২০৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুল হক ভূঁইয়া, বীর বিক্রমসফল এক আক্রমণের নায়কমুক্তিবাহিনীর সাবসেক্টরের অধিনায়ক কয়েকজন দলনেতাকে ডেকে পাঠালেন। আবদুল হক ভূঁইয়াসহ কয়েকজন দলনেতা তাঁর কাছে যাওয়ার পর তিনি বললেন, ‘খবর এসেছে, মন্দভাগে পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থানে সেনা পরিবর্তন হবে। নতুন একটি দল কাল সেখানে আসবে। তাদের অ্যামবুশ করতে হবে। আপনারা কে যাবেন?’ মুক্তিযোদ্ধাদের দলনেতারা চুপ করে আছেন। পিনপতন নীরবতা। আবদুল হক ভূঁইয়া হাত তুললেন। অধিনায়ক তাঁর পিঠ চাপড়ে দ্রুত তৈরি হতে বললেন। তাঁর সঙ্গে দেওয়া হলো বাছাই করা আটজন মুক্তিযোদ্ধা; আর চারটি এলএমজি ও পাঁচটি এসএমজি। তাঁরা দ্রুত তৈরি হয়ে রওনা হলেন। আবদুল হক ভূঁইয়া সিদ্ধান্ত নিলেন, তাঁরা প্রথমে সিদলাই গ্রামে যাবেন। সন্ধ্যার আগেই পৌঁছালেন সেখানে। তারপর এলাকাটা পর্যবেক্ষণ করলেন। নতুন পাকিস্তানি সেনারা মন্দভাগে আসবে জলপথে। সিদলাই গ্রামের অদূরে দুটি নদীর সংযোগস্থল। সেখানে আছে একটি কুমারপাড়া। এলাকাটা জনমানবশূন্য। কোথাও সাড়াশব্দ নেই। অনেক দূর পর্যন্ত দেখা যায়। জায়গাটা তাঁর পছন্দ হলো। নতুন করে পরিখাও (ট্রেঞ্চ) করতে হবে না। ওখানে আছে অনেক ছোট ছোট গর্ত। ভোর হওয়ার আগেই তাঁরা তিনটি গর্তে অবস্থান নিলেন। তারপর সময় গড়াতে থাকল। সকাল হলো। বেলা ক্রমে বাড়তে থাকল। দুপুর হতে চলল। কিন্তু পাকিস্তানি সেনাদের দেখা নেই। ওখানে কোনো মানুষজনও এল না। এদিকে মুক্তিযোদ্ধারা দীর্ঘ অপেক্ষা, রোদে পুড়ে ও ক্ষুধায় প্রায় কাতর। দুু-তিনজন অস্থির হয়ে পড়লেন। আবদুল হক ভূঁইয়া তাঁদের বললেন, ‘আমরা খেতে আসিনি। অপারেশনে এসেছি। এক দিন না খেলে আমরা কেউ মারা যাব না।’ মুক্তিযোদ্ধারা তাঁকে বলতে থাকলেন, আজ বোধ হয় পাকিস্তানিরা আসবে না। কিন্তু আবদুল হক ভূঁইয়া নাছোড়বান্দা। বললেন, সন্ধ্যা পর্যন্ত দেখবেন। সূর্য তখন মধ্য গগন থেকে পশ্চিম দিকে হেলতে শুরু করেছে। এমন সময় তাঁরা দেখেন, নদীতে একটি নৌকা। তাতে একটি লাল পতাকা। সেটি ক্রমে এগিয়ে আসছে। এই নৌকার বেশ পেছনে আরও দুটি নৌকা। আবদুল হকের সন্দেহ হলো, সামনের নৌকায় পাকিস্তানি সেনারা নেই। নৌকাটি তাঁদের সামনে চলে এল। তাঁর অনুমানই সত্য হলো। দেখেন, তাতে কয়েকজন রাজাকার ও খাদ্যদ্রব্য। তাঁরা চুপ করে থাকলেন। নির্বিঘ্নে নৌকাটি যেতে দিলেন। একটু পর বাকি দুই নৌকা এগিয়ে এল। দেখে তাঁরা চমকে উঠলেন। নৌকাবোঝাই পাকিস্তানি সেনা। নদীর পাড় দিয়েও হেঁটে আসছে কিছু পাকিস্তানি সেনা। প্রায় ১৩০-১৪০ জন। এক কোম্পানি। এত পাকিস্তানি সেনা দেখে মুক্তিযোদ্ধারা ভড়কে গেলেন। আবদুল হক ভূঁইয়া তাঁদের সাহস জোগালেন। বললেন, পাকিস্তানিরা পানিতে। অল্প কয়েকজন ডাঙায়। ভয় পাওয়ার কারণ নেই। তাঁর প্রচেষ্টা ও প্রেরণায় মুক্তিযোদ্ধারা মনোবল ফিরে পেলেন। নৌকা তাঁদের গুলির আওতায় আসামাত্র গর্জে উঠল সব অস্ত্র। পাকিস্তানি সেনারা প্রতিরোধের তেমন সুযোগ পেল না। বেঁচে যাওয়া পাকিস্তানি সেনারা পানিতে ঝাঁপ দিল। আহত ও নিহত সেনারা নৌকায়-পানিতে গড়িয়ে পড়ল। নদীর পানি লাল হয়ে গেল। আবদুল হকরা একনাগাড়ে গুলি করে দ্রুত সরে পড়লেন সেখান থেকে।এ ঘটনা ১৯৭১ সালের। আগস্ট মাসের শেষ দিকে এক দিন। সঠিক তারিখ তাঁর মনে নেই। এক কোম্পানি পাকিস্তানি সেনা মন্দভাগে আসছিল। মন্দভাগ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অন্তর্গত। মুক্তিযোদ্ধারা সেদিন আবদুল হক ভূঁইয়ার নেতৃত্বে সিদলাই গ্রামের অদূরে দুই নদীর সংযোগস্থলে পাকিস্তানি সেনাদের অ্যামবুশ করেন। এই অ্যামবুশে ৩৫-৩৬ জন পাকিস্তানি সেনা হতাহত হয়। মুক্তিযোদ্ধাদের একজন শহীদ হন। সিদলাই গ্রাম কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তর্গত।আবদুল হক ভূঁইয়া ভূমি জরিপ বিভাগে কাজ করতেন। ১৯৭১ সালের আগে তাঁর মুজাহিদ ট্রেনিং নেওয়া ছিল। তিনি ছিলেন মুজাহিদ বাহিনীর ক্যাপ্টেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। ২ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবদুল হক ভূঁইয়াকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ৩৫। আবদুল হক ভূঁইয়ার পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার অন্তর্গত রাধানগর গ্রামে। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন। বর্তমানে এখানেই বসবাস করছেন। তাঁর বাবার নাম আফতাবউদ্দীন ভূঁইয়া, মা আমেনা খাতুন। স্ত্রী হাসনে আরা বেগম। তাঁদের ছয় ছেলে।সূত্র: আবদুল হক ভূঁইয়া বীর বিক্রমের সাক্ষাৎকার এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, দশম খণ্ড। গ্রন্থনা: তারা রহমান[email protected]