তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩১স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।গোলাম আজাদ, বীর প্রতীকক্ষিপ্র ও কুশলী এক মুক্তিযোদ্ধারাজাকার ক্যাম্পে সামনের দিক থেকে আক্রমণ করেছে মুক্তিযোদ্ধাদের একটি দল। একটু পর গোলাম আজাদের নেতৃত্বে সেখানে পেছন দিক থেকে আক্রমণ করল আরেক দল মুক্তিযোদ্ধা। দুই দিক থেকে আক্রমণে রাজাকারেরা দিশেহারা। গোলাম আজাদ তাঁর দল নিয়ে ক্ষিপ্রগতিতে এগিয়ে গেলেন। সুরক্ষিত বাংকারে গ্রেনেড চার্জ করে ঢুকে পড়লেন ক্যাম্পের ভেতর। তাঁদের দেখে রাজাকারেরা হতভম্ব। গোলাম আজাদ তাদের নির্দেশ দিলেন আত্মসমর্পণের। রাজাকারেরা একে একে আত্মসমর্পণ করতে থাকল। এ ঘটনা ১৯৭১ সালের অক্টোবর মাসে। বুনোগাতিতে।বুনোগাতি মাগুরা জেলার অন্তর্গত। সেখানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী রাজাকারদের শক্ত একটি ক্যাম্প। অক্টোবর মাসের শেষ দিকে একদিন ভারত থেকে মুক্তিযোদ্ধাদের একটি বড় দল (এক কোম্পানি) রওনা হয় নড়াইল জেলার লোহাগড়ার উদ্দেশে। সন্ধ্যার পর তাঁরা সীমান্ত অতিক্রম করেন। তাঁদের নেতৃত্বে ছিলেন এম এইচ সিদ্দিকী (মাসরুর-উল-হক সিদ্দিকী ওরফে কমল সিদ্দিকী, বীর উত্তম)। এই দলের একটি প্লাটুনের নেতৃত্বে ছিলেন গোলাম আজাদ। সীমান্ত অতিক্রম করে সারা রাত হেঁটে তাঁরা শেষ রাতে পৌঁছান বুনোগাতিতে। সেখানে তাঁরা যাত্রাবিরতি করেন। বুনোগাতিতে ছিল রাজাকারদের ক্যাম্প। মুক্তিযোদ্ধারা সেখানে অবস্থানকালে জানতে পারেন, দু-তিন দিন পরপর পাকিস্তানি সেনারা ওই এলাকায় এসে টহল দিয়ে যায়। মাঝেমধ্যে রাজাকার ক্যাম্পে অবস্থানও করে। রাজাকারদের সহায়তায় স্থানীয় গ্রামবাসীকে অনেক অত্যাচার-নির্যাতন করেছে। কয়েক দিন আগে বুনোগাতি বাজার পুড়িয়ে দিয়েছে। এ ঘটনা শুনে মুক্তিযোদ্ধারা ওই রাজাকার ক্যাম্প আক্রমণের সিদ্ধান্ত নেন।রাজাকার ক্যাম্পটি ছিল একটি স্কুলে। সিদ্ধান্ত হলো, মুক্তিযোদ্ধারা দুটি দলে বিভক্ত হয়ে রাজাকার ক্যাম্প আক্রমণ করবেন। এক দল সামনের দিক থেকে, অন্য দল পেছন দিক থেকে। সামনের দলের নেতৃত্ব দেবেন এম এইচ সিদ্দিকী। তাঁরা সামনে থেকে আক্রমণ করে রাজাকারদের ব্যতিব্যস্ত রাখবেন। এই সুযোগে গোলাম আজাদের নেতৃত্বে অপর দল পেছন দিক থেকে ঝটিকা আক্রমণ চালাবে। তাঁরা ক্ষিপ্রগতিতে অতর্কিত আক্রমণ করে ক্যাম্প দখল এবং রাজাকারদের আত্মসমর্পণে বাধ্য করবে। সিদ্ধান্ত অনুসারে মুক্তিযোদ্ধারা আক্রমণ করেন। কিন্তু রাজাকারদের বাংকার ছিল পাকা ও সুরক্ষিত। সেটা তাঁদের জানা ছিল না। গোলাম আজাদ তাঁর দল নিয়ে গুলিবৃষ্টির মধ্যেই পাকা বাংকারের কাছে পৌঁছে সেখানে গ্রেনেড চার্জ করেন। এতে রাজাকার ক্যাম্প পতনের সূচনা হয়। এরপর তিনি ক্ষিপ্রগতিতে ক্যাম্পের ভেতর ঢুকে পড়েন এবং তাদের আত্মসমর্পণে বাধ্য করেন। এই যুদ্ধে কয়েকজন রাজাকার নিহত ও আহত হয়। মুক্তিযোদ্ধাদের কোনো ক্ষতি হয়নি।গোলাম আজাদ ১৯৭১ সালে এইচএসসি ক্লাসের শিক্ষার্থী ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে মে মাসে বাংলাদেশ থেকে ভারতে যান। বিহার রাজ্যের চাকুলিয়ায় প্রথম ব্যাচে প্রশিক্ষণ নেন। যুদ্ধ করেন ৮ নম্বর সেক্টরের বয়রা সাব-সেক্টরে। নড়াইল জেলার লোহাগড়া, গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়াসহ আরও কয়েকটি স্থানে তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য গোলাম আজাদকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ৩৬৯।গোলাম আজাদের পৈতৃক বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে। বর্তমানে ঢাকার বারিধারা ডিওএইচএসে বসবাস করেন। তাঁর বাবার নাম গোলাম হাসিব। মা রাবেয়া বেগম। স্ত্রী হোসনে আরা বেগম। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে। গোলাম আজাদ বর্তমানে গণপূর্ত অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত। সূত্র: গোলাম আজাদ বীর প্রতীকের সাক্ষাৎকার এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮। গ্রন্থনা: তারা রহমান[email protected]