তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ হারুনুর রশিদবীর প্রতীকবীরত্বের সঙ্গে যুদ্ধ করে শহীদ হনহারুনুর রশিদের দলনেতা খবর পেলেন তাঁদের এলাকায় একদল পাকিস্তানি সেনা ও রাজাকার টহলে এসেছে। দলনেতা সিদ্ধান্ত নিলেন আক্রমণের। দ্রুত তাঁরা তৈরি হয়ে অবস্থান নিলেন বিভিন্ন স্থানে। একটু পরই পাকিস্তানি সেনা ও রাজাকাররা চলে এল তাঁদের আওতার মধ্যে। তখন গর্জে উঠল তাঁদের সবার অস্ত্র। পাকিস্তানিরাও তাঁদের পাল্টা আক্রমণ করল। আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকল। পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী রাজাকারের সংখ্যা অনেক বেশি। মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম। হারুনুর রশিদসহ কয়েকজন সাহসিকতার সঙ্গে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। একপর্যায়ে হারুনুর রশিদ গুলি করতে করতে এগিয়ে যেতে থাকেন সামনে। কিন্তু বেশি দূর যেতে পারলেন না। ক্রলিং করে এগিয়ে যাওয়ার সময় পাকিস্তানিরা তাঁকে দেখে ফেলে। তখন তারা শুরু করে গুলিবৃষ্টি। হারুনুর রশিদ গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। রক্তে ভেসে যেতে থাকে জায়গাটা। সহযোদ্ধারা চেষ্টা করলেন তাঁকে সরিয়ে নিতে। কিন্তু ব্যর্থ হলেন। গুলিবৃষ্টির মধ্যে তাঁরাও যেতে পারলেন না। যুদ্ধ শেষে যখন যেতে পারলেন তখন হারুনুর রশিদের জীবনপ্রদীপ নিভে গেছে।এ ঘটনা ১৯৭১ সালের ২৭ নভেম্বরের। চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার বেগমগঞ্জে। তখন মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়। এ সময় সীমান্ত অতিক্রম করে হারুনুর রশিদসহ একদল গেরিলা মুক্তিযোদ্ধা অবস্থান নেন জীবননগরে। সেদিন সকালে হারুনুর রশিদের দলনেতা খবর পান পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী রাজাকাররা বেগমগঞ্জে টহলে আসবে। তখন তাঁরা বেগমগঞ্জের কাছাকাছিই ছিলেন। খবর পেয়ে হারুনুর রশিদের দলনেতা সিদ্ধান্ত নেন পাকিস্তানি সেনা ও রাজাকারদের আক্রমণের। কিন্তু পাকিস্তানি সেনা ও রাজাকার মিলে সংখ্যায় ছিল অনেক। তাঁদের প্রায় দ্বিগুণ। তার পরও মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের আক্রমণ করেন। পাকিস্তানি সেনারা প্রাথমিক বিপর্যয় কাটিয়ে মুক্তিযোদ্ধাদের পাল্টা আক্রমণ করে। মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেন। বিশেষত হারুনুর রশিদসহ কয়েকজন অসম বীরত্ব প্রদর্শন করেন। তাঁদের বীরত্ব ও রণকৌশলে পাকিস্তানি সেনা ও রাজাকাররা কিছুক্ষণ যুদ্ধ করে সেখান থেকে পালিয়ে যায়। যুদ্ধে পাকিস্তানিদেরও বেশ ক্ষয়ক্ষতি হয়।হারুনুর রশিদ ১৯৭১ সালে ছিলেন ২৫ বছর বয়সী যুবক। মুক্তিযুদ্ধ শুরু হলে ১৫ এপ্রিল ভারতে যান। সেখানে ডোমপুকুর ও বাঙালজি ক্যাম্পে অস্ত্র প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে মুক্তিবাহিনীর ৮ নম্বর সেক্টরের বানপুর সাবসেক্টরের অধীনে তিনি যুদ্ধ করেন। সীমান্ত এলাকায় কয়েকটি গেরিলা অপারেশনে অংশ নেন। পরে একটি দলের সঙ্গে তাঁকে দেশের ভেতরে পাঠানো হয়। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য হারুনুর রশিদ ওরফে হারুন-অর রশিদকে মরণোত্তর বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ৩৭৫। শহীদ হারুনুর রশিদের পৈতৃক বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার আঙ্গিয়ারপোতা গ্রামে। বিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম আহমেদ আলী ওরফে আমোদ আলী। স্ত্রীর নাম সুরাতন নেছা। তাঁর এক ছেলে। নাম শামসুল হক। শহীদ হারুনুর রশিদের স্ত্রী তাঁর একমাত্র ছেলেকে নিয়ে বর্তমানে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার দশমীপাড়া গ্রামে বসবাস করেন। শহীদ হারুনুর রশিদের ছবি পাওয়া যায়নি। সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮ এবং স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, আবদুল হান্নান। গ্রন্থনা: তারা রহমান[email protected]