তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ জুয়েল, বীর বিক্রমদুঃসাহসী এক মুক্তিযোদ্ধারাত তখন আনুমানিক আটটা পাঁচ বা ১০ মিনিট। সবুজ রঙের একটি কার দাঁড়িয়ে গেল ব্যস্ত গলির মুখে। কার থেকে ক্ষিপ্রগতিতে নামলেন জুয়েল (আবদুল হালিম চৌধুরী)সহ পাঁচজন গেরিলা মুক্তিযোদ্ধা। চার জনের হাতে স্টেনগান। একজনের হাতে এসএমজি। এক মিনিটের মধ্যে তাঁরা অবস্থান নিলেন সুবিধাজনক স্থানে। ৩০ সেকেন্ডের মধ্যে গর্জে উঠল সবার অস্ত্র। ঝাঁকে ঝাঁকে গুলি। অদূরে পাকিস্তানি সেনাদের চেকপোস্ট। সেখানে প্রহরারত ১২-১৩ জন পাকিস্তানি সেনা ও রাজাকার। তারা কাটা কলাগাছের মতো মাটিতে গড়িয়ে পড়তে থাকল। আশেপাশে থাকা সাধারণ মানুষ যে যেদিকে পারল ছুটে পালিয়ে গেল। দেড়-দুই মিনিট পর মুক্তিযোদ্ধারা উঠে পড়লেন গাড়িতে। শাঁ করে গাড়ি ছুটে বেরিয়ে গেল। তিন মিনিটের মধ্যেই মুক্তিযোদ্ধাদের অপারেশন শেষ। আর এতে নিহত হলো চারজন পাকিস্তানি সেনা ও ছয়জন রাজাকার।এ ঘটনা ১৯৭১ সালের। আগস্ট মাসের প্রথম সপ্তাহে। ঢাকা মহানগরের ফার্মগেটে। সেখানে তখন ছিল পাকিস্তানি সেনাবাহিনীর চেকপোস্ট। প্রহরায় নিয়োজিত ছিল মিলিটারি পুলিশ ও রাজাকার। সার্বক্ষণিক তারা প্রহরা দিত। সেখানেই ছিল তাদের বিশ্রাম নেওয়ার ব্যবস্থা। মুক্তিবাহিনীর ক্র্যাক প্ল্যাটুনের সদস্যরা সেখানে অপারেশন করেন। অপারেশনে অংশ নেন ছয়জন গেরিলা মুক্তিযোদ্ধা। জুয়েল, বদিউজ্জামান, আলম ও পুলু। আরেকজন সামাদ ভাই। তিনি গাড়ি ড্রাইভিংয়ে। অপারেশনের আগে তাঁরা জায়গাটা দুপুরে পর্যবেক্ষণ (রেকি) করেন। গোপন আস্তানায় ফিরে সেদিনই তাঁরা অপারেশন করবেন। সময় নির্ধারণ করেন রাত ৮টা ১০ মিনিট। নিউ ইস্কাটনের গোপন আস্তানা থেকে তাঁরা গাড়িতে রওনা হন রাত সাতটা ৫০ মিনিটে। ফার্মগেটে এসে গাড়িটি ডানে ঘুরে হলিক্রস কলেজের গলির ভেতরে ঢুকে থেমে যায়। এরপর মুক্তিযোদ্ধারা ক্ষিপ্রগতিতে গাড়ি থেকে নেমে পড়েন। দ্রুত অপারেশন করে মুক্তিযোদ্ধারা সটকে পড়েন ওই গাড়িতে করেই। এই অপারেশনের পরদিন ফার্মগেটের সব দোকানপাট, অন্য সবকিছু বন্ধ থাকে। শহরের বেশির ভাগ মানুষজন এতে বেশ উচ্ছ্বসিত হয়। আর পাকিস্তানি সমর্থকেরা আতঙ্কিত হয়ে পড়ে।জুয়েল ১৯৭১ সালে ঢাকার জগন্নাথ কলেজের শিক্ষার্থী ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে মে মাসের শেষ দিকে ঢাকা থেকে পালিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের মেলাঘরে যান। সেখানে তাঁকে মুক্তিবাহিনীর ক্র্যাক প্ল্যাটুনে অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে ঢাকায় এসে গেরিলা অপারেশন শুরু করেন। ফার্মগেট ছাড়াও এলিফ্যান্ট রোডের পাওয়ার স্টেশন, যাত্রাবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশনে গেরিলা অপারেশনে যথেষ্ট সাহসিকতার পরিচয় দেন তিনি। ১৯ আগস্ট নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনে গেরিলা অপারেশনের সময় পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা আক্রমণে তিনি আহত হন। এরপর তিনি ঢাকার বড় মগবাজার এলাকায় একটি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। পাকিস্তানি সেনাবাহিনী তাদের এ দেশীয় দোসরদের মাধ্যমে তাঁর খবর পেয়ে যায়। ২৯ আগস্ট ওই বাড়িতে হানা দিয়ে পাকিস্তানি সেনারা তাঁকে আটক করে। তাঁর ওপর পাকিস্তানি সেনারা অমানুষিক নির্যাতন চালায়। ৩১ আগস্ট পাকিস্তানি সেনারা তাঁকে হত্যা করে।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য জুয়েলকে মরণোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ১৪৮। জুয়েলের প্রকৃত নাম আবদুল হালিম চৌধুরী। জুয়েল তাঁর ডাক নাম।জুয়েলের (আবদুল হালিম চৌধুরী) পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকশা গ্রামে। ঢাকা মহানগরের ৬/১ কে এম দাস লেনেও তাঁর বাবার বাড়ি ছিল। জুয়েল অবিবাহিত ছিলেন। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়। দুই ভাইয়ের একজন স্বাধীনতার আগে ও আরেক ভাই ১৯৭৩ সালে মারা গেছেন। বোনেরা বেঁচে আছেন। তাঁর বাবার নাম আবদুল ওয়াজেদ চৌধুরী। মা ফিরোজা বেগম।সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২ এবং স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, মো. আবদুল হান্নান।গ্রন্থনা: তারা রহমান[email protected]