তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১১স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ মঈনুল হোসেন, বীর উত্তমঅমানুষিক নির্যাতনেও মুখ খোলেননি তিনিরমজান মাস। মঈনুল হোসেনসহ আটজন মুক্তিযোদ্ধা রাতে আগেভাগে সেহির খেয়ে নিলেন। তারপর নিজেদের গোপন শিবির থেকে বেরিয়ে পড়লেন। মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে মঈনুল হোসেন। তাঁরা পাকিস্তান সেনাবাহিনীর এক প্রতিরক্ষা অবস্থানে মর্টারের সাহায্যে আক্রমণ করবেন। রাতের অন্ধকারে দ্রুত এগিয়ে চললেন সেদিকে। কিন্তু দুর্ভাগ্য, লক্ষ্যস্থলে যাওয়ার আগেই তাঁরা নিজেরাই পাকিস্তানি সেনাদের আক্রমণের মুখে পড়লেন। অতর্কিত প্রচণ্ড মর্টার আক্রমণে থমকে গেল তাঁদের অগ্রযাত্রা। বিপর্যস্ত তাঁরা। প্রাথমিক হকচকিত অবস্থা কাটিয়ে পাল্টা আক্রমণ করার আগেই পাকিস্তানিদের হাতে ধরা পড়ে গেলেন তিনিসহ দুজন। পাকিস্তানিরা তাঁর চোখের সামনেই দুই সহযোদ্ধাকে গুলি করে হত্যা করল আর তাঁর হাত-পা বেঁধে ফেলল। এরপর তাঁর ওপর শুরু হলো নির্দয় নির্যাতন। নিষ্ঠুর নির্যাতনেও তিনি পাকিস্তানিদের কোনো তথ্য দিলেন না। পরে পাকিস্তানি সেনারা তাঁকেও হাত-পা বাঁধা অবস্থায় হত্যা করে।এ ঘটনা ২০ অক্টোবর, ১৯৭১ সালের। কাইয়ুমপুরে। কাইয়ুমপুর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অন্তর্গত। ক্যাপ্টেন এ এইচ এম আবদুল গাফফারের (বীর উত্তম, পরে লেফটেন্যান্ট কর্নেল) নির্দেশে তাঁরা সেখানে অপারেশনে গিয়েছিলেন। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী গুপ্তচরের মাধ্যমে এ খবর আগেই পেয়ে যায় এবং পাল্টা অ্যামবুশ করে। এ এইচ এম গাফফার এক সাক্ষাৎকারে (২১.০৮.১৯৭৩) এ অপারেশন সম্পর্কে বর্ণনা দিয়েছেন, ‘...তখন ছিল রমজান মাস। আমি নায়েক সুবেদার মঈনকে নির্দেশ দিই কোনো এক স্থান বেছে নিয়ে সাহেববাড়িতে অবস্থিত শত্রুসেনাদের অবস্থানে খাওয়ার সময় যেন আচমকা আক্রমণ করে। তাকে যেদিন এ কাজ করতে বলা হয়, সেদিন সে ব্যর্থ হয়। পরের দিন ভোররাতে সেহির খাওয়ার সময় খাল পার হয়ে মঈন তার আট জন সঙ্গীকে নিয়ে যায় মর্টার হামলা করার জন্য। কিন্তু শত্রুসেনারা কোনো গুপ্তচরের মাধ্যমে খবর পেয়ে আগে থেকেই অ্যামবুশ পেতে বসেছিল। তারা নায়েক সুবেদার মঈন ও তার বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। এরা মঈন ও তার দুজন সঙ্গীকে ধরে ফেলে। সঙ্গী দুজনকে গুলি করে সঙ্গে সঙ্গে মেরে ফেলে রেখে যায়। মঈনকে তারা ধরে নিয়ে যায়। সুবেদার আম্বিয়া ওয়্যারলেসে এ বিপর্যয়ের কথা জানায়। আমি তাকে সঙ্গে সঙ্গে তার প্লাটুন নিয়ে শত্রুদের পিছু ধাওয়ার জন্য নির্দেশ দিই। সে আমার কথামতো তার প্লাটুন নিয়ে শত্রুদের ধাওয়া করে। ফলে শত্রুরা সেখানে নায়েক সুবেদার মঈনকে হাত-পা বাঁধা অবস্থায় মেরে ফেলে পালিয়ে যায়। আমরা তাকে মুক্ত এলাকায় এনে সামরিক কায়দায় সম্মান জানিয়ে সমাহিত করি। ‘নায়েক সুবেদার মঈন একজন সাহসী যোদ্ধা ছিল। তাকে যে কাজ দেওয়া হতো, সে কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করত। কোনো নির্দেশ পাওয়ার পর সে সেটা না করা পর্যন্ত শান্তি পেত না। অসম সাহসী এই যোদ্ধার কথা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত। তার জন্য বাংলাদেশ গর্ব করতে পারে।’মঈনুল হোসেন পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন। কর্মরত ছিলেন চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি তাঁর ইউনিটের সঙ্গে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধ যুদ্ধ শেষে ভারতে পুনর্গঠিত হওয়ার পর যুদ্ধ করেন ২ নম্বর সেক্টরের মন্দভাগ সাবসেক্টরে। কয়েকটি গেরিলা যুদ্ধে তিনি অসাধারণ নৈপুণ্য ও বীরত্ব প্রদর্শন করেন। সালদা নদী, বুড়িচং ও কসবায় আকস্মিক আক্রমণ ও অ্যামবুশ করে তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিপুল ক্ষতি করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ মঈনুল হোসেনকে মরণোত্তর বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর সনদ নম্বর ৩২।শহীদ মঈনুল হোসেনের পৈতৃক বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের কুসুমপুর গ্রামে। তিনি বিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম কালা মিয়া, মা সুফিয়া খাতুন। স্ত্রী সালেহা খাতুন। তাঁর এক ছেলে। সালেহা খাতুন বললেন, ‘দুঃসহ যন্ত্রণায় কেটে গেছে ৪০টি বছর। এখন মরণের অপেক্ষায় আছি। শত কষ্টের মাঝেও মনে স্বস্তি লাগে, যখন মনে পড়ে দেশের জন্য আমার স্বামী শহীদ হয়েছেন।’সূত্র: প্রথম আলোর ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি আমিনুল হকের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, দশম খণ্ড।গ্রন্থনা: তারা রহমান[email protected]