তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১৭স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মো. নজরুল ইসলাম, বীর প্রতীকসাহসী এক মুক্তিযোদ্ধাদুর্যোগপূর্ণ আবহাওয়া। সমুদ্র উপকূলে নয় নম্বর বিপদসংকেত। এমন একটি দুর্যোগপূর্ণ সময়ের জন্যই অপেক্ষা করছিলেন মুক্তিবাহিনীর নৌকমান্ডোরা। এর আগে তাঁরা অপারেশন করতে ব্যর্থ হয়েছেন। নৌকমান্ডো নজরুল ইসলামসহ তাঁর দলনেতা অপারেশনের জন্য বেছে নিলেন এই দিনকেই। গোপন ঘাঁটিতে বিকেল থেকে শুরু হলো প্রস্তুতি। সন্ধ্যায় তাঁরা খেয়ে বিশ্রাম নিয়ে রওনা হলেন। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলেন নদীর ধারে। তারপর নেমে পড়লেন নদীতে। তখন মধ্যরাত। টার্গেটের (রেলসেতু) আশপাশে কড়া পাহারা। চারদিক আলোকিত। নদীর দুই পাড়ে শক্তিশালী সার্চলাইট জ্বালানো। অন্যদিকে নদীতে প্রবল স্রোত। সবকিছু উপেক্ষা করে নজরুল ইসলাম ও তাঁর সহযোদ্ধারা এগিয়ে যেতে থাকলেন রেলসেতুর নির্দিষ্ট পিলার লক্ষ করে। অনেক কষ্টে পৌঁছালেন সেখানে। তারপর পিলার বেয়ে ওপরে উঠে পড়লেন। সেতুর দুই পাশে লোহার ফেন্সিং। তাতে ডেটোনেটর ফিট করতে থাকলেন। কয়েক মিনিটের মধ্যেই সমাধা হলো তাঁদের কাজ। তারপর সেফটি ফিউজ অন করে ঝাঁপ দিলেন নদীতে। স্রোতের অনুকূলে ডুব দিয়ে ডুব দিয়ে চলে গেলেন নিরাপদ স্থানে। ১৫-২০ মিনিট পরই ঘটল বিস্ফোরণ। সেতুর ওপর ভেঙে পড়ল লোহার বিরাট রেলিং।এ ঘটনা ১৯৭১ সালের। অক্টোবরের শেষ দিকে। হার্ডিঞ্জ রেলসেতুতে। ১ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এই রেলসেতু ইস্পাত কাঠামোর। পাবনার পাকশী ও কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশনের মধ্যবর্তী স্থানে পদ্মা নদীর ওপর এই সেতু। দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে যোগাযোগের জন্য তখন এই রেলসেতু ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধকালে হার্ডিঞ্জ সেতু রক্ষার জন্য পাকিস্তান সেনাবাহিনী রাতের বেলায় নদীর দুই পাড়ে শক্তিশালী সার্চলাইট জ্বালিয়ে রাখত। নদীতে কচুরিপানা ভেসে গেলেও তা দেখা যেত। এ ছাড়া কয়েকটি গানবোট সার্বক্ষণিক টহল দিত। সেতুর দুই পাশে ছিল পাকিস্তানি সেনাদের ক্যাম্প। প্রথমবার মুক্তিবাহিনীর নৌকমান্ডো দল সেতুতে অপারেশন করতে ব্যর্থ হয়। যাওয়ার পথে পাকিস্তান সেনাবাহিনীর হাতে ধরা পড়ে। পরে নৌকমান্ডো আহসানউল্লাহর (বীর প্রতীক) নেতৃত্বে আরেক দলকে এ জন্য ভারত থেকে পাঠানো হয়। এ দলে ছিলেন মো. নজরুল ইসলাম। তাঁরাও প্রথমবার ব্যর্থ হন। এরপর তাঁরা দুর্যোগপূর্ণ একটি দিনের জন্য অপেক্ষা করতে থাকেন। কয়েক দিন পরই শুরু হয় ঝড়-বৃষ্টি। অপারেশনের জন্য তারা সেদিনকেই বেছে নেন। ওই দিন সমুদ্র এলাকায় নয় নম্বর বিপদসংকেত ছিল। প্রাকৃতিক দুর্যোগ, পাকিস্তানিদের কঠোর প্রহরার মধ্যে দুঃসাহসিকতার সঙ্গে তাঁরা অপারেশন করেন। সেতুর মূল কাঠামো ধ্বংস করা তাঁদের লক্ষ্য ছিল না। রেল যোগাযোগ ব্যাহত করাই ছিল তাঁদের লক্ষ্য। সেদিন তাঁরা সফলতার সঙ্গে তা করতে সক্ষম হন।মো. নজরুল ইসলাম পাকিস্তান নৌবাহিনীতে চাকরি করতেন। কর্মরত ছিলেন পশ্চিম পাকিস্তানে (বর্তমান পাকিস্তান)। ১৯৭১ সালের ফেব্রুয়ারি মাসে ছুটি নিয়ে দেশে আসেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধযুদ্ধকালে পাবনা জেলার কাশিনাথপুরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। ওই যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। এরপর ভারতে যান। পরে মুক্তিবাহিনীর নৌকমান্ডো দলে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়। ‘অপারেশন জ্যাকপটের’ অধীনে মংলা বন্দর অপারেশনসহ আরও কয়েকটি অপারেশনে তিনি অংশ নেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মো. নজরুল ইসলামকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বপূর্ণ সনদ নম্বর ২৭২।মো. নজরুল ইসলামের পৈতৃক বাড়ি পাবনা জেলার শাহজাদপুর উপজেলার চরবাতিয়া গ্রামে। চাকরিসূত্রে বর্তমানে ঘোড়াশালে বসবাস করেন। সেখানে সেভেন রিং ব্র্যান্ডের সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরি করেন। তাঁর বাবার নাম কেরামত আলী, মা লুৎফন নেছা। স্ত্রী রওনক জাহান। তাঁর এক ছেলে, দুই মেয়ে।তিনি বলেন, আমরা যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলাম, তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কারণ যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আমাদের পতাকাকে বহন করে কলঙ্কিত করেছে।সূত্র: মো. নজরুল ইসলামের সাক্ষাৎকার নিয়েছেন; প্রথম আলোর খুলনা অফিসের কাজী আবদুল্লাহ এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১০। গ্রন্থনা: তারা রহমান[email protected]