২০৮স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদুল ইসলাম, বীর প্রতীকসর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাবাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বভূষণ খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে শহীদুল ইসলাম সর্বকনিষ্ঠ। ১৯৭১ সালে তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর। তিনি লালু নামে বেশি পরিচিত। মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিবাহিনী ছাড়াও দেশের ভেতরে বিভিন্ন স্থানে কয়েকটি সশস্ত্র আঞ্চলিক বাহিনী গড়ে ওঠে। এর মধ্যে কাদেরিয়া বাহিনী অন্যতম। এই বাহিনীর একটি দলের সঙ্গে ছিলেন শহীদুল ইসলাম। শুরুতে তিনি স্বেচ্ছাসেবক হিসেবে মুক্তিযোদ্ধাদের সাহায্য-সহযোগিতা, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বহন, সংবাদ সংগ্রহ প্রভৃতি কাজ করেন। পরে ভারতের মেঘালয় রাজ্যের তুরায় অস্ত্র চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে ফেরার পর তাঁকে গোপালপুর থানা সদরে অবস্থানরত পাকিস্তানি সেনাদের আদ্যপান্ত জানার জন্য সেখানে পাঠানো হয়। শহীদুল ইসলাম গোপালপুরে অবস্থান করে সবকিছু পর্যবেক্ষণ করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কাদেরিয়া বাহিনীর কয়েকটি দল গোপালপুরে পাকিস্তানি প্রতিরক্ষা অবস্থানে আক্রমণ করে। শহীদুল ইসলামও এই যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নেন। তিনি পাকিস্তানি ক্যাম্পের ভেতরে দুঃসাহসিকতার সঙ্গে কয়েকটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটান। এতে বেশ কজন পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী হতাহত হয়।গোপালপুর থানা টাঙ্গাইল জেলার অন্তর্গত। জেলা সদর থেকে উত্তরে এবং জামালপুর জেলার সীমান্তে এর অবস্থান। ১৯৭১ সালের ৭ অক্টোবর গভীর রাতে মুক্তিযোদ্ধারা গোপালপুরে পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থানে আক্রমণ করেন। শুরু হয় তুমুল যুদ্ধ। যুদ্ধ চলাকালে ময়মনসিংহ ও টাঙ্গাইল থেকে নতুন পাকিস্তানি সেনা এসে নিজেদের ঘাঁটির শক্তি বৃদ্ধি করে। কমান্ডার আবদুল হাকিম, হুমায়ুন, তারা ও বেনুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ৮ অক্টোবর বিকেল পর্যন্ত যুদ্ধ করলেন। কিন্তু থানার পতন ঘটাতে পারলেন না। এ ঘটনা কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের জন্য অসম্মানের ব্যাপার হয়ে দাঁড়ায়। মুক্তিযোদ্ধাদের মূল দলনেতা আবদুল হাকিম চিন্তা করতে থাকলেন পরবর্তী রণকৌশল নিয়ে। এরপর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের চারদিক থেকে অবরোধ করেন। এতে কিছুটা সাফল্য আসে। পাকিস্তানি সেনারা ঘাঁটির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়ে। এই সময় একদিন শহীদুল ইসলাম কাজের ছেলের ছদ্মবেশে পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে যান। তাদের বিভিন্ন ফাই-ফরমাশ খেটে আস্থা অর্জন করেন। পরে গ্রেনেডসহ ঘাঁটিতে প্রবেশ করে সেখানে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিরাপদে ফিরে আসেন। তাঁর এই দুঃসাহসিক অভিযানে পাকিস্তানি সেনা, তাদের সহযোগীসহ আটজন নিহত এবং কয়েকজন আহত হয়। এই সফল গ্রেনেড হামলার পর শহীদুল ইসলাম আরও কয়েকবার দূর থেকে সেখানে গ্রেনেড নিক্ষেপ করেন। এতে পাকিস্তানি সেনারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। নভেম্বরের শেষ দিকে মুক্তিযোদ্ধারা আবার গোপালপুর আক্রমণ করেন। দু-তিন দিন যুদ্ধ চলে। এরপর পাকিস্তানি সেনারা সেখান থেকে পালিয়ে যায়। এই যুদ্ধেও শহীদুল ইসলাম অংশ নেন। গোপালপুরের যুদ্ধ ছাড়াও আরও কয়েকটি গেরিলা অপারেশনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদুল ইসলামকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ৪২৫।শহীদুল ইসলাম ২০০৫ সালে দীর্ঘ রোগ ভোগের পর মারা যান। তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। অর্থাভাবে চিকিৎসা করাতে পারেননি। মুক্তিযুদ্ধের পর কষ্টকর ছিল তাঁর জীবন। কখনো স্টেশনে কুলির কাজ, কখনো রেস্তোরাঁয় কাজ, কখনো ফেরি করে তরকারি বিক্রি করেছেন। শেষ দিকে মিরপুর চিড়িয়াখানার সামনে একটা চায়ের স্টল দিয়েছিলেন। গুরুতর অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সেখানে চা বিক্রি করেছেন।শহীদুল ইসলামের পৈতৃক বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সুখী পলাশপাড়া গ্রামে। মৃত্যুর কয়েক বছর আগে তাঁকে ঢাকার মিরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে একটি ঘর বরাদ্দ দেওয়া হয়। এরপর থেকে তিনি সেখানে বসবাস করতেন। তাঁর বাবার নাম হেলাল উদ্দীন, মা সুধামণি। স্ত্রী মালা বেগম। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে।সূত্র: জাহিদ রহমান, প্রধান নির্বাহী, মুক্তিযুদ্ধে মাগুরা গবেষণাকেন্দ্র এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১।গ্রন্থনা: তারা রহমান[email protected]