২১৮স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।সুলতান আহমেদ, বীর বিক্রমদুঃসাহসী মুক্তিযোদ্ধাএকদল প্রতিরোধ যোদ্ধা অবস্থান নিয়েছেন ঢাকার অদূরে। ক্ষুদ্র একটি দল নিয়ে কাছাকাছিই ছিলেন সুলতান আহমেদ। তাঁরা সবাই ইপিআরের (ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর, এখন বিজিবি) সদস্য। তিনি দল নিয়ে যোগ দিলেন তাঁদের সঙ্গে। এরপর অবস্থান নিলেন ডাঙ্গা নামের স্থানে। পরদিন পাকিস্তান সেনাবাহিনী তাঁদের অবস্থানের কাছে আসামাত্র দুঃসাহসিকতার সঙ্গে আক্রমণ চালালেন। নিহত হলো অনেক পাকিস্তানি সেনা। আক্রমণ-পাল্টা আক্রমণের একপর্যায়ে পাকিস্তানি সেনাদের চারদিক থেকে প্রায় ঘেরাও করলেন। এতে পাকিস্তানি সেনারা হতভম্ব হয়ে গেল। বিপৎসংকুল হয়ে পড়ল পাকিস্তানিদের পশ্চাদ-পসরণ। শেষে আর্টিলারির ফায়ারের সাহায্য নিয়ে তারা পালিয়ে গেল।এ ঘটনা ১৯৭১ সালের এপ্রিল মাসের প্রথমার্ধের। ২৮ মার্চ মেজর কে এম সফিউল্লাহ (বীর উত্তম, পরে মেজর জেনারেল ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম প্রধান) বিদ্রোহ করে জয়দেবপুর থেকে ময়মনসিংহে পৌঁছে সিদ্ধান্ত নেন ঢাকায় আক্রমণের। এই আক্রমণ পরিকল্পনার অংশ হিসেবে ক্যাপ্টেন মতিউর রহমানের নেতৃত্বে ময়মনসিংহের ২ নম্বর ইপিআর উইংয়ের দুই কোম্পানি সেনা নরসিংদীর পাঁচদোনায় প্রতিরক্ষা অবস্থান নেন। সুলতান আহমেদ তাঁর দল নিয়ে সেখানে ১ এপ্রিল যোগ দেন। তাঁরা অবস্থান নেন পাঁচদোনার চার মাইল পশ্চিমে শীতলক্ষ্যা নদীর পূর্বপারে ডাঙ্গা নামের স্থানে। পরদিন পাকিস্তান সেনাবাহিনীর একটি দল ঢাকা থেকে নরসিংদী যাচ্ছিল। সুলতান আহমেদ তাঁর ক্ষুদ্র দল নিয়ে দুঃসাহসিকতার সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর ওপর আক্রমণ করেন। এতে পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে তাঁরা পাকিস্তান সেনাবাহিনীর ওই দলকে চারদিক থেকে ঘেরাও করে ফেলেন। ফলে, পাকিস্তানিরা পশ্চাদপসরণ করতে পারছিল না। এরপর পাকিস্তানিদের নতুন দল এসে ব্যাপক আর্টিলারি গোলাবর্ষণ করতে থাকে। কিন্তু মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের ঘেরাও করে রাখেন। যুদ্ধ অব্যাহত থাকে। পরদিন পাকিস্তানি বিমান আকাশ থেকে গোলাবর্ষণ করে। মুক্তিযোদ্ধারা মাটি কামড়ে কয়েক দিন তাঁদের অবস্থান ধরে রাখেন। ১১ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনীর নতুন দল বিমানবাহিনীর সহায়তা নিয়ে মুক্তিযোদ্ধাদের ওপর আক্রমণ করে। কয়েক দিনের যুদ্ধে মুক্তিযোদ্ধাদের গোলাবারুদ কমে এসেছিল। কয়েকটি প্রতিরক্ষা অবস্থান একদম গুলিশূন্য হয়ে পড়ে। এ অবস্থায় তাঁরা পশ্চাদপসরণ করে মাধবপুরে সমবেত হন।সুলতান আহমেদ চাকরি করতেন ইপিআরে। নায়েব সুবেদার হিসেবে কর্মরত ছিলেন ঢাকার পিলখানা সদর দপ্তরে। ২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনীর ২২ বালুচ রেজিমেন্ট তাঁদের আক্রমণ করে। ঘুমন্ত অবস্থায় ইপিআরের অনেক সদস্য শহীদ হন। অনেকে আটক হন। সুলতান আহমেদসহ কয়েকজন অলৌকিকভাবে বেঁচে যান। তাঁরা পিলখানা থেকে বেরিয়ে বুড়িগঙ্গা নদী পার হয়ে নিরাপদ স্থানে সমবেত হন। এরপর নরসিংদীর পাঁচদোনায় যান। সেখানে অবস্থানকালে ক্যাপ্টেন মতিউর রহমানের নেতৃত্বাধীন প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যোগ দেন। পরে ৩ নম্বর সেক্টর ও নিয়মিত মুক্তিবাহিনীর এস ফোর্সের অধীনে যুদ্ধ করেন। মাধবপুর, আখাউড়া, আশুগঞ্জসহ আরও কয়েকটি যুদ্ধে সুলতান আহমেদ অসাধারণ নৈপুণ্য ও বীরত্ব প্রদর্শন করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য সুলতান আহমেদকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ৯৪।সুলতান আহমেদের পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ফতেয়াবাদ (জিয়ন মুহুরিবাড়ি) গ্রামে। ১৯৭৯ সালে কর্মরত থাকা অবস্থায় তিনি মারা যান। তাঁর বাবার নাম মোখলেসুর রহমান সরকার, মা আজব খাতুন। স্ত্রী জরিনা খাতুন, তাঁর তিন ছেলে ও এক মেয়ে।সুলতান আহমেদ বীর বিক্রমের বড় ছেলে কামাল উদ্দীন বললেন, বীর মুক্তিযোদ্ধাদের সমবেতভাবে সম্মান প্রদর্শন করা হয় না। কেউ কেউ বিরোধিতা করে। এর চেয়ে দুঃখের আর কী হতে পারে!সূত্র: প্রথম আলোর হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি মুহাম্মদ জাহাঙ্গীর আলম-এর পাঠানো তথ্য, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৩ এবং মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক।গ্রন্থনা: তারা রহমান[email protected]