২২৮স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ রুহুল আমিন, বীর বিক্রমদুঃসাহসী এক যোদ্ধার কথাশহীদ রুহুল আমিনের স্ত্রী তাজনাহার বেগম এখনো বেঁচে আছেন। মানবেতরভাবে জীবন কাটাচ্ছেন। একমাত্র ছেলে শহীদউল্যা ফারুক ২০০৬ সালে রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরিবারে আয় করার মতো আর কেউ নেই। তাজনাহার বেগম বললেন, ‘১৯৭১ সালে স্বামীকে হারানোর পর আমি অসহায় হয়ে পড়ি। স্বাধীনতার পর কেমন আছি, কীভাবে শোক বহন করে দিন কাটাচ্ছি, কেউ খোঁজ নেয়নি।’রুহুল আমিন পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন। ১৯৭১ সালে কর্মরত ছিলেন চট্টগ্রাম সেনানিবাসে। তখন তাঁর পদবি ছিল হাবিলদার। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে ছুটি নিয়ে বাড়িতে আসেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধযুদ্ধ শেষে ২ নম্বর সেক্টরের অধীন রাজনগর সাবসেক্টর এলাকায় যুদ্ধ করেন। নোয়াখালী জেলার সোনাইমুড়ি, বগাদীয়া, বেগমগঞ্জ, চাটখিল ও রামগঞ্জে বিভিন্ন স্থানে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। কয়েকটি যুদ্ধে তিনি অসাধারণ রণকৌশল ও বীরত্ব প্রদর্শন করেন। প্রতিরোধ যুদ্ধকালে তাঁর দলনেতা ছিলেন সুবেদার লুৎফর রহমান। নভেম্বর মাসে রুহুল আমিনকে মুক্তিবাহিনীর একটি গেরিলা দলের দলনেতা করে রামগঞ্জ এলাকায় পাঠানো হয়। সেখানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর শক্ত প্রতিরক্ষা অবস্থান।২৫ নভেম্বর রুহুল আমিন তাঁর দল নিয়ে রামগঞ্জের পাকিস্তান সেনাবাহিনীর অবস্থানে আক্রমণ করেন। বাজার ও গোডাউন এলাকায় ছিল পাকিস্তানি সেনাদের প্রতিরক্ষা অবস্থান। আক্রমণ শুরুর আগে মুক্তিযোদ্ধারা স্থানীয় জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে দেন। ভোররাতে পাকিস্তানি সেনাদের অবস্থানে তাঁরা প্রচণ্ড আক্রমণ চালান। পাকিস্তানি সেনারাও পাল্টা আক্রমণ করে। দুই দিন টানা যুদ্ধ চলার পর ২৭ নভেম্বর থেকে পাকিস্তানি সেনাদের অবস্থান থেকে পাল্টা গুলিবর্ষিত হচ্ছিল না। এতে মুক্তিযোদ্ধারা দলনেতা রুহুল আমিনসহ সবাই চিন্তিত হয়ে পড়লেন। একপর্যায়ে তিনি সহযোদ্ধাদের গুলি চালাতে বন্ধ করতে বললেন। তারপর কাটল আরও কিছু সময়। এ সময়ও পাকিস্তানি সেনাদের দিক থেকে কোনো গোলাগুলি হলো না। সূর্য তখন পশ্চিম দিকে হেলতে শুরু করেছে। দুঃসাহসী রুহুল আমিন সহযোদ্ধাদের নির্দেশ দিলেন নিজ নিজ অবস্থানে থাকার জন্য। আর নিজেই দেখার জন্য ক্রলিং করে এগিয়ে গেলেন সামনে। এক পর্যায়ে উঠে হেঁটে যেতে থাকলেন। তারপর দেড়-দুই মিনিটও যায়নি, হঠাৎ ব্রাশফায়ারের শব্দ। আত্মরক্ষার চেষ্টা করেও তিনি ব্যর্থ হলেন। গুলি এসে লাগল তাঁর তলপেট, বুক আর পায়ে। গুলিতে তলপেট প্রায় ঝাঁজরা হয়ে গেল। মাটিতে লুটিয়ে পড়লেন তিনি।এদিকে মুক্তিযোদ্ধারা দলনেতাকে হারিয়ে কিছুটা হকচকিত। তবে তাৎক্ষণিক পাল্টা আক্রমণ শুরু করলেন। গোলাগুলি চলতে থাকল। এই ফাঁকে কয়েকজন মুক্তিযোদ্ধা ক্রলিং করে এগিয়ে গেলেন রুহুল আমিনের কাছে। তাঁকে উদ্ধার করে নিয়ে এলেন। কিন্তু ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি নেতিয়ে পড়েছেন। সহযোদ্ধারা চেষ্টা করলেন তাঁকে বাঁচাতে। কিন্তু তাঁদের সব চেষ্টা ব্যর্থ হলো। সন্ধ্যায় তিনি মারা যান। সেদিন রাতেই রামগঞ্জ মুক্ত হয়। পরে সহযোদ্ধারা তাঁর মরদেহ পাঠিয়ে দেন গ্রামের বাড়িতে। পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। একটি পুকুরের পাশে তাঁর কবর। কবরটি চিহ্নিত তবে সংরক্ষিত নয়। রক্ষণাবেক্ষণের অভাব এবং পুকুরের পাড় ভেঙে যাওয়ায় কবরটি যেকোনো সময় বিলীন হয়ে যেতে পারে।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য রুহুল আমিনকে মরণোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ৪৯।শহীদ রুহুল আমিনের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখালা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামে। তাঁর বাবার নাম জালাল আহমেদ মুন্সি, মা ফাতেমা খাতুন। রুহুল আমিনের স্ত্রী কোনো সরকারি সাহায্য বা ভাতা পান না। তিনি বেশ অর্থকষ্টে দিন কাটাচ্ছেন।সূত্র: প্রথম আলোর চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি জসিম মাহমুদের পাঠানো প্রতিবেদন এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, নবম খণ্ড।গ্রন্থনা: তারা রহমান[email protected]