২৩৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ মো. নূরুল ইসলাম, বীর বিক্রমঅসম যুদ্ধে জীবন দিলেন তিনিমো. নূরুল ইসলামসহ কয়েকজন মুক্তিযোদ্ধা সফলতার সঙ্গে মাইন দিয়ে সড়কসেতু ধ্বংস করলেন। বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। তারপর ফিরে যাচ্ছেন নিজেদের গোপন শিবিরে। হঠাৎ পথে তাঁরা আক্রান্ত হলেন পাকিস্তান সেনাবাহিনী ও তাদের স্থানীয় দোসর রাজাকারদের হাতে। আকস্মিক আক্রমণে বিচলিত হলেন না নূরুল ইসলাম। সহযোদ্ধাদের নিয়ে সাহসিকতার সঙ্গে শত্রুর মোকাবিলা করতে থাকলেন। কিন্তু বেশিক্ষণ পারলেন না। কয়েকটি গুলি এসে বিদ্ধ হলো তাঁর শরীরে। রক্তে ভেসে গেল মাটি। রক্তে রঞ্জিত মাটিতে পড়ে থাকল তাঁর নিষ্প্রাণ দেহ। এ ঘটনা ১৯৭১ সালের ২৪ সেপ্টেম্বরের। কালকিনিতে।মাদারীপুর জেলার অন্তর্গত কালকিনি। বর্তমানে উপজেলা। জেলা সদর থেকে দক্ষিণে কালকিনির অবস্থান। নূরুল ইসলামসহ কয়েকজন মুক্তিযোদ্ধা সেদিন ঢাকা-বরিশাল মহাসড়কের একটি সেতু মাইন দিয়ে ধ্বংস করেন। সেতুটি ছিল কালকিনি-গোপালপুর অংশে। সেতু ধ্বংসের পর তাঁরা ফিরে যাচ্ছিলেন নিজেদের গোপন শিবিরে। কিন্তু তাঁদের দুর্ভাগ্য, তখন কাছাকাছি টহলে ছিল একদল পাকিস্তানি সেনা ও রাজাকার। তারা মাইন বিস্ফোরণের শব্দ শুনে দ্রুত এসে তাঁদের আক্রমণ করে। তাঁরা সংখ্যায় ছিলেন কম। নূরুল ইসলামসহ দু-তিনজন ছাড়া বাকি সবাই স্বল্প প্রশিক্ষণপ্রাপ্ত গণবাহিনীর যোদ্ধা। তাঁদের কাছে আধুনিক অস্ত্রও তেমন ছিল না। অন্যদিকে পাকিস্তানি সেনা ও রাজাকার মিলে সংখ্যায় অনেক। সেনারা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। তার পরও মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে পাকিস্তানি সেনাদের মোকাবিলা করতে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হন। একপর্যায়ে পাকিস্তানি সেনাদের গুলিতে নূরুল ইসলাম শহীদ এবং দু-তিনজন আহত হন। প্রচণ্ড আক্রমণে মুক্তিযোদ্ধারা বিপর্যস্ত হয়ে পড়েন। এই সময় নূরুল ইসলামের সহযোদ্ধারা জীবন বাঁচাতে তাঁর মরদেহ ফেলেই পশ্চাদপসরণ করতে বাধ্য হন। পাকিস্তানি সেনা ও রাজাকাররা তাঁর মরদেহ নিয়ে যায়। পরে সেই মরদেহের আর খোঁজ পাওয়া যায়নি।নূরুল ইসলাম চাকরি করতেন ইপিআরে (ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর, এখন বিজিবি)। ১৯৭১ সালে চাকরিরত ছিলেন ঢাকার পিলখানা ইপিআর সদর দপ্তরে। ২৫ মার্চ রাতে নিরস্ত্র অবস্থায় পিলখানা ইপিআর হাসপাতালে দায়িত্বরত থাকার সময় তিনি আক্রান্ত হন। সেখান থেকে পালিয়ে নিজ এলাকায় এসে মুক্তিযুদ্ধে যোগ দেন। প্রথম দিকে তিনি আহত প্রতিরোধ যোদ্ধাদের সেবা দেন। পরে তাঁদের সঙ্গে ভারতে যান। জুলাই মাসের প্রথম দিকে ভারত থেকে স্বল্প প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের কয়েকটি দল পাঠানো হয় মাদারীপুরে। একটি দলের সঙ্গে তাঁকেও পাঠানো হয়। তাঁরা কালকিনি এলাকায় গোপন শিবির করে গেরিলা কায়দায় অপারেশন করতে থাকেন। পাকিস্তান সেনাবাহিনীর যাতায়াতের পথে অ্যামবুশ পেতে আক্রমণ করে সরে পড়া, টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, মাইন দিয়ে সড়কসেতু ধ্বংস করে যোগাযোগ বিচ্ছিন্ন করা ইত্যাদি অপারেশন তাঁরা করতেন। এরই ধারাবাহিকতায় সেদিন তাঁরা ঢাকা-বরিশাল মহাসড়কের একটি সেতু ধ্বংস করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মো. নূরুল ইসলামকে মরণোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ১০৪। গেজেটে তাঁর নাম মো. নূরুল ইসলাম। প্রকৃত নাম নূরুল ইসলাম শিকদার। মো. নূরুল ইসলামের পৈতৃক বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দক্ষিণ বাঁশগাড়ী (পরিপত্তর) গ্রামে। বিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম লাল মিয়া শিকদার। মা জহুরা বেগম। স্ত্রী ফাতেমা বেগম। তাঁর এক ছেলে ও এক মেয়ে।শহীদ মো. নূরুল ইসলামের ছেলে কাওছার হোসেন বললেন, ‘দেশের স্বাধীনতার জন্য আমার বাবা জীবন উৎসর্গ করেছেন। এ জন্য আমি গর্ব বোধ করি। আমার চাচারা আমাদের জন্য অনেক কিছু করেছেন। কারও কাছে করুণা ভিক্ষা করতে হয়নি।’সূত্র: প্রথম আলোর কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি খায়রুল আলম, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর-৮।গ্রন্থনা: তারা রহমান[email protected]