২৩৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মেজবাহউদ্দীন আহমেদ, বীর বিক্রমঅসমসাহসী এক যোদ্ধার কথাসকাল আটটা বাজার আগেই মেজবাহউদ্দীন আহমেদের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা আকস্মিক আক্রমণ চালালেন পাকিস্তান সেনাবাহিনীর অবস্থানে। তাঁদের আক্রমণে প্রথমেই নিহত হলো পাকিস্তানি সেনাদের দলনেতাসহ (কোম্পানি কমান্ডার) দুই-তিনজন। এরপর পাকিস্তানি সেনারা পেছন দিকে সরে যেতে থাকল। প্রায় এক হাজার গজ পিছিয়ে অবস্থান নিল একটি গ্রামের ধারে। পশ্চাৎপসরণের সময় মুক্তিযোদ্ধাদের হাতে হতাহত হলো আরও কয়েকজন পাকিস্তানি সেনা। এ ঘটনা ১৯৭১ সালের ২০ বা ২১ নভেম্বর। হাতীবান্ধার বড়খাতায়।হাতীবান্ধা লালমনিরহাট জেলার অন্তর্গত থানা (বর্তমানে উপজেলা)। এর পূর্ব ও উত্তর কোণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা। পশ্চিম দিকে তিস্তা নদী। পাটগ্রাম থেকে রেল ও সড়কপথ হাতীবান্ধার ওপর দিয়ে লালমনিরহাটের সঙ্গে যুক্ত। হাতীবান্ধার বড়খাতা ও থানা সদরে ছিল পাকিস্তান সেনাবাহিনীর শক্ত প্রতিরক্ষা অবস্থান। সেখানে কয়েকবার মুক্তিবাহিনী আক্রমণ চালিয়ে ব্যর্থ হয়। নভেম্বর মাসের মাঝামাঝি মুক্তিযোদ্ধারা আবার সেখানে আক্রমণের জন্য প্রস্তুতি নিতে থাকেন। পরিকল্পনা অনুযায়ী, ২০-২১ নভেম্বর মুক্তিযোদ্ধারা থানা সদর ও বড়খাতায় আক্রমণের জন্য সীমান্ত এলাকা থেকে রওনা দেন। একটি দলের নেতৃত্বে থাকেন মেজবাহউদ্দীন আহমেদ। তাঁদের সার্বিক নেতৃত্বে ছিলেন সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মতিউর রহমান (বীর বিক্রম)। সেদিন ছিল ঈদের দিন। সকাল আটটায় একযোগে তাঁরা অতর্কিতে আক্রমণ চালান। দিনের আলোয় ওই সময় আক্রমণের জন্য উপযোগী ছিল না। মুক্তিযোদ্ধারা ভেবেছিলেন, ঈদের দিনে পাকিস্তানি সেনারা কিছুটা রিলাক্স করবে। ওই সুযোগে তাঁদের আক্রমণ সফল হবে। কিন্তু তা ঘটেনি। পাকিস্তানিরা পুরোপুরি সতর্কই ছিল। আরেকটি ঘটনা, সেদিন ক্যাম্পে পাকিস্তানি সেনা বদল হচ্ছিল। অর্থাৎ নতুন দল লালমনিরহাট থেকে এসে সেখানে অবস্থান নিচ্ছিল। সেখানে যারা ছিল তারা লালমনিরহাটে যাচ্ছিল। এমন সময়ই মুক্তিযোদ্ধারা সেখানে আক্রমণ করেন। আকস্মিক আক্রমণে প্রথমেই পাকিস্তানি সেনাবাহিনীর দলনেতাসহ (কোম্পানি কমান্ডার) কয়েকজন নিহত হয়। এরপর ভীতসন্ত্রস্ত পাকিস্তানি সেনারা পিছু হটতে থাকে। এই সুযোগে সাহসী মেজবাহউদ্দীনের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর বড়খাতা ঘাঁটি দখল করে ফেলেন। কয়েক দিন ধরে সেখানে যুদ্ধ হয়। ২৪ নভেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর দল হাতীবান্ধা থেকে পালিয়ে যায়।মেজবাহউদ্দীন আহমেদ ১৯৭১ সালে ব্যবসা করতেন। সামরিক প্রশিক্ষণপ্রাপ্তও ছিলেন। ১৯৬৮ সালে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাডেট অফিসার হিসেবে যোগ দিয়ে কারকুনে প্রশিক্ষণ নেন। কিন্তু তাঁকে সেনাবাহিনীতে কমিশন দেওয়া হয়নি। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধযুদ্ধ শেষে ভারতের সাহেবগঞ্জে কিছুদিন প্রশিক্ষক হিসেবে কাজ করেন। পরে যুদ্ধ করেন ছয় নম্বর সেক্টরের পাটগ্রাম সাবসেক্টরে। বড়খাতা, পাটগ্রামসহ আরও কয়েকটি স্থানে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। পাটগ্রাম সাবসেক্টরের অধিনায়ক ক্যাপ্টেন মতিউর রহমান (বীর বিক্রম) এক সাক্ষাৎকারে (১৯৮০) মেজবাহউদ্দীন আহমেদের বীরত্বের কথা বলেছেন। তিনি বলেন, ‘ফারুকের (মেজবাহউদ্দীন আহমেদ) মতো সাহসী ছেলে আমি কম দেখেছি।...একটি অপারেশনের কথা আমার মনে আছে। পাকিস্তানিদের ডিফেন্সের সামনে মাইনফিল্ড ছিল। আমাদের অ্যাটাকিং ফোর্স লে. ফারুকের কমান্ডে মাইনফিল্ড অতিক্রম করে পাকিস্তানি সেনাদের বাংকারের ওপর চলে গিয়েছিল।’ ৫ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত করার পর মেজবাহউদ্দীন তাঁর দল নিয়ে অগ্রসর হন রংপুরের দিকে। ১৬ ডিসেম্বর রংপুর পুলিশ লাইন দখল করে তিনি সেখানে পতাকা ওড়ান।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মেজবাহউদ্দীন আহমেদকে বীর বিক্রম খেতাব প্রদান করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ২৪।মেজবাহউদ্দীন আহমেদের পৈতৃক বাড়ি রংপুর জেলা শহরের ধাপে। সেখানে তিনি থাকেন না। বর্তমানে বসবাস করেন ঢাকার ১৭ পূর্ব রাজাবাজারে। তাঁর বাবার নাম (ডা.) আইন উদ্দীন আহমেদ, মা জাহানারা বেগম। স্ত্রী কানিজ আহমেদ। তাঁদের তিন মেয়ে। মেজবাহউদ্দীন আহমেদ স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন।মেজবাহউদ্দীন আহমেদ বললেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার মাধ্যমে নতুন প্রজন্ম দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে।’ সূত্র: মেজবাহউদ্দীন আহমেদ বীর বিক্রমের সাক্ষাৎকার; নিয়েছেন মুক্ত আসরের মহিউদ্দীন শেখ ও ওমর ফারুক এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, দশম খণ্ড।গ্রন্থনা: তারা রহমান[email protected]