তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ সেলিম, বীর প্রতীকবীরের মতোই আত্মাহুতি দেন তিনিসেলিমের (মোহাম্মদ সেলিম) দলনেতা খায়রুল জাহান (বীর প্রতীক, শহীদ) সিদ্ধান্ত নিলেন শহরের উপকণ্ঠের রাজাকার ক্যাম্প আক্রমণের। সকালে তাঁরা বেরিয়ে পড়বেন। রাতে সব প্রস্তুতি নিয়ে রাখলেন। তারপর ঘুমাতে গেলেন। সকালে সেই আক্রমণ আর তাঁদের করা সম্ভব হলো না। শেষ রাতে তাঁরা নিজেরাই আক্রান্ত হলেন। শতাধিক পাকিস্তানি সেনা ও রাজাকার মিলে মুক্তিযোদ্ধাদের ক্ষুদ্র দলকে চারদিক থেকে ঘেরাও করে ব্যাপক গোলাগুলি শুরু করল। গুলির শব্দে মুক্তিযোদ্ধারা দ্রুত উঠে পড়লেন। বিপুল বিক্রমে আক্রমণ প্রতিহত করতে থাকলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁদের প্রতিরোধ ভেঙে পড়ল। চরম এক মুহূর্ত। সেলিম ও তাঁর দলনেতা বুঝতে পারলেন সম্মুখযুদ্ধে তাঁরা সবাই মারা পড়বেন। সহযোদ্ধাদের বাঁচাতে হবে। সিদ্ধান্ত নিলেন তাঁরা দুজন পাকিস্তানি সেনা ও রাজাকারদের প্রতিরোধ করবেন। সেই সুযোগে সহযোদ্ধারা পালিয়ে যাবেন। এরপর তাঁরা দুজন যুদ্ধ করতে থাকলেন। সহযোদ্ধারা পশ্চাদপসরণ করে বেঁচে গেলেন। অন্যদিকে তাঁরা দুজন আত্মত্যাগের নজির সৃষ্টি করে শহীদ হলেন।এ ঘটনা ১৯৭১ সালের ২৬ নভেম্বর। কিশোরগঞ্জ জেলা শহরের কাছে প্যারাভাঙ্গায়। কিশোরগঞ্জ শহর ও পার্শ্ববর্তী এলাকার কিছু মুক্তিযোদ্ধা ছিলেন ২ নম্বর সেক্টরে। নভেম্বর মাসে তাঁরা সেক্টর কমান্ডারের অনুমতি নিয়ে নিজ এলাকায় গেরিলা যুদ্ধ করার জন্য আসেন লতিফপুর গ্রামে। খায়রুল জাহানের গ্রামের বাড়ি ছিল লতিফপুরে। আর তাঁদের গোপন শিবির ছিল প্যারাভাঙ্গায়। কয়েকটি ছোটখাটো অপারেশনের পর খায়রুল জাহান ও মোহাম্মদ সেলিম মিলে সিদ্ধান্ত নেন ২৬ নভেম্বর সকালে তাঁরা শহরের উপকণ্ঠের রাজাকার ক্যাম্প আক্রমণ করবেন। এদিকে রাজাকারদের মাধ্যমে পাকিস্তানি সেনারা তাঁদের খবর পেয়ে যায়। ২৬ নভেম্বর ভোরে একদল পাকিস্তানি সেনা ও বিপুলসংখ্যক রাজাকার তাঁদের চারদিক থেকে আক্রমণ করে। মুক্তিযোদ্ধারাও পাল্টা আক্রমণ করেন। কিন্তু মুক্তিযোদ্ধারা সংখ্যায় ছিলেন অনেক কম। ফলে তাঁদের প্রতিরোধ ভেঙে পড়ে। এ অবস্থায় সেলিম ও খায়রুল জাহান সহযোদ্ধাদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তাঁদের দুজনের কভারিং ফায়ারিংয়ের আড়ালে সহযোদ্ধারা পশ্চাদপসরণ করতে সক্ষম হলেও তাঁরা দুজন শহীদ হন। সেলিম ধরা পড়ার আগ মুহূর্তে নিজের ওপর নিজেই গ্রেনেড চার্জ করে আত্মাহুতি দেন। রাজাকাররা তাঁর প্রাণহীন দেহ বেয়নেট দিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করে। এতেও তাদের আক্রোশ মেটেনি। সেলিমের ক্ষতবিক্ষত দেহ রাজাকাররা রিকশায় করে সারা শহরময় ঘুরিয়ে জনগণকে দেখিয়ে উল্লাস করে। পরে তাঁর লাশ অজ্ঞাত স্থানে ফেলে দেয়। খোঁজ করেও লাশ পাওয়া যায়নি।মোহাম্মদ সেলিম ১৯৭১ সালে ছিলেন ২০ বছরের যুবক। ১৯৭০ সালে উচ্চমাধ্যমিক পাস করে পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দেওয়ার জন্য পরীক্ষা দেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জিডি পাইলট হিসেবে মনোনীত হন। ফেব্রুয়ারি মাসে চিঠি পান। কিন্তু তিনি পাকিস্তান বিমানবাহিনীতে আর যোগ দেননি। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধযুদ্ধে। পরে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করেন ২ নম্বর সেক্টরে।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মোহাম্মদ সেলিমকে মরণোত্তর বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ৩২০। সেখানে নাম সলিম (শহীদ), পিতা মো. আকবর আলী। কিন্তু তাঁর প্রকৃত নাম মোহাম্মদ সেলিম।মোহাম্মদ সেলিমের পৈতৃক বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার কাশিমনগর গ্রামে। অবিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম মো. আলী আকবর, মা নূর বানু। স্বাধীনতার পর কুলিয়ারচর উপজেলার জনগণ শহীদ সেলিমের স্মরণে শহীদ সেলিম স্মৃতি সংসদ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে। এই সংগঠন কিশোরগঞ্জ জেলায় বেশ পরিচিত। ক্লাব প্রাঙ্গণে রয়েছে তাঁর ছবি ও সংক্ষিপ্ত তথ্য। শহীদ সেলিম বীর প্রতীকের মা এখনো বেঁচে আছেন। তিনি বললেন, ‘১৯৭১ সালে যেসব রাজাকার আমার ছেলের লাশ খুঁচিয়ে ক্ষতবিক্ষত করে সারা শহরময় ঘুরিয়ে দেখিয়েছে, তাদের অনেকে এখনো জীবিত। তারা দাপটের সঙ্গে আছে। এদের বিচার করা হোক।’সূত্র: কিশোরগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মোল্লা এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টর-ভিত্তিক ইতিহাস, সেক্টর ২, ৩ ও ১১। গ্রন্থনা: তারা রহমান[email protected]