তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুল হাকিম, বীর বিক্রমঅসমসাহসী এক মুক্তিযোদ্ধারাতে পাহাড়ি পথে হেঁটে আবদুল হাকিমসহ একদল মুক্তিযোদ্ধা পৌঁছালেন পাকিস্তানি সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থানের কাছে। সেখানে কোদাল-খন্তা চালিয়ে শুরু করছেন ট্রেঞ্চ (ছোট পরিখা) খোঁড়ার কাজ। ভোরের আলো ফোটার আগেই শেষ হলো সেই কাজ। তারপর তাঁরা অবস্থান নিলেন ট্রেঞ্চের ভেতরে। মুক্তিযোদ্ধারা নিজেদের আড়াল করে চুপচাপ আছেন। অধিনায়কের সংকেত পেলেই তাঁরা একযোগে আক্রমণ চালাবেন। কিন্তু তার আগেই পাকিস্তানিরা তাদের সুরক্ষিত প্রতিরক্ষা অবস্থান থেকে শুরু করল আর্টিলারি ও মর্টারের গোলাবর্ষণ। শত শত গোলা পড়তে থাকল মুক্তিযোদ্ধাদের অবস্থানের ওপর। গোলাবর্ষণ ও গুলিবৃষ্টিতে মুক্তিযোদ্ধাদের মাথা তোলাই প্রায় দুঃসাধ্য হয়ে পড়ল। চরম প্রতিকূল অবস্থা সত্ত্বেও আবদুল হাকিমসহ কয়েকজন সাহসিকতার সঙ্গে পাকিস্তানি আক্রমণ মোকাবিলা করতে থাকলেন। কিন্তু আবদুল হাকিম বেশিক্ষণ লড়াই করতে পারলেন না। হঠাৎ একসঙ্গে চার-পাঁচটি গুলি এসে লাগল তাঁর চোখ, বুক ও কোমরে। গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। এ ঘটনা ১৯৭১ সালের ৫ নভেম্বরের। সিলেটের গোয়াইনঘাট এলাকার রাধানগরে।রাধানগর সীমান্ত এলাকা। সেখানে তখন ছিল ছোট একটি বাজার। বাজারের পূর্ব পাশ দিয়ে পিয়াইন নদীর শাখা। এর উত্তর পারে জাফলং চা-বাগান। উত্তর-পূর্বদিকে কয়েক মাইল দূরে বাংলাদেশের সীমান্তবর্তী বিওপি তামাবিল এবং ভারতের ডাউকি বিওপি। রাধানগরসহ গোয়াইনঘাট এলাকায় ছিল পাকিস্তানিদের শক্তিশালী প্রতিরক্ষা অবস্থান। এখানে প্রতিরক্ষায় নিয়োজিত ছিল পাকিস্তানি সেনাবাহিনীর ৩১ পাঞ্জাব রেজিমেন্ট, পাঞ্জাব রেঞ্জার ও টসি ব্যাটালিয়ন। অক্টোবর মাসের শেষ দিকে নিয়মিত মুক্তিবাহিনীর ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তানিদের অবস্থানে আক্রমণের জন্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে আসে। ৫ নভেম্বর রাধানগরে ভয়াবহ যুদ্ধ হয়। মুক্তিবাহিনীর ৪ নম্বর সেক্টরের ডাউকি সাব-সেক্টরের একদল মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও মিত্রবাহিনীর ৫/৫ গুর্খা রেজিমেন্টের একদল সেনা যৌথভাবে এ যুদ্ধে অংশ নেয়। সেদিন মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর আক্রমণ ব্যর্থতায় পর্যবসিত হয়। যুদ্ধে মুক্তিবাহিনীর বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর বিপুলসংখ্যক সেনাসদস্য শহীদ হন। আহত হন আবদুল হাকিমসহ অনেকে। আবদুল হাকিমকে সহযোদ্ধারা উদ্ধার করে ভারতের শিলং হাসপাতালে পাঠান। সেখানে তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় দেশ স্বাধীন হয়ে যায়।আবদুল হাকিম চাকরি করতেন ইপিআরে (ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর, এখন বিজিবি)। ১৯৭১ সালে কর্মরত ছিলেন চট্টগ্রাম ইপিআর সেক্টর হেডকোয়ার্টার্সের অধীনে। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধ যুদ্ধে। এরপর ১ নম্বর সেক্টর এলাকায় কিছুদিন যুদ্ধ করেন। পরে তাঁকে অন্তর্ভুক্ত করা হয় নিয়মিত মুক্তিবাহিনীর তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানিতে। ছাতক, গোয়াইনঘাটসহ আরও কয়েক স্থানে তিনি সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবদুল হাকিমকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ৯৬।আবদুল হাকিমের পৈতৃক বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পাঁচগাঁও নিজ ভাওর গ্রামে। স্বাধীনতার পর তিনি আর চাকরি করেননি। চট্টগ্রাম শহরে মুদি দোকান চালিয়ে জীবন নির্বাহ করতেন। কয়েক বছর পর মুদি দোকান বন্ধ করে গ্রামের বাড়িতে চলে আসেন। ২০০১ সালে তিনি মারা যান। তাঁর জায়গাজমি বলতে কিছু নেই। ছেলেরা মায়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস এবং দিনমজুরের কাজ করেন। আবদুল হাকিমের বাবার নাম দীন মোহাম্মদ, মা সাবেদা খাতুন, স্ত্রী রুচিয়া খাতুন। তাঁর তিন ছেলে, দুই মেয়ে।সূত্র: প্রথম আলোর চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি জসিম মাহমুদের পাঠানো প্রতিবেদন এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস।গ্রন্থনা: তারা রহমান[email protected]