২০৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মো. আবদুল মান্নান, বীর বিক্রমবিপদে মনোবল হারাননি এই যোদ্ধাসীমান্তসংলগ্ন পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা ঘাঁটিতে সরাসরি আক্রমণ করা হবে। এ জন্য ঘাঁটির চারপাশ মুক্তিযোদ্ধাদের একটি দল ছদ্মবেশে দিনের বেলায় পর্যবেক্ষণ (রেকি) করল। রাতের বাস্তব অবস্থাও দেখা প্রয়োজন। সীমান্তের ওপারের মুক্তিবাহিনীর শিবির থেকে বেরিয়ে পড়লেন কয়েকজন মুক্তিযোদ্ধা। মো. আবদুল মান্নান, ক্যাপ্টেন সালাহউদ্দীন মমতাজ (বীর উত্তম), সুবেদার আবদুল হাই (বীর প্রতীক), সুবেদার হাশেম ও নায়েক সফি। তাঁদের দলনেতা সালাহউদ্দীন মমতাজ।সাড়াশব্দহীন অন্ধকার রাত। রাতের অন্ধকারে তাঁরা ঘাঁটির আশপাশ পর্যবেক্ষণ করছেন। অন্ধকারে ভুল করে তাঁরা চলে গেলেন পাকিস্তানি এক অবজারভেশন পোস্টের একদম কাছে। সেখানে ছিল দুই পাকিস্তানি সেনা। দুজনের একজন হল্ট বলে চিৎকার করে উঠল। আবদুল মান্নানের দলনেতা ওই পাকিস্তানি সেনাকে কোনো কিছু বুঝে ওঠার আগেই জাপটে ধরে মাটিতে ফেলে দিলেন। আবদুল হাই সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনাকে গুলি করে হত্যা করলেন। ঘটনার আকস্মিকতায় অপর পাকিস্তানি সেনা হতভম্ব। প্রতিরোধের সুযোগ না দিয়ে মুক্তিযোদ্ধারা তাকেও হত্যা করলেন। এরপর তাঁরা দুই পাকিস্তানি সেনার মাথার ক্যাপ ও অস্ত্র নিয়ে ফিরে গেলেন নিজেদের শিবিরে।এ ঘটনা ১৯৭১ সালের ২৮ জুলাই। কামালপুর বিওপিতে (সীমান্ত ফাঁড়ি)। কামালপুর জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার অন্তর্গত। ৩১ জুলাই নিয়মিত মুক্তিবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কামালপুর বিওপির পাকিস্তানি ঘাঁটিতে আক্রমণ করে। এর আগে সেখানে রেকি করা হয়। ৩১ জুলাই ভোরে মুক্তিবাহিনী কামালপুর আক্রমণ করলে সেখানে ভয়াবহ যুদ্ধ হয়। মো. আবদুল মান্নান ‘সি’ কোম্পানির নেতৃত্ব দেন। এই কোম্পানি এফইউপি (ফর্মি আপ প্লেস) প্রোটেকশন ও গাইড হিসেবে কাজ করে। আক্রমণের জন্য পাকিস্তানি প্রতিরক্ষা অবস্থান থেকে ৬০০ গজ দূরে এফইউপি নির্ধারণ করা হয়। আগের দিন রাতে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় আক্রমণকারী মুক্তিযোদ্ধাদের সেখানে পৌঁছাতে দেরি হয়ে যায়। বৃষ্টি ও ঘোর অন্ধকারে গাইডরা পথ হারিয়ে ফেলেন। এই অতিরিক্ত সময় যুদ্ধ পরিকল্পনায় না থাকায় যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আগেই তাঁরা নিজেরাই নিজেদের প্রিএইচ আওয়ার বোমার শিকার হন। নিজেদের গোলা ও পাকিস্তানি গোলা—দুটোই তাঁদের ওপর এসে পড়তে থাকে। এতে সেখানে এক বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়। এমন অবস্থায় মুক্তিযোদ্ধারা যাতে পশ্চাদপসরণ না করেন, সে জন্য মো. আবদুল মান্নান যথেষ্ট ভূমিকা পালন করেন। তাঁর প্রচেষ্টা ও প্রেরণায় মুক্তিযোদ্ধাদের মনোবল বেড়ে যায়। এরপর মুক্তিযোদ্ধারা বিপুল বিক্রমে পাকিস্তানিদের ওপর ঝাঁপিয়ে পড়েন। শুরু হয়ে যায় রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে মুক্তিবাহিনীর সালাহউদ্দীন মমতাজসহ প্রায় ৪০ জন শহীদ এবং আবদুল মান্নান, হাফিজউদ্দীনসহ ৭০-৮০ জন আহত হন। আবদুল মান্নানের ঊরুতে গুলি লাগে। এতে তিনি গুরুতর আহত হন।মো. আবদুল মান্নান পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন। ১৯৭১ সালে কর্মরত ছিলেন দ্বিতীয় ইস্ট বেঙ্গলে রেজিমেন্টে। তখন তাঁর পদবি ছিল লেফটেন্যান্ট। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধ যুদ্ধে। ভারতে পুনর্গঠিত হওয়ার পর তাঁকে নিয়মিত মুক্তিবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘সি’ কোম্পানির নেতৃত্ব দেওয়া হয়। কামালপুর যুদ্ধ ছাড়াও আরও কয়েক স্থানে তিনি প্রত্যক্ষ যুদ্ধে অংশ নেন।মুক্তিযুদ্ধে বিশেষত কামালপুর যুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মো. আবদুল মান্নানকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ১৯।মো. আবদুল মান্নানের পৈতৃক বাড়ি ময়মনসিংহ জেলার সদর উপজেলার সুতিয়াখালী গ্রামে। সেখানে তিনি বসবাস করেন না। বর্তমানে ঢাকার বনানীতে বাস করেন। তাঁর বাবার নাম আফতাবউদ্দীন আহমেদ। মা রওশন আরা। স্ত্রী রেহেনা মান্নান। তাঁর দুই ছেলে, এক মেয়ে। মো. আবদুল মান্নান বললেন, দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করতে হবে। আর তরুণ প্রজন্মকে সুসংগঠিত হয়ে দেশটাকে গড়তে হবে।সূত্র: মো. আবদুল মান্নান বীর বিক্রমের সাক্ষাৎকার; নিয়েছেন আবু সাঈদ এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১। ছবি: কৌশিক চাকমা।গ্রন্থনা: তারা রহমান[email protected]