতে তাঁর প্রচুর রক্তক্ষরণ হতে থাকল। কয়েকজন সহযোদ্ধা তাঁকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিলেন। তাতেও রক্তক্ষরণ বন্ধ হলো না। তখন স্থানীয় গ্রামবাসীর সহায়তায় সহযোদ্ধারা উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাঠিয়ে দিলেন সীমান্তের ওপারের উদ্দেশে। কিন্তু শেষ রক্ষা হলো না। পথিমধ্যেই তিনি মারা যান। সহযোদ্ধারা পরে তাঁকে ভারতের বাঙালপাড়ায় সমাহিত করেন ।এই ঘটনা ১৯৭১ সালের ২৭ এপ্রিলের। মোহনপুর দিনাজপুর জেলার অন্তর্গত। জেলা সদর থেকে ১০ মাইলের পথে মোহনপুর সেতুর অবস্থান। সেদিন সেতু ধ্বংসের পর সেখানে ভয়াবহ যুদ্ধ হয়। মুক্তিযুদ্ধ শুরু হলে তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধারা প্রতিরোধযুদ্ধ করতে করতে সমবেত হন দিনাজপুর জেলার ফুলবাড়ীতে। তাঁরা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিলেন। ফুলবাড়ীতে সমবেত হওয়ার পর তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তিনটি দলে বিভক্ত হয়। একটি দলের নেতৃত্বে থাকেন ক্যাপ্টেন আনোয়ার হোসেন (বীর প্রতীক, পরে মেজর জেনারেল)। এই দলে ছিলেন আবদুল মোতালেব। তাঁরা ৯, ১০, ১১ ও ১৯ এপ্রিল বিভিন্নস্থানে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। এরপর সীমান্ত অতিক্রম করে ভারতের কামারখালীতে অবস্থান নেন। সেখানে অবস্থানকালে মুক্তিযোদ্ধারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে বেশ কয়েকটি অপারেশন করেন। এরই ধারাবাহিকতায় সেদিন মুক্তিযোদ্ধারা ভারত থেকে এসে মোহনপুর সেতু ধ্বংস করেন।শহীদ আবদুল মোতালেব পাকিস্তানি সেনাবাহিনীর তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। ১৯৭১ সালে এই রেজিমেন্টের অবস্থান ছিল সৈয়দপুর সেনানিবাসে। ৩০ মার্চ রাতে তাঁরা আক্রান্ত হন। তখন তাঁরা বিদ্রোহ করে সেনানিবাস থেকে বেরিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন।মুক্তিযুদ্ধে বিশেষত মোহনপুর যুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ আবদুল মোতালেবকে মরণোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ৫৭।শহীদ আবদুল মোতালেবের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার পূর্বশ্রীকোল গ্রামে। তিনি বিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম গোলাম ছরোয়ার মিয়া। মা আমিনা বেগম, স্ত্রী হাসিনা মোতালেব। তাঁর এক ছেলে। ছেলে হাসান মিয়া বললেন, ‘যখন আমার বাবা শহীদ হন, তখন আমার বয়স আট মাস। ১৯৭৫ সালে আমার মা মারা যান। আমার বাবা-চাচারা ছিলেন তিন ভাই। ছোট চাচা আবদুল মান্নানও সেনাবাহিনীতে চাকরি করতেন। যশোর সেনানিবাসে ছিলেন। মুক্তিযুদ্ধের শুরুতে তিনিও শহীদ হন। বড় চাচা অনেক কষ্ট করে আমাকে এবং ছোট চাচার সন্তানদের বড় করেছেন। প্রায়ই শুনি, সরকার মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করবে। কিন্তু আমরা কিছুই পাইনি।’ শহীদ আবদুল মোতালেবের ছবি পাওয়া যায়নি।সূত্র: জাহিদ রহমান, প্রধান নির্বাহী, মুক্তিযুদ্ধে মাগুরা গবেষণাকেন্দ্র এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৬ ও ৭। গ্রন্থনা: তারা রহমান[email protected]