২৩৮স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ সিরাজুল হক, বীর বিক্রমবড় কষ্টে আছে বীর বিক্রমের পরিবারএই প্রতিবেদনের জন্য শহীদ সিরাজুল হকের বাড়িতে গিয়ে যে চিত্র দেখা গেছে তার বর্ণনা লিখে শেষ করা যাবে না। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর উদিত হয় আমাদের আলো ঝলমল স্বাধীনতা। কিন্তু সিরাজুল হকের পরিবারে নেমে আসে ঘোর অন্ধকার। চল্লিশ বছরেও পরিবারটি আলোর মুখ দেখেনি। স্বাধীনতার পর পরই সিরাজুল হকের শোকগ্রস্ত বাবা-মা মারা যান। তাঁর স্ত্রী শরীফা খাতুন মানুষের বাড়িঘরে কাজ করে একমাত্র ছেলেকে কোনো রকমে লালন-পালন করলেও লেখাপড়া করাতে পারেননি। মুক্তিযুদ্ধের সময় ছেলের বয়স ছিল এক বছর। ছেলের যখন বারো-তের বছর বয়স, তখন শরীফা খাতুন একজনকে বলে ছেলেকে ট্রাকের হেলপারের কাজে লাগিয়ে দেন। ছেলের আয়ে কোনো রকমে তাঁর সংসার চলতে থাকে। ১৯৯৬ সালের পর তিনি পেনশন ও রেশন পেতে শুরু করেন। এতে পরিবারে কিছুটা স্বস্তি আসে। ১৯৯৯ সালে শরীফা খাতুন মারা যান। তখন পেনশন ও রেশন বন্ধ হয়ে যায়। পরে ছেলে ট্রাক চালানো শুরু করেন। কিন্তু বেশিদিন চালাতে পারেননি। হাশেম কয়েক বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত। এখন তাঁর উপার্জন নেই। সন্তানদের ভরণপোষণে অসুস্থ হাশেম মানুষের দুয়ারে হাত পাতলেও কেউ তাঁকে সহায়তায় এগিয়ে আসেনি। হাশেম পৈতৃক এক শতক জমিতে ভাঙা দোচালা ঘরে স্ত্রী ও সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাঁর সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো কথা বলতে পারেননি। ফ্যালফ্যাল করে শুধু কাঁদতে থাকেন। হাশেমের স্ত্রী রহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানালেন, অসুস্থ স্বামী ও সন্তানদের মুখে আহার জোগাতে তিনি কখনো মানুষের বাড়িতে কাজ, কখনো ভিক্ষাবৃত্তির কাজ করেন। দরিদ্র কৃষকের সন্তান সিরাজুল হকও কৃষিকাজ করতেন। তাঁর অনিয়মিত মুজাহিদ বাহিনীর প্রশিক্ষণ নেওয়া ছিল। ১৯৭১ সালে তাঁর বয়স ছিল ২৭-২৮। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ঘরে বসে থাকেননি। ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রথমে নিজ এলাকা চৌদ্দগ্রামে প্রতিরোধ যুদ্ধ করেন। প্রতিরোধ যুদ্ধকালে চৌদ্দগ্রামে বেশ কয়েকটি যুদ্ধ হয়। ১৪ মে ভোরে পাকিস্তান সেনাবাহিনীর ৩৯ বালুচ রেজিমেন্টের একাংশ চৌদ্দগ্রাম বাজার আক্রমণ করে। তখন সেখানে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। সিরাজুল হক এই যুদ্ধে অংশ নিয়ে সাহসী ভূমিকা রাখেন। যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর ৩০-৩৫ জন নিহত হয়। মুক্তিবাহিনীর আটজন শহীদ হন। এরপর ২৬ মে, ২৯ মে, ৩০ মে তারিখে সেখানে আবার যুদ্ধ হয়। চৌদ্দগ্রামের পতন হলে সিরাজুল হক প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ভারতে যান। সেখানে তাঁকে নিয়মিত মুক্তিবাহিনীর চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়। এরপর তিনি যুদ্ধ করেন দুই নম্বর সেক্টরের মন্দভাগ সাব-সেক্টরে। এই সাব-সেক্টর এলাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার মন্দভাগ রেলস্টেশন থেকে কুটি পর্যন্ত বিস্তৃত ছিল। বায়েক, জাইমপুর, কসবা থানার অংশবিশেষ নিয়ে গঠিত মন্দভাগ সাব-সেক্টরে অসংখ্য যুদ্ধ সংঘটিত হয়। সেপ্টেম্বর মাসে একদিন (সঠিক তারিখ জানা যায়নি) মন্দভাগ এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক বড় যুদ্ধ হয়। সেদিন এক বাংকারে সিরাজুল হকসহ তাঁর তিন সহযোদ্ধা অবস্থান নিয়ে সাহসিকতার সঙ্গে পাকিস্তানি সেনাদের আক্রমণ প্রতিহত করছিলেন। এক পর্যায়ে পাকিস্তানি সেনারা ওই বাংকার চিহ্নিত করে সেখানে মর্টারের গোলাবর্ষণ করে। গোলার আঘাতে সিরাজুল হকসহ চারজনই শহীদ হন। পরে অন্য সহযোদ্ধারা তাঁদের মরদেহ উদ্ধার করে ভারতে নিয়ে যান। মেলাঘরে মুক্তিযোদ্ধা ক্যাম্পের পাশে তাঁদের সমাহিত করা হয়।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ সিরাজুল হককে মরণোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্ব ভূষণ সনদ নম্বর ৮৭। সিরাজুল হকের পৈতৃক বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের কাপড়চতলী গ্রামে। তাঁর বাবার নাম লাল মিয়া, মা হাজেরা খাতুন। সিরাজুল হকের ছবি পাওয়া যায়নি। কারও কাছে তাঁর ছবি নেই।সূত্র: প্রথম আলোর চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি এম এ কুদ্দুস এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২। গ্রন্থনা: তারা রহমান tৎৎ[email protected]