২৩৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ নূর মোহাম্মদ, বীর প্রতীকচোরাগোপ্তা আক্রমণে শহীদ হন তিনিকয়েক ঘণ্টা ধরে যুদ্ধের পর পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী রাজাকারেরা কোণঠাসা। চারদিক থেকে তারা অবরুদ্ধ। পালিয়ে যাওয়ারও আর কোনো পথ নেই। মুক্তিযোদ্ধাদের দলনেতা নূর মোহাম্মদ পাকিস্তানি সেনা ও রাজাকারদের নির্দেশ দিলেন আত্মসমর্পণ করতে। কিছুক্ষণ পর তারা আত্মসমর্পণ করতে থাকল। স্কুলমাঠে আত্মসমর্পণ পর্ব প্রায় শেষ পর্যায়ে। এমন সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেই গুলি এসে লাগল নূর মোহাম্মদ ও তাঁর সহযোদ্ধা আবদুল হামিদের শরীরে। মাটিতে ঢলে পড়লেন তাঁরা। মুহূর্তেই আনন্দ পরিণত হলো শোকে। এ ঘটনা ১৯৭১ সালের। ৭ ডিসেম্বর। সোনাইমুড়িতে।সোনাইমুড়ি নোয়াখালী জেলার অন্তর্গত। বর্তমানে উপজেলা। জেলা সদরের উত্তর-পশ্চিমে সোনাইমুড়ির অবস্থান। এখানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর ছোট একটি ক্যাম্প। সেই ক্যাম্পে তাদের সঙ্গে স্থানীয় রাজাকারেরাও ছিল। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে একদল মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদের নেতৃত্বে সোনাইমুড়ির পাকিস্তানি ক্যাম্পে আক্রমণ করেন। হাইস্কুলে ছিল ক্যাম্প। কয়েক ঘণ্টা ধরে সেখানে যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধারা চারদিক থেকে ঘেরাও করে পাকিস্তানি সেনা ও রাজাকারদের কোণঠাসা করে ফেলেন। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। তখন তাদের মনোবল ভেঙে পড়ে। এ সময় নূর মোহাম্মদ পাকিস্তানি সেনা ও রাজাকারদের আত্মসমর্পণ করার নির্দেশ দেন। প্রথমে তারা অস্বীকৃতি জানালেও শেষ পর্যন্ত রাজি হয়। এরপর তারা একে একে স্কুলমাঠে আত্মসমর্পণ করতে থাকে। স্কুলমাঠে কয়েকজন সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে নূর মোহাম্মদ তা তদারক করছিলেন। এমন সময় লুকিয়ে থাকা এক রাজাকার তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। সেই গুলি সরাসরি তাঁর এবং আরেক সহযোদ্ধা আবদুল হামিদের শরীরে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ নূর মোহাম্মদ ও আবদুল হামিদ মাটিতে ঢলে পড়েন। তখনই তাঁদের জীবনপ্রদীপ নিভে যায়। পরে সহযোদ্ধারা নূর মোহাম্মদের মরদেহ নিয়ে যান তাঁর গ্রামের বাড়িতে। সেখানে মুক্তিযোদ্ধা শামসুল হকের জমিতে তাঁকে সমাহিত করা হয়। নূর মোহাম্মদ চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন চট্টগ্রাম সেনানিবাসে। তখন তাঁর পদবি ছিল হাবিলদার। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সেখান থেকে পালিয়ে নিজ এলাকায় এসে স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যোগ দেন। তাঁদের নেতৃত্বে ছিলেন সুবেদার লুৎফর রহমান। তিনি এক সাক্ষাৎকারে (১৯৭৩) তাঁর কথা বলেছেন। তিনি বলেন, ‘...২৬ এপ্রিল হাবিলদার নূর মোহাম্মদকে সঙ্গে নিয়ে বিপুলাশ্বর স্টেশনের দক্ষিণে এক স্থানে পাকিস্তানিদের অ্যামবুশ করি।...এখানে যুদ্ধে হাবিলদার নূর মোহাম্মদ অত্যন্ত সাহসিকতার পরিচয় দেন। ...১৩ মে বিকেল দুইটায় খবর পেলাম নোয়াখালীর এসডিও (মহকুমা প্রশাসক) দুই গাড়ি পাকিস্তানি সেনাসহ লক্ষ্মীপুরে পরিদর্শনে গেছেন। তাদের প্রত্যাগমনে বাধা দেওয়ার জন্য হাবিলদার নূর মোহাম্মদ এক প্লাটুন মুক্তিযোদ্ধা নিয়ে চন্দ্রগঞ্জের কাছে কোনো এক স্থানে অ্যামবুশ করেন। এ অ্যামবুশে কয়েকজন হতাহত এবং এসডিও সামান্য আহত হয়।’ মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ নূর মোহাম্মদকে মরণোত্তর বীর প্রতীক খেতাব প্রদান করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ১০১।শহীদ নূর মোহাম্মদের পৈতৃক বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দেলিয়াই (বালিয়াধর) গ্রামে। বিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম আবদুর রব পাটোয়ারী, মা আশ্রাফের নেছা, স্ত্রী খোশতারা বেগম, তাঁর এক মেয়ে।শহীদ নূর মোহাম্মদের মেয়ে নাহিদা আক্তার বলেন, ‘১৯৭১ সালে আমার বয়স ছিল এক বছর। বাবাকে দেখিনি। তাঁর বীরত্বের কথা শুনলে বুকটা ভরে যায়। কিন্তু আমি স্বামীর সংসারে দুঃখকষ্টে দিন কাটাচ্ছি। এ জন্য মাঝেমধ্যে বুক ফেঁটে কান্না আসে।’সূত্র: প্রথম আলোর চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি জসিম মাহমুদ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, নবম খণ্ড। গ্রন্থনা: তারা রহমান[email protected]