২১৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।ওয়ালী উল্লাহ, বীর বিক্রমকয়েকটি সফল অ্যামবুশের নায়কওয়ালী উল্লাহর দলনেতা খবর পেলেন যেকোনো সময় পাকিস্তান সেনাবাহিনীর দল তাঁদের এলাকায় আসতে পারে। তিনি ওয়ালী উল্লাহকে নির্দেশ দিলেন মুক্তিযোদ্ধাদের নিয়ে দ্রুত অ্যামবুশ করার। ওয়ালী উল্লাহ ফাঁদ পাতলেন বগাদীয়ায়। এ সময় দলনেতা এগিয়ে গেলেন পাকিস্তানিদের গতিবিধি দেখতে। দলনেতা ফিরে আসার আগেই অ্যামবুশ স্থলে একটি পিকআপ ভ্যানে এসে পড়ল পাকিস্তানি সেনা। ওয়ালী উল্লাহ দলনেতার অপেক্ষায় না থেকে আক্রমণ চালালেন। আকস্মিক আক্রমণে বিপর্যস্ত পাকিস্তানি সেনারা। উল্টে পড়ে গেল পিকআপ ভ্যান। নিহত হলো দুই পাকিস্তানি সেনা। পিকআপ ভ্যানে ছিল একজন জেসিওসহ ছয়জন সেনা। কিছুক্ষণের মধ্যে সেখানে এল আরও পাকিস্তানি সেনা। যুদ্ধ চলল কয়েক ঘণ্টা। আক্রমণ, পাল্টা আক্রমণে ওয়ালী উল্লাহর রণকৌশল ও দুঃসাহসিকতায় পাকিস্তানিরা ব্যাপক ক্ষয়ক্ষতি স্বীকার করে পালিয়ে গেল। যুদ্ধে ওয়ালী উল্লাহ নিজেও সামান্য আহত হলেন। অলৌকিকভাবে তিনি বেঁচে যান। একটি গুলি তাঁর কপাল ঘেঁষে চলে যায়।এ ঘটনা ১৯৭১ সালের ৯ মে। বগাদীয়া নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার অন্তর্গত। মুক্তিযুদ্ধ শুরু হলে নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার একদল মুক্তিযোদ্ধা সুবেদার মেজর লুৎফর রহমানের নেতৃত্বে নিজ এলাকাতেই পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে থাকেন। এই দলে ছিলেন ওয়ালী উল্লাহ। ১৯৭৩ সালের ১৮ সেপ্টেম্বর বাংলা একাডেমীর ইতিহাস প্রকল্প থেকে লুৎফর রহমানের সাক্ষাৎকার নেওয়া হয়। ওই সাক্ষাৎকারে তিনি এই যুদ্ধ সম্পর্কে বলেছেন। তিনি বলেন, ‘...২৪ এপ্রিল সুবেদার ওয়ালী উল্লাহ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে এসে আমার কোম্পানিতে যোগদান করেন।... ৯ মে নায়েব সুবেদার ওয়ালী উল্লাহকে বগাদীয়ায় অ্যামবুশ করার নির্দেশ দিয়ে নায়েব সুবেদার জবেদকে সঙ্গে নিয়ে আমি শত্রুবাহিনীর কর্মতৎপরতা ও অবস্থান লক্ষ করার উদ্দেশে চৌমুহনী রওনা হই। চৌমুহনীতে গতিবিধি লক্ষ করে বগাদীয়ায় ফেরার আগেই নায়েব সুবেদার ওয়ালী উল্লাহ পাকিস্তানি বাহিনীর একখানা পিকআপ ভ্যানের একজন জেসিওসহ ছয়জন সেনার ওপর আক্রমণ করে। সঙ্গে সঙ্গে শত্রুদের দুজন সেনা নিহত হয়। গাড়িটি রাস্তায় পড়ে যায়। ইতিমধ্যে আমরাও সেখানে পৌঁছে গেলাম। ঠিক সেই মুহূর্তে শত্রুবাহিনীর আরও দুটি গাড়ি এসে পড়ল। আরম্ভ হয় উভয়পক্ষের আক্রমণ আর পাল্টা আক্রমণ। প্রায় চার-পাঁচ ঘণ্টা গোলাগুলি হয়। অবশেষে শত্রুরা হতাহত সেনাদের নিয়ে চৌমুহনীর দিকে চলে যায়। এখানে শত্রুদের যথেষ্ট ক্ষয়ক্ষতি স্বীকার করতে হয়। এ যুদ্ধে নায়েব সুবেদার ওয়ালী উল্লাহর কপালে গুলি লাগে এবং তিনি সামান্য আহত হন। এ যুদ্ধে তিনি অসামান্য সাহস ও বীরত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। পাকিস্তানি বাহিনীর ওই অকেজো গাড়িটি স্বাধীনতার পরও দীর্ঘ কয়েক মাস রাস্তার পাশে উল্টে পড়ে থাকে।’ ওয়ালী উল্লাহ পাকিস্তানি সেনাবাহিনীতে চাকরি করতেন। ডেপুটেশনে ক্যাডেট কলেজে প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তখন তাঁর পদবি ছিল নায়েব সুবেদার। ২৫ মার্চ তিনি চট্টগ্রাম সেনানিবাসে ছিলেন। সেখান থেকে পালিয়ে নিজ এলাকায় এসে মুক্তিযুদ্ধে যোগ দেন। নোয়াখালী জেলার চাটখিল, বেগমগঞ্জ, চন্দ্রগঞ্জ, সোনাইমুড়িসহ আরও কয়েক স্থানে তিনি সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য ওয়ালী উল্লাহকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্ব ভূষণ সনদ নম্বর ২৯।ওয়ালী উল্লাহর পৈতৃক বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর গ্রামে। ১৯৭৮ সালে চাকরি থেকে অবসর নিয়ে এখানেই বসবাস করতেন। ১৯৯৪ সালে তিনি মারা গেছেন। তাঁর বাবার নাম করিম বক্স, মা আমিরের নেছা। স্ত্রীর নামও আমিরের নেছা। তাঁর দুই ছেলে, এক মেয়ে। ওয়ালী উল্লাহর বড় ছেলে গাজী শরীফউল্লাহ দিনমজুরের কাজ করেন। তিনি বললেন, ‘বাবা এত বড় মুক্তিযোদ্ধা, তাঁদের ত্যাগের বিনিময়ে এ দেশ পেয়েছি। এ জন্য গর্বে বুক ভরে যায়। আবার দুঃখও হয়। আমরা দুঃখকষ্টে ভাঙা ঘরে থাকি। কেউ আমাদের খোঁজ নেয় না।’ সূত্র: প্রথম আলোর চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি জসিম মাহমুদের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, নবম খণ্ড, পৃষ্ঠা ২০২।গ্রন্থনা: তারা রহমান [email protected]