তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪১স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।এম এ সরকার, বীর প্রতীকরণাঙ্গনে একা তবু দমেননিএম এ (মাহতাব আলী) সরকারের নেতৃত্বে ১১ জন মুক্তিযোদ্ধা আক্রমণ করলেন পাকিস্তান সেনাবাহিনীর ছোট একটি ক্যাম্পে। পাকিস্তানি সেনারাও বসে থাকল না। পাল্টা আক্রমণ চালাল। তুমুল রক্তক্ষয়ী যুদ্ধ চলতে থাকল। কয়েক ঘণ্টা যুদ্ধের পর এম এ সরকার দেখতে পেলেন, তাঁর বেশির ভাগ সহযোদ্ধা পাকিস্তানি সেনাদের গুলিতে শহীদ হয়েছেন। তা দেখে দমে গেলেন না তিনি ও তাঁর বাকি সহযোদ্ধারা। সাহসিকতার সঙ্গে যুদ্ধ করতে থাকলেন। একপর্যায়ে তিনি একা হয়ে গেলেন। এ ঘটনা মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে। নভেম্বর মাসের শেষ দিকে। তুষভান্ডারে।তুষভান্ডার লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার (বর্তমানে উপজেলা) অন্তর্গত। ১৯৭১ সালে এখানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর ছোট একটি ঘাঁটি। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে নভেম্বর মাসের শেষ দিকে পাটগ্রাম, বড়খাতা ও হাতীবান্ধা মুক্ত করার পর মুক্তিযোদ্ধারা এগিয়ে যেতে থাকেন লালমনিরহাটের দিকে। মিত্রবাহিনীর সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের বড় অংশ অগ্রসর হয় লালমনিরহাটের উদ্দেশে। ছোট অংশ যায় তুষভান্ডার মুক্ত করতে। মুক্তিযোদ্ধারা কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন দিক থেকে তুষভান্ডার আক্রমণ করার জন্য রওনা হন। একটি দলের নেতৃত্বে ছিলেন এম এ সরকার। তিনি তাঁর দল নিয়ে সবার আগে গিয়ে সেখানে আক্রমণ করেন। মুক্তিযোদ্ধাদের অন্যান্য দল তখনো বেশ দূরে ছিল। এম এ সরকারসহ তাঁর দলের মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে পাকিস্তানিদের ওপর ঝাঁপিয়ে পড়েন। তখন তাঁরা পাকিস্তানি সেনাদের প্রবল বাধার সম্মুখীন হন। তাঁর দলের মুক্তিযোদ্ধারা ছিলেন স্বল্প প্রশিক্ষণপ্রাপ্ত। যুদ্ধবিদ্যায় তাঁরা তেমন পারদর্শী ছিলেন না। পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাধুনিক অস্ত্রের গুলিতে তাঁরা একে একে শহীদ হতে থাকেন। একপর্যায়ে অবস্থা এমন দাঁড়ায়, তাঁর দলের একমাত্র তিনিই বেঁচে থাকেন। এ অবস্থায়ও তিনি মনোবল না হারিয়ে যুদ্ধ করতে থাকেন। তখন তিনি একটি কৌশল প্রয়োগ করেন। বারবার স্থান পরিবর্তন করে গুলি করতে থাকেন। এতে পাকিস্তানি সেনারা কিছুটা বিভ্রান্ত হয়। এর মধ্যে মুক্তিযোদ্ধাদের অন্য দল সেখানে এসে পাকিস্তানি ঘাঁটির ওপর প্রচণ্ড আক্রমণ করেন। তাঁদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীও লাঠিসোঁটা নিয়ে যোগ দেন। এ সময় পাকিস্তানি সেনাদেরও গোলাগুলি প্রায় শেষ হয়ে যায়। তখন তারা মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর তারা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে।এম এ সরকার ১৯৭১ সালে এইচএসসি ক্লাসের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি কৃষি কাজও করতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধযুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার পর ভারতে যান। সেখানে প্রশিক্ষণ নিয়ে প্রথমে যুদ্ধ করেন সাহেবগঞ্জ সাব-সেক্টরে। পরে পাটগ্রাম সাব-সেক্টরে। হাতীবান্ধা, কাকিনা, বড়খাতাসহ বেশ কয়েকটি যুদ্ধে তিনি অংশ নেন। তিনি মুক্তিবাহিনীর একটি দলের (সেকশন) দলনেতা ছিলেন।মুক্তিযুদ্ধে বিশেষত তুষভান্ডারের যুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য এম এ সরকারকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ৩৬৩। গেজেটে নাম এম এ সরকার। তাঁর প্রকৃত নাম মাহতাব আলী সরকার।মাহতাব আলী সরকারের পৈতৃক বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বাংলাপাড়া গ্রামে। ১৯৭৭ সালে তিনি মারা গেছেন। তাঁর বাবার নাম বশিরউদ্দিন সরকার, মা সখিমননেছা। স্ত্রী মঞ্জুয়ারা বেগম। তাঁর এক ছেলে। মঞ্জুয়ারা বেগম বললেন, ‘খুব কষ্ট করে জীবন চলছে। দু-একজন ছাড়া আমাদের খোঁজখবর কেউ রাখে না।’ তিনি আরও জানালেন, ২০০৪ সাল থেকে তিনি তাঁর স্বামীর মুক্তিযোদ্ধাভাতা দুই হাজার টাকা পাচ্ছেন।সূত্র: প্রথম আলোর রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক এবং বাংলাশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৬।গ্রন্থনা: তারা রহমান[email protected]