তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ ওয়ালিল হোসেন (আলী হোসেন), বীর প্রতীকবীরের রক্তে ভেসে গেল রণাঙ্গনওয়ালিল হোসেন (আলী হোসেন)সহ একদল মুক্তিযোদ্ধা ভারত থেকে বাংলাদেশের ভেতরে মুক্ত এলাকায় ক্যাম্প স্থাপন করেছেন। দুই-এক দিন পরপর তাঁরা ক্যাম্পের আশপাশে গেরিলা অপারেশন করছেন। হঠাৎ একদিন সকালে পাকিস্তান সেনাবাহিনী তাঁদের ক্যাম্প আক্রমণ করল। প্রথম আর্টিলারি গোলা এসে পড়তে থাকল। দ্রুত মুক্তিযোদ্ধারা অবস্থান নিলেন। একটু পর পাকিস্তানি সেনাদের বড় একটি দল এসে সরাসরি আক্রমণ করল। ওয়ালিল হোসেনসহ কয়েকজন সাহসিকতার সঙ্গে আক্রমণ মোকাবিলা করতে থাকলেন। প্রচণ্ড যুদ্ধ চলতে থাকল। একসময় হঠাৎ কয়েকটি গুলি এসে লাগল ওয়ালিল হোসেনের মাথায় ও বুকে। সঙ্গে সঙ্গে ঢলে পড়লেন মাটিতে। রক্তে ভেসে গেল জায়গাটা। এ ঘটনা ১৯৭১ সালের ১২ নভেম্বর। ধর্মদহে।ধর্মদহ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার অন্তর্গত। ধর্মদহের পূর্ব পাশ দিয়ে একটি রাস্তা মেহেরপুর থেকে উত্তরে প্রাগপুর হয়ে মথুরাপুর সড়কের সঙ্গে মিলিত হয়েছে। অবস্থানগত সুবিধার জন্য সেপ্টেম্বর মাসের মাঝামাঝি ধর্মদহে মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়। এই এলাকা ছিল ৮ নম্বর সেক্টরের শিকারপুর সাব সেক্টরের অধীন এবং মুক্ত এলাকা। সেখানে অবস্থানরত মুক্তিযোদ্ধারা কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনা ও রাজাকারদের ওপর গেরিলা কায়দায় আক্রমণ চালাতেন। অক্টোবর মাসের মাঝামাঝি থেকে মুক্তিযোদ্ধাদের তৎপরতা জোরদার হলে পাকিস্তান সেনাবাহিনী ওই এলাকা থেকে মুক্তিযোদ্ধাদের বিতাড়ন করার জন্য বদ্ধপরিকর হয়। তাদের এই পরিকল্পনা মুক্তিযোদ্ধাদের পক্ষে আগে থেকে জানা সম্ভব হয়নি। ১২ নভেম্বর সকাল নয়টায় পাকিস্তান সেনাবাহিনীর একটি দল আর্টিলারির সহায়তায় ধর্মদহে আকস্মিকভাবে আক্রমণ করে। মুক্তিযোদ্ধারা এতে মনোবল না হারিয়ে সাহসের সঙ্গে পাল্টা আক্রমণ করেন। প্রচণ্ড সম্মুখযুদ্ধ চলতে থাকে। যুদ্ধে ওয়ালিল হোসেনসহ কয়েকজন অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন। তাঁদের বীরত্বে পাকিস্তান সেনাবাহিনীর অনেক ক্ষয়ক্ষতি হয়। যুদ্ধের একপর্যায়ে ওয়ালিল হোসেনের মাথা ও বুকে গুলি লাগে। সঙ্গে সঙ্গে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী ও তাদের সহযোগী রাজাকার মিলে প্রায় শতাধিক হতাহত হয়। তারা একটি মেশিনগান, বিপুলসংখ্যক বিভিন্ন অস্ত্রের গুলি এবং নানা ধরনের বিস্ফোরক ফেলে এবং হতাহতদের নিয়ে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধাদের পক্ষে শুধু ওয়ালিল হোসেন শহীদ হন। তিনজন মুক্তিযোদ্ধা পাকিস্তান সেনাবাহিনীর হাতে ধরা পড়েন। সহযোদ্ধারা পরে ওয়ালিল হোসেনের মরদেহ উদ্ধার করে ভারতের নদীয়া জেলার করিমগঞ্জ থানায় সমাহিত করেন।ওয়ালিল হোসেন (আলী হোসেন) আনসার বাহিনীর সদস্য ছিলেন। মুজাহিদ বাহিনীর প্রশিক্ষণও তাঁর নেওয়া ছিল। ১৯৭১ সালে কর্মরত ছিলেন নিজ জেলাতেই (তখন মহকুমা)। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। কুষ্টিয়া যুদ্ধে (৩০ মার্চ-১ এপ্রিল) তিনি অংশ নেন। পরে শিকারপুর সাব সেক্টরে যুদ্ধ করেন। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি তিনি তাঁর দলের সঙ্গে বাংলাদেশের ভেতরে আসেন।মুক্তিযুদ্ধে সাহস, বীরত্ব ও আত্মত্যাগের জন্য ওয়ালিল হোসেনকে (আলী হোসেন) মরণোত্তর বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ১৬৩। গেজেটে তাঁর নাম ওয়ালিল হোসেন। কিন্তু প্রকৃত নাম আলী হোসেন।ওয়ালিল হোসেনের (আলী হোসেন) পৈতৃক বাড়ি মেহেরপুর জেলার সদর উপজেলার মোনাখালী গ্রামে। বিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম কানাই শেখ, মা আলফাতুন নেছা। স্ত্রী জোবেদা খাতুন। তাঁর দুই মেয়ে। আনসার-ভিডিপি কর্তৃপক্ষ তাঁর স্মৃতি ধরে রাখার জন্য সফিপুর আনসার একাডেমির তৃতীয় গেটের নামকরণ করেছে ‘বীর প্রতীক ওয়ালি গেট।’সূত্র: প্রথম আলোর মেহেরপুরের নিজস্ব প্রতিবেদক তুহিন আরণ্য, হীরা পারভেজ (পরিচালক, আনসার-ভিডিপি) এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮।গ্রন্থনা: তারা রহমান[email protected]