২২৭স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।রওশন ইয়াজদানী ভূঁইয়া, বীর প্রতীককৃষি শিক্ষার্থী থেকে মুক্তিযোদ্ধাসন্ধ্যা থেকে মুক্তিযোদ্ধাদের কয়েকটি দল প্রস্তুতি নিতে থাকল। একটি দলে আছেন রওশন ইয়াজদানী ভূঁইয়া। রাতের অন্ধকারে তাঁরা ভারত থেকে সীমান্ত অতিক্রম করে এলেন বাংলাদেশের ভেতরে। এগিয়ে যেতে থাকলেন সামনের দিকে। মধ্যরাতের আগেই পৌঁছালেন নির্দিষ্ট স্থানে। সেখানে আছে পাকিস্তান সেনাবাহিনীর শক্ত একটি ঘাঁটি। ওই ঘাঁটির তিন দিকে নিঃশব্দে অবস্থান নিলেন মুক্তিযোদ্ধারা। সকাল হওয়ার আগেই তাঁরা একযোগে শুরু করলেন আক্রমণ। ভোরের নিস্তব্ধতা ভেঙে চারদিক প্রকম্পিত হতে থাকল গোলাগুলির শব্দে। রওশন ইয়াজদানী ভূঁইয়াসহ কয়েকজন মুক্তিযোদ্ধার সাহসিকতা ও রণকৌশলে পাকিস্তানিরা কোণঠাসা হয়ে পড়ল। একপর্যায়ে পাকিস্তানি সেনারা সেখান থেকে পালাতে শুরু করল। এ ঘটনা ১৯৭১ সালের ১৭ নভেম্বর, দত্তনগর কৃষি ফার্মে।দত্তনগর কৃষি ফার্ম চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার অন্তর্গত। জীবননগর ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এখানে ছিল সরকারি কৃষি ফার্ম। তখন এই কৃষি ফার্ম বেশ প্রসিদ্ধ ছিল। মুক্তিযুদ্ধ চলাকালে সেখানে পাকিস্তান সেনাবাহিনী শক্তিশালী একটি প্রতিরক্ষা ঘাঁটি স্থাপন করে। এই ঘাঁটিতে অবস্থানরত পাকিস্তানি সেনারা সহযোগী রাজাকারদের নিয়ে সীমান্ত এলাকায় টহল দিত। নভেম্বর মাসের প্রথম দিক থেকে মুক্তিবাহিনী সীমান্ত এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর ওপর একের পর এক আক্রমণ করতে থাকে। তাঁদের লক্ষ্য ছিল সীমান্ত এলাকা থেকে পাকিস্তানি সেনাদের বিতাড়ন করা। এরই ধারাবাহিকতায় মুক্তিবাহিনীর ৮ নম্বর সেক্টরের বানপুর সাবসেক্টরের মুক্তিযোদ্ধারা ১৭ নভেম্বর ভোররাতে দত্তনগর কৃষি ফার্মে আক্রমণ করেন। মুক্তিযোদ্ধারা ছিলেন তিনটি দলে (তিন কেম্পানি) বিভক্ত। একটি দল তেঁতুলিয়ার দিক থেকে, দ্বিতীয় দল নারায়ণপুরের দিক থেকে, তৃতীয় দল হাসনাবাদের দিক থেকে পাকিস্তান সেনাবাহিনীর দত্তনগর কৃষি ফার্মের ক্যাম্পে সাঁড়াশি আক্রমণ চালায়। ত্রিমুখী আক্রমণে পাকিস্তানি সেনারা দিশেহারা হয়ে পড়ে। এই যুদ্ধে রওশন ইয়াজদানী ভূঁইয়া অসীম সাহস ও রণকৌশল প্রদর্শন করেন। দু-তিন ঘণ্টা যুদ্ধের পর পাকিস্তানি সেনাদের প্রবল প্রতিরোধ ভেঙে যায়। তখন তারা পালিয়ে আত্মরক্ষা করে। যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।রওশন ইয়াজদানী ভূঁইয়া ১৯৭১ সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। নিজ এলাকায় প্রতিরোধযুদ্ধ শেষে কুড়িগ্রাম জেলার রৌমারীতে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেন। সেখানে প্রাথমিক প্রশিক্ষণ শেষে তাঁকে পাঠানো হয় উচ্চতর প্রশিক্ষণে। সেপ্টেম্বর মাস পর্যন্ত মুক্তিবাহিনীর ১১ নম্বর সেক্টরের মানকারচর সাবসেক্টরে যুদ্ধ করেন। কোদালকাঠির যুদ্ধে তিনি যথেষ্ট রণকৌশল প্রদর্শন করেন। অক্টোবর মাসে ৮ নম্বর সেক্টরের বানপুর সাবসেক্টরে যোগ দেন। নভেম্বর মাসের শেষ দিকে তাঁকে দ্বিতীয় বাংলাদেশ ওয়ারকোর্সে অন্তর্ভুক্ত করা হয়। ওয়ারকোর্সের প্রশিক্ষণ চলা অবস্থায় দেশ স্বাধীন হয়ে যায়।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য রওশন ইয়াজদানী ভূঁইয়াকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ৪১।রওশন ইয়াজদানী ভূঁইয়া স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৮১ সালে জিয়া হত্যা মামলায় তাঁর ফাঁসি হয়। তিনি অবিবাহিত ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে। সিরাজগঞ্জ শহরের একডালা মহল্লায় তাঁর বাবার একটি বাড়ি রয়েছে। তাঁর বাবার নাম ফরহাদ হোসেন ভূঁইয়া। মা রওশন আরা খাতুন।রওশন ইয়াজদানী ভূঁইয়ার মা রওশন আরা খাতুন এখনো বেঁচে আছেন। তিনি বললেন, ‘আমার ছেলে মুক্তিযুদ্ধ করেছে। তাঁকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। এ জন্য আমি গর্বিত। কিন্তু ছেলের চাকরি বাবদ আর্থিক সুবিধা এবং মুক্তিযোদ্ধা ভাতা থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে।’সূত্র: প্রথম আলোর সিরাজগঞ্জের নিজস্ব প্রতিবেদক এনামুল হক, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮ ও ১১গ্রন্থনা: তারা রহমান[email protected]