তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মো. ইদ্রিস মিয়া, বীর প্রতীকবিদ্রোহের পর প্রতিরোধ যুদ্ধে...মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ দল সমুদ্রসৈকত ধরে দৃপ্তপদভারে এগিয়ে চলেছেন চট্টগ্রামের দিকে। মুক্তিবাহিনীর দলে আছেন মো. ইদ্রিস মিয়া। সামনে কুমিরায় আছে পাকিস্তান সেনাবাহিনীর শক্ত একটি অবস্থান। তাঁরা পাকিস্তানি ওই অবস্থান পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলেন। কারণ তাঁদের দ্রুত চট্টগ্রামে পৌঁছাতে হবে। কিন্তু তা সম্ভব হলো না। সেখানে শুরু হলো রক্তক্ষয়ী যুদ্ধ। আর্টিলারির নির্ভুল গোলাবর্ষণেও পাকিস্তানিদের টলানো গেল না। এরপর নতুন রণকৌশলে মুক্তিযোদ্ধারা যুদ্ধ শুরু করলেন। শেষ পর্যন্ত তাঁরা সফল হলেন। প্রায় ২০ ঘণ্টা পর পাকিস্তানিরা পশ্চাদপসরণ করল। রাত তিনটায় গোটা এলাকা মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর দখলে চলে এল। তখন চট্টগ্রাম আর মাত্র ১৪-১৫ মাইল দূরে।এ ঘটনা ১৯৭১ সালের ১৩-১৪ ডিসেম্বর। কুমিরায়। কুমিরা চট্টগ্রাম জেলার অন্তর্গত। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে নিয়মিত মুক্তিবাহিনীর কে ফোর্সের একাংশ ফেনী মুক্ত করার পর মিত্রবাহিনীর সঙ্গে মিলিত হয়ে চট্টগ্রাম অভিমুখে অভিযান শুরু করে। ১৩ ডিসেম্বর তাঁরা চট্টগ্রামের কুমিরায় পাকিস্তান সেনাবাহিনীর শক্তিশালী একটি দলের মুখোমুখি হন। কুমিরায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে একটি গভীর খালের ওপরের সেতু ধ্বংস করে পাকিস্তানিরা সেতুর দক্ষিণে রাস্তার দুই পাশে শক্তিশালী প্রতিরক্ষা ডিফেন্স তৈরি করে। মুক্তিবাহিনীর দল প্রথমে পাকিস্তানি ওই প্রতিরক্ষা অবস্থান পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাঁদের সে চেষ্টা ব্যর্থ হয়। তখন মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানিদের আক্রমণ করে। এরপর সেখানে ২০ ঘণ্টা ধরে যুদ্ধ হয়। ১৪ ডিসেম্বর রাত তিনটায় কুমিরা মুক্ত হয়। এই যুদ্ধে পাকিস্তানিদের বিপুল ক্ষতি হয়। তারা নিহতদের লাশ ফেলে চট্টগ্রামের দিকে পালিয়ে যায়।মো. ইদ্রিস মিয়া পাকিস্তান সেনাবাহিনীর চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। ১৯৭১ সালে এই রেজিমেন্টের অবস্থান ছিল কুমিল্লা সেনানিবাসে। তিনি ছিলেন সুবেদার মেজর। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এই রেজিমেন্টের দুটি কোম্পানিকে সম্ভাব্য ভারতীয় আক্রমণের কথা বলে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ১ মার্চ থেকে ‘সি’ (চার্লি) ও ‘ডি’ (ডেলটা) কোম্পানি ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছিল। সি কোম্পানির অধিনায়ক ছিলেন মেজর শাফায়াত জামিল (বীর বিক্রম, পরে কর্নেল)। মার্চের মাঝামাঝি তাঁকে সিলেট পাঠানো হলে মো. ইদ্রিস মিয়া ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) কর্নেল খিজির হায়াতের (পাকিস্তানি) ওপর চাপ প্রয়োগ করে তাঁকে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরত আনার ব্যবস্থা করেন। ২৭ মার্চ শাফায়াত জামিনের নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সি ও ডি কোম্পানি বিদ্রোহ করে। এই বিদ্রোহে মো. ইদ্রিস মিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিদ্রোহের পর প্রতিরোধ যুদ্ধ শেষে মো. ইদ্রিস মিয়া মূল দলের সঙ্গে ভারতে যান। ভারতে তিনি চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হেডকোয়ার্টারে নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকেন। পরে নিয়মিত মুক্তিবাহিনী পুনর্গঠিত হলে তাঁকে ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মো. ইদ্রিস মিয়াকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ খেতাব নম্বর ৪৬।মো. ইদ্রিস মিয়া ১৯৯০ সালে মারা গেছেন। তাঁর পৈতৃক বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জের বড়খাপন গ্রামে। তাঁর বাবার নাম মো. হোসেন মিয়া, মা সুনাতন নেছা। তাঁর দুই স্ত্রী। তাঁদের পাঁচ ছেলে ১১ মেয়ে। ছেলেরা সামান্য জমির আয়ে চলে। চাকরির জন্য চেষ্টা করেও তাঁরা কেউ চাকরি পাননি। মো. ইদ্রিস মিয়ার ছোট ছেলে আরকান মিয়া বললেন, ‘আমরা কয়েক ভাই মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন সরকারি অফিসে আবেদন করেও চাকরি পাইনি। আমরা খুব কষ্টের মধ্যে আছি। অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে।’সূত্র: কিশোরগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মোল্লার পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২।গ্রন্থনা: তারা রহমান[email protected]