২৩০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ আবুল বাশার, বীর বিক্রম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন তিনিভারত-বাংলাদেশ সীমান্তে মুক্তিযোদ্ধাদের প্রতিরক্ষা অবস্থান। আবুল বাশার একজন সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে একটি বাংকারে সতর্ক অবস্থায় আছেন। সকাল থেকেই শুরু হলো পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণ। গোলা এসে পড়তে থাকল তাঁদের অবস্থানে। কান ফাটানো শব্দে গোটা এলাকা প্রকম্পিত। ঘণ্টা দুই পর তাঁরা দেখতে পেলেন দূরে একদল পাকিস্তানি সেনা। তাঁদের প্রতিরক্ষা অবস্থানের দিকে ক্ষিপ্র গতিতে এগিয়ে আসছে। সংখ্যায় তারা অনেক। আবুল বাশার ও তাঁর সহযোদ্ধারা ভয় পেলেন না। মুক্তিযোদ্ধাদের কাছে ভারী অস্ত্র তেমন নেই। একটি মেশিনগান, তিন-চারটি এলএমজি। বাকিগুলো সাধারণ অস্ত্র। অগ্রসরমান পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের আওতায় আসামাত্র গর্জে উঠল তাদের অস্ত্র। কিন্তু পাকিস্তানিদের ভারী অস্ত্রের দাপটে মুক্তিযোদ্ধারা কোণঠাসা হয়ে পড়লেন। এক পর্যায়ে শুরু হলো বিমান হামলা। পাকিস্তানি বিমান আকাশ থেকে গুলি বর্ষণ করতে থাকল। এ সময় মুক্তিযোদ্ধা অনেকে পশ্চাৎপসরণ করতে বাধ্য হলেন। আবুল বাশারসহ কয়েকজন মনোবল হারালেন না। তিনি সাহসিকতার সঙ্গে পাকিস্তানিদের আক্রমণ প্রতিহত করতে থাকলেন। কিন্তু বেশিক্ষণ পারলেন না। বিমান থেকে ছোড়া কয়েকটি গুলি এসে লাগল তাঁর মাথায়। ঢলে পড়লেন মাটিতে। শহীদ হলেন তিনি। এ ঘটনা ১৯৭১ সালের ৯ মে। বিবির বাজারে।বিবির বাজার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার অন্তর্গত। কুমিল্লা শহর থেকে ছয় কিলোমিটার পূর্ব-দক্ষিণে। ভারত-বাংলাদেশ সীমান্তে। প্রতিরোধ যুদ্ধের পর কুমিল্লা অঞ্চলের মুক্তিযোদ্ধারা সমবেত হন বিবির বাজারে। কুমিল্লা শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর পাকিস্তানি সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের বিবির বাজার অবস্থানে আক্রমণ করতে থাকে। কয়েকবার সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়। প্রতিবারই মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের প্রতিহত করতে সক্ষম হন। বিবির বাজারের প্রতিরক্ষা অবস্থানে বেশির ভাগ ছিলেন ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর, এখন বিজিবি) সদস্য। বিবির বাজার যুদ্ধ সম্পর্কে মেজর খালেদ মোশাররফ (বীর উত্তম, ২ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, পরে মেজর জেনারেল) এক সাক্ষাৎকারে (১৯৭৪) বলেন, ‘...কুমিল্লার বিবির বাজার পজিশনের ওপর পাকিস্তানি বাহিনী প্রচণ্ড আক্রমণ করতে থাকে। ...এই প্রতিরক্ষা অবস্থানে শত্রুসেনারা বারবার আক্রমণ করতে থাকে। এই অবস্থানটির ওপর পাকিস্তানি সেনাদের লক্ষ্য এ জন্য ছিল যে প্রতি রাতে এখান থেকে আমার ছোট ছোট কমান্ডো পার্টি গোমতী নদী অতিক্রম করে কুমিল্লা শহরে হামলা চালাত।...একদিন এই পজিশনের ওপর ৩৯তম বেলুচ রেজিমেন্ট গোলন্দাজ বাহিনী ট্যাংকের সহায়তায় প্রচণ্ড আক্রমণ চালায়।...এই যুদ্ধে ইপিআরের জওয়ানেরা যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছে।’ সে দিন যুদ্ধে মুক্তিবাহিনীর আবুল বাশারসহ কয়েকজন শহীদ ও ১০-১২ জন আহত হন। পাকিস্তানি সেনাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে সহযোদ্ধারা আবুল বাশারের লাশ উদ্ধার করে বিবির বাজারেই সমাহিত করেন।আবুল বাশার চাকরি করতেন ইপিআরে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন কুমিল্লা উইংয়ে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ আবুল বাশারকে মরণোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালে সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ১১৮। শহীদ আবুল বাশারের পৈতৃক বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বদলকোট গ্রামে। বিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম আবদুল লতিফ মুন্সি। মা তাজকেরার নেছা। স্ত্রী রৌশনারা বেগম। তাঁর দুই ছেলে ও তিন মেয়ে। শহীদ আবুল বাশারের বড় ছেলে মহিউদ্দীন পারভেজ বলেন, ‘আমার বাবা এ দেশের জন্য জীবন দিয়েছেন। এতে গর্বে বুক ভরে যায়। অন্যদিকে আমরা ছোট ছোট পাঁচ ভাইবোন স্বাধীনতার পর কীভাবে ছিলাম সে খবর কেউ রাখেননি।’সূত্র: প্রথম আলোর চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি জসিম মাহমুদ এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, নবম খণ্ড। গ্রন্থনা: তারা রহমান [email protected]