তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।ওয়াজেদ আলী মিয়া, বীর প্রতীকমৃত্যুভয় উপেক্ষা করে অভিযানে অংশ নেনওয়াজেদ আলী মিয়া (বারকি)সহ একদল মুক্তিযোদ্ধা রাতের অন্ধকারে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়লেন। কয়েক মাইল হেঁটে পৌঁছালেন নির্জন রেললাইনের ধারে। সেখানে আশপাশে জনবসতি নেই। দ্রুত রেললাইনের নিচে অ্যান্টিট্যাংক মাইন পুঁতে বৈদ্যুতিক তার লাগিয়ে তা টেনে নিলেন প্রায় ৩০০ গজ দূরে। দেড়-দুই ঘণ্টার মধ্যেই কাজ শেষ হয়ে গেল। তারপর রাত শেষ হয়ে সকাল হলো। সময় দ্রুত এগোতে থাকল। কয়েক ঘণ্টা পর শোনা গেল ট্রেনের শব্দ। ইঞ্জিন ধীরগতিতে চিহ্নিত স্থান অতিক্রম করা মাত্র রিমোট কন্টোলের সুইচ টিপে বিস্ফোরণ ঘটালেন। একই সময় গর্জে উঠল মুক্তিযোদ্ধা সবার অস্ত্র। এ ঘটনা ১৯৭১ সালের ১৩ সেপ্টেম্বর, মুকুন্দপুরে।মুকুন্দপুর ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার অন্তর্গত। জেলা সদরের পূর্ব দিকে ভারত-বাংলাদেশ সীমান্তে। মুক্তিযোদ্ধারা সেদিন বৈদ্যুতিক প্রক্রিয়ায় মুকুন্দপুরে ট্রেন ইঞ্জিন ও কয়েকটি বগি ধ্বংস করেন। তাঁরা খবর পেয়েছিলেন, সেদিন ট্রেনে একদল পাকিস্তানি সেনা থাকবে। এই খবর পেয়ে মুক্তিবাহিনীর ৩ নম্বর সেক্টরের কলকলিয়া/বামুটিয়া সাবসেক্টরের সাবসেক্টর কমান্ডার লেফটেন্যান্ট হেলাল মোরশেদের (বীর বিক্রম, পরে মেজর জেনারেল) নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা মুকুন্দপুরে সেই ট্রেন অ্যামবুশ করেন। এই দলে ছিলেন ওয়াজেদ আলী মিয়া। তিনি ছিলেন বিস্ফোরক দলের প্লাটুন কমান্ডার। মাইন লাগানোর পর মাইনের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ ঘটিয়ে তা টেনে নেওয়া হয় ৩০০ গজ দূরে। সেখানে ছিল রিমোট কন্ট্রোল। এই পদ্ধতি তাঁরা আগে প্রয়োগ করেননি। সেদিনই প্রথম প্রয়োগ করেন। ওই দিন পাকিস্তানি সেনাবাহিনীর প্রায় এক কোম্পানি সেনা আখাউড়া থেকে মুকুন্দপুর হয়ে হরষপুর যাচ্ছিল। মাইন বিস্ফোরণে ট্রেনের ইঞ্জিন ও কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত এবং পাকিস্তানি সেনাবাহিনীর দুজন কর্মকর্তাসহ প্রায় ২৭ সেনা নিহত হয়। এ ঘটনার কয়েক দিন পর মুক্তিযোদ্ধারা খবর পান বিধ্বস্ত ইঞ্জিন এবং ক্ষতিগ্রস্ত বগি ও ওয়াগন সরিয়ে নেওয়ার জন্য সেখানে একটি ক্রেন নিয়ে পাকিস্তানি সেনারা অপেক্ষা করছে। এই খবর পেয়ে ওয়াজেদ আলী মিয়ারা ১৯ সেপ্টেম্বর আবার তিনটি রকেট নিয়ে সেখানে যান। কিন্তু তখন ক্রেনটি সেখানে ছিল না। বিধ্বস্ত ইঞ্জিন ও ক্ষতিগ্রস্ত ওয়াগন রেললাইনে দাঁড় করানো ছিল। পাশে একদল পাকিস্তানি সেনা পাহারায়। ওয়াজেদ আলী মিয়া মৃত্যুভয় উপেক্ষা করে দুজন সহযোদ্ধাকে নিয়ে সাহসিকতার সঙ্গে ইঞ্জিনের ২৫ গজের মধ্যে গিয়ে রকেট দিয়ে ইঞ্জিন সম্পূর্ণরূপে ধ্বংস করে দেন। রকেট নির্ভুল নিশানায় বিস্ফোরিত হয় ইঞ্জিনের মাঝ বরাবর। ওয়াজেদ আলী মিয়া চাকরি করতেন পাকিস্তানি সেনাবাহিনীতে। ১৯৭১ সালে চাকরিরত ছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধযুদ্ধ শেষে প্রথমে যুদ্ধ করেন ৩ নম্বর সেক্টরের কলকলিয়া/বামুটিয়া সাবসেক্টরে। পরে ‘এস’ ফোর্সের অধীনে। একটি যুদ্ধে তিনি সামান্য আহত হন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য ওয়াজেদ আলী মিয়াকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ৯০। ওয়াজেদ আলী মিয়ার পৈতৃক বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার মোল্লাকান্দি গ্রামে। বর্তমানে তিনি ঢাকার বনশ্রী এলাকায় ছেলের সঙ্গে ভাড়া বাড়িতে বাস করেন। তাঁর বাবার নাম সাহেব উদ্দীন মাতুব্বর। মা ছটু বিবি। স্ত্রী সামসুন নাহার। তাঁর এক ছেলে ও দুই মেয়ে। ওয়াজেদ আলী মিয়া বললেন, মুক্তিযুদ্ধের সময় পরিবারের কারও সঙ্গে আমার যোগাযোগ ছিল না। সবাই ধরে নিয়েছিল, আমি মারা গেছি। তখন মৃত্যুচিন্তা আমাকে পিছু হটাতে পারেনি। যুদ্ধে আমার অনেক সহযোদ্ধা শহীদ হয়েছেন। তাঁদের কথা এখনো মনে পড়ে। তাঁরাই ছিলেন আমার জীবনের মূল্যবান সময়ের সঙ্গী।’সূত্র: ওয়াজেদ আলী মিয়া বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর শিবচর (মাদারীপুর) প্রতিনিধি আয়শা সিদ্দিকা এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৩। গ্রন্থনা: তারা রহমান[email protected]