২১৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মো. ইদ্রিস আলী খান, বীর বিক্রমসম্মুখযুদ্ধের সাহসী এক বীরগভীর রাতে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে একদল মুক্তিযোদ্ধা প্রবেশ করলেন বাংলাদেশের ভেতরে। তাঁদের নেতৃত্বে মোহাম্মদ ইদ্রিস আলী খান। দ্রুত তাঁরা পৌঁছে গেলেন নির্দিষ্ট স্থানে। মুক্তিযোদ্ধারা অন্ধকারে শুরু করলেন বাংকার খোঁড়ার কাজ। সকাল হওয়ার আগেই শেষ করলেন সব প্রস্তুতিমূলক কাজ। তারপর অবস্থান নিলেন বাংকারের ভেতরে। সামনেই একটি রেলপথ। সময় গড়াতে থাকল। মুক্তিযোদ্ধারা ওত পেতে বসে আছেন। আশপাশে কোথাও কোনো শব্দ নেই। চারদিক ফাঁকা। মানুষজনও নেই। তাঁরা অপেক্ষায় আছেন ট্রেনের জন্য। বেলা আনুমানিক ১১টা। হঠাৎ শব্দ। মোহাম্মদ ইদ্রিস আলী খান সবাইকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন। একটু পর দেখা গেল, একটি ট্রেন এগিয়ে আসছে। সবার মধ্যে উত্তেজনা। ট্রেন আওতার মধ্যে আসামাত্র গর্জে উঠল তাঁদের আরআর গান ও রকেট লাঞ্চার। একই সঙ্গে শুরু হলো মেশিনগান (এমজি) ও লাইট মেশিনগানের (এলএমজি) গুলি। নির্ভুল গোলাগুলিতে ট্রেনের বেশির ভাগ বগি বিধ্বস্ত। অর্ধেক বগি লাইনচ্যুত হয়ে পড়ে গেল। এরপর মুক্তিযোদ্ধারা সময়ক্ষেপণ না করে দ্রুত সরে পড়লেন সেখান থেকে।এ ঘটনা ১৯৭১ সালের। ২৫ মে। গোবিন্দপুরে। গোবিন্দপুর জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার অন্তর্গত। পার্বতীপুর-সান্তাহার রেলপথ পাঁচবিবি এলাকায় ভারতীয় সীমান্তের খুব কাছে। সেদিন মুক্তিযোদ্ধারা মোহাম্মদ ইদ্রিস আলী খানের নেতৃত্বে সেখানে চলন্ত ট্রেনে অ্যামবুশ করেন। ২৪ মে গভীর রাতে মুক্তিযোদ্ধারা ভারতের অভ্যন্তরের সোবরা ক্যাম্প থেকে গোবিন্দপুরে যান। সোবরা থেকে গোবিন্দপুরের দূরত্ব কম ছিল না। এই অপারেশনের জন্য মোহাম্মদ ইদ্রিস আলী খান নিজ উদ্যোগে ভারতের বালুরঘাটে একটি লেদ মেশিনের দোকানে হাই কার্বন স্টিলের এমএস পাইপ দিয়ে ছয়টি তিন ইঞ্চি মর্টার ব্যারেল তৈরি করেন। সেগুলো দিয়ে মুক্তিযোদ্ধারা নিখুঁতভাবে গোলা নিক্ষেপ করেন। এ ছাড়া মুক্তিবাহিনীর তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তাঁদের আরআর গান ও রকেট লাঞ্চার এবং সেগুলো চালানোর জন্য লোকবল দিয়ে সাহায্য করে। ওই অপারেশনে ট্রেনের ব্যাপক ক্ষতি হয়। ট্রেনে ছিল অনেক পাকিস্তানি সেনা ও বিপুলসংখ্যক সশস্ত্র বিহারি। অ্যামবুশে প্রায় ৮০ জন পাকিস্তানি সেনা ও সশস্ত্র বিহারি হতাহত হয়। জীবিতরা রেললাইনকে আড়াল করে অবস্থান নিয়ে মুক্তিযোদ্ধাদের ওপর পাল্টা আক্রমণ চালায়। কিন্তু মুক্তিযোদ্ধাদের কোনো ক্ষতি হয়নি। ওই অপারেশনের পর পার্বতীপুর-সান্তাহার রেলপথে বেশ কয়েক দিন রেল যোগাযোগ বন্ধ থাকে।মোহাম্মদ ইদ্রিস আলী খান ১৯৭১ সালে জয়পুরহাট চিনিকলে কর্মরত ছিলেন। চিনিকলে যোগ দেওয়ার আগে তিনি পাকিস্তান সেনাবাহিনীর ইএমই কোরে চাকরি করেন। সেনাবাহিনীর চাকরি থেকে তাঁকে বরখাস্ত করা হয়। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধযুদ্ধে। এ সময় বৃহত্তর বগুড়া ও রাজশাহী জেলায় পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি সফল অ্যামবুশে তিনি নেতৃত্ব দেন। পরে মুক্তিবাহিনীর ৭ নম্বর সেক্টরের হামজাপুর সাব-সেক্টরে সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কয়েকটি সম্মুখযুদ্ধেও প্রত্যক্ষভাবে অংশ নেন। ১০ ডিসেম্বর দিনাজপুর জেলার বিরলে এক যুদ্ধে তিনি আহত হন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মোহাম্মদ ইদ্রিস আলী খানকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ১৬১।মোহাম্মদ ইদ্রিস আলী খানের পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের তেঘরিয়া গ্রামে। ১৯৭২ সালের ৩১ মার্চ তিনি দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হন। তাঁর বাবার নাম নওশের আলী খান, মা হাবিবুন নেছা। স্ত্রী সুলতানা খান। তাঁর তিন ছেলে, দুই মেয়ে। স্ত্রী ও ছেলেরা বর্তমানে ঢাকায় মিরপুরে বসবাস করেন।সূত্র: হাসান নাসির এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৭গ্রন্থনা: তারা রহমান[email protected]