তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মফিজুর রহমান, বীর প্রতীকপ্রতিরোধযুদ্ধে গর্জে ওঠা সৈনিকবেলা আনুমানিক সকাল নয়টা। এমন সময় মফিজুর রহমান দেখতে পেলেন দূরে একদল পাকিস্তানি সেনা। তিনি তাঁর দলের মুক্তিযোদ্ধাদের নিয়ে দ্রুত প্রতিরক্ষা অবস্থান নিলেন। সাড়ে ১০-১১টার মধ্যেই পাকিস্তানি সেনারা চলে এল তাঁদের প্রতিরক্ষা অবস্থানের কাছে। সঙ্গে সঙ্গে গর্জে উঠল তাঁদের সবার অস্ত্র। পাকিস্তানি সেনারাও পাল্টা আক্রমণ করল। যুদ্ধ চলতে থাকল। মফিজুর রহমান তাঁর সহযোদ্ধাদের নিয়ে বিপুল বিক্রমে যুদ্ধ করলেন। সারা রাত গোলাগুলি চলল। পরদিন সকাল থেকে শুরু হলো তাঁদের ওপর বিমান হামলা। চারদিকে বাড়িঘর-গাছপালা দাউ দাউ আগুনে জ্বলতে থাকল। একটু পর হেলিকপ্টার থেকে নামল পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডো দল। মুক্তিযোদ্ধারা প্রায় অবরুদ্ধ। এদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো গোলাবারুদ তাঁদের হাতে নেই। ক্ষুধায়ও তাঁরা বেশ কাতর। গত তিন-চার দিন সামান্য খাবার খেয়েছেন। জীবনমৃত্যুর সন্ধিক্ষণেও তাঁরা বিচলিত হলেন না। এ ঘটনা ১৯৭১ সালের। প্রতিরোধ যুদ্ধকালে। ১৩-১৪ এপ্রিল। ভৈরব-নরসিংদীর মাঝে রামনগর রেলসেতুতে।২৬ মার্চ ঢাকার পিলখানা ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর, এখন বিজিবি) সদর দপ্তর থেকে পালিয়ে যাওয়া একদল সৈনিক সমবেত হয়েছিলেন নরসিংদীর পাঁচদোনায়। সেখানে তাঁরা যোগ দেন ময়মনসিংহ থেকে আসা ক্যাপ্টেন মো. মতিউর রহমানের (বীর প্রতীক, পরে মেজর জেনারেল) নেতৃত্বাধীন প্রতিরোধযোদ্ধাদের সঙ্গে। ঢাকা-নরসিংদী সড়কের করইতনী, বাবুরহাট, পাঁচদোনাসহ আরও কয়েক স্থানে যুদ্ধের পর তাঁরা প্রতিরক্ষা অবস্থান নেন। ভৈরব-নরসিংদীর মাঝের রামনগর এলাকায়। ১৩ এপ্রিল বেলা ১১টার দিকে পাকিস্তান সেনাবাহিনী সেখানে তাঁদের আক্রমণ করে। মুক্তিযোদ্ধারা বিশেষত ইপিআর সৈনিকরা সুলতান আহমেদ (বীর বিক্রম), আবদুল মালেক ও মফিজুর রহমানের নেতৃত্বে সাহসিকতার সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করেন। সারা দিন ও রাত সেখানে যুদ্ধ চলে। যুদ্ধ চলা অবস্থায় পাকিস্তান সেনাবাহিনী কয়েকবার ঝটিকা আক্রমণ চালিয়ে সামনে এগোতে চেষ্টা করে। প্রতিবারই মুক্তিযোদ্ধারা তা প্রতিহত করেন। পরদিন সকাল থেকে পাকিস্তান বিমানবাহিনীর বিমান মুক্তিযোদ্ধাদের অবস্থানের ওপর গুলিবর্ষণ করতে থাকে। পাকিস্তান সেনাবাহিনী একপর্যায়ে পাঁচ-ছয়টি হেলিকপ্টার দিযে মুক্তিযোদ্ধাদের অবস্থানের চারপাশে কমান্ডো নামায়। এতে মুক্তিযোদ্ধারা চারদিক থেকে প্রায় অবরুদ্ধ হয়ে পড়েন। তখন মুক্তিযোদ্ধাদের গুলি প্রায় নিঃশেষিত। ফলে তাঁরা জীবনমৃত্যুর সন্ধিক্ষণে পড়ে যান। শেষ পর্যন্ত তাঁরা অনেক কষ্টে পশ্চাদপসারণ করে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সমবেত হন। মফিজুর রহমান চাকরি করতেন ইপিআরে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন ঢাকার পিলখানা সদর দপ্তরে। তখন তাঁর পদবি ছিল নায়েক। ২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনীর বালুচ রেজিমেন্ট তাঁদের আক্রমণ করে। তাঁরা সেই আক্রমণ প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হন। কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে তাঁদের প্রতিরোধ। বেশির ভাগ ইপিআর সদস্য পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত হন। তিনিসহ অল্প কিছুসংখ্যক পিলখানা থেকে পালিয়ে যেতে সমর্থ হন। পরে তাঁরা সমবেত হন বুড়িগঙ্গা নদীর ওপারে। সেখান থেকে তাঁরা নরসিংদীর পাঁচদোনায় যান। প্রতিরোধযুদ্ধ শেষে তিনি যুদ্ধ করেন ৩ নম্বর সেক্টরে। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মফিজুর রহমানকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ২৩৫।মফিজুর রহমানের পৈতৃক বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে। ২০০৫ সালে তিনি মারা গেছেন। গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। তাঁর বাবার নাম নেয়ামতউল্লা ফরাজী, মা রাহাতুনের নেছা। স্ত্রী ফজিলতের নেছা। তাঁদের দুই ছেলে ও দুই মেয়ে। সূত্র: প্রথম আলোর ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, নবম খণ্ড এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৩। গ্রন্থনা: তারা রহমান[email protected]