২২৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।ফুল (ফয়েজুর রহমান), বীর প্রতীকটাঙ্গাইলের সাহসী এক মুক্তিযোদ্ধাসকাল থেকেই কাদেরিয়া বাহিনীর একদল মুক্তিযোদ্ধা যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করলেন। তাঁরা কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত। একটি দলে আছেন ফুল (ফয়েজুর রহমান)। সন্ধ্যার আগেই শেষ হলো প্রস্তুতি। তারপর মুক্তিযোদ্ধারা অবস্থান নিলেন বিভিন্ন স্থানে। দলনেতা সংকেত দেওয়ামাত্র একযোগে শুরু করলেন আক্রমণ। শত্রু পাকিস্তানি সেনারাও বসে থাকল না। তারা পাল্টা গোলাগুলি শুরু করল। গোলাগুলিতে আকাশ রক্তিম হয়ে উঠল। বিভিন্ন জায়গায় আগুনের লেলিহান শিখা আর ধোঁয়া। চারদিকে মানুষের ছোটাছুটি আর হইচই। যুদ্ধ চলতে থাকল। ফুল (ফয়েজুর রহমান) সাহসিকতার সঙ্গে যুদ্ধ করতে থাকলেন। হঠাৎ পাকিস্তানি সেনাদের ছোড়া একটি মর্টার শেল এসে পড়ল ফুলের (ফয়েজুর রহমান) সামনে। চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন। স্প্লিন্টার এসে লাগল তাঁর বুক, গলা ও ঊরুতে। গুরুতর আহত হয়ে ঢলে পড়লেন মাটিতে। দ্রুত রক্তক্ষরণে ক্রমে নিস্তেজ হয়ে পড়লেন। একসময় জ্ঞান হারালেন। এ ঘটনা ১৯৭১ সালের ৩ বা ৪ ডিসেম্বর, ঘাটাইলে। ঘাটাইল টাঙ্গাইল জেলার অন্তর্গত উপজেলা।মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ঢাকায় আক্রমণের জন্য মিত্রবাহিনী টাঙ্গাইলে বিমান থেকে ছত্রীসেনা নামানোর সিদ্ধান্ত নেয়। এই পরিকল্পনার অংশ হিসেবে নভেম্বরের শেষ দিকে ভারতীয় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন টাঙ্গাইলে আসেন। তিনি কাদেরিয়া বাহিনীর প্রধান আবদুল কাদের সিদ্দিকীর সহায়তায় ছত্রীসেনা অবতরণের জন্য তিনটি স্থান নির্ধারণ করেন। এর একটি ছিল ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন-মোগলপাড়ার পশ্চিমের তিন-চার বর্গমাইলের গোরাঙ্গীর চক। ওই এলাকাসহ আশপাশের কয়েক বর্গমাইল এলাকা মুক্ত রাখা ও নিরাপত্তা বিধানের দায়িত্ব পড়ে কাদেরিয়া বাহিনীর ওপর। ছত্রীসেনা কোন দিন সেখানে অবতরণ করবে, তা প্রথম দিকে কাদের সিদ্দিকীর জানা ছিল না। এদিকে, ওই সময় পাকিস্তানি সেনাবাহিনীর বিভিন্ন দল জামালপুর, শেরপুর থেকে পশ্চাদপসরণ করে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের এলেঙ্গা ও ঘাটাইলে সমবেত হয়। ফলে ঘাটাইলে ছত্রীসেনা নামানোর বিষয়টি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় কাদের সিদ্দিকী সিদ্ধান্ত নেন, পাকিস্তানি সেনাবাহিনীকে আক্রমণের। রাতে তিনি পাকিস্তানি সেনাবাহিনীকে আক্রমণ করেন। এই যুদ্ধে ফুলও (ফয়েজুর রহমান) অংশ নেন। সারা রাত সেখানে যুদ্ধ হয়। যুদ্ধের একপর্যায়ে পাকিস্তানি সেনাবাহিনীর মর্টার শেলের স্প্লিন্টারের আঘাতে ফুল (ফয়েজুর রহমান) গুরুতর আহত হন। পরে সহযোদ্ধারা তাঁকে যুদ্ধস্থল থেকে নিয়ে যান গোপালপুর উপজেলার গুলিপচা গ্রামে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ ডিসেম্বর টাঙ্গাইল মুক্ত হয়ে যায়। এরপর তাঁকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।ফুল (ফয়েজুর রহমান) পড়াশোনা শেষ করে ১৯৭১ সালে চাকরির অপেক্ষায় ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন প্রতিরাধ যুদ্ধে। ৩ এপ্রিল টাঙ্গাইলের প্রতিরোধ ভেঙে পড়লে তিনি আশ্রয় নেন ভুয়াপুরে। পরে কাদেরিয়া বাহিনী গঠিত হলে ওই বাহিনীতে যোগ দেন। বিভিন্ন স্থানে বীরত্বের সঙ্গে গেরিলা ও সম্মুখযুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য ফুলকে (ফয়েজুর রহমান) বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭১ সালের সরকারি গেজেট অনুযায়ী, তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ৪২৩। গেজেটে নাম ফুল। ফুলের প্রকৃত নাম ফয়েজুর রহমান।ফুলের (ফয়েজুর রহমান) পৈতৃক বাড়ি টাঙ্গাইল জেলা শহরের দিঘুলিয়ায়। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনে চাকরি করেন। বর্তমানে পৈতৃক বাড়িতেই বসবাস করছেন। তাঁর বাবার নাম মনসুর রহমান, মা মাহফুজা খাতুন। স্ত্রী খালিদা রহমান। তাঁদের তিন ছেলে ও এক মেয়ে। ফুল (ফয়েজুর রহমান) বললেন, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন হয়নি।সূত্র: ফুল (ফয়েজুর রহমান) বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১। গ্রন্থনা: তারা রহমান[email protected]