তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ নীলমণি সরকার, বীর বিক্রমএক কিশোর বীর যোদ্ধার কথাসিলেট সদর উপজেলার কুচাই ইস্রাব আলী উচ্চবিদ্যালয়ের ছাত্র নীলমণি সরকার (বিশ্বাস) ১৯৭১ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষার আগেই শুরু হয় মুক্তিযুদ্ধ। পাকিস্তান সেনাবাহিনী সিলেটে সংখ্যালঘু হিন্দুদের বেছে বেছে হত্যা শুরু করলে বেশির ভাগ হিন্দু পরিবার ভারতে চলে যায়। নীলমণির আত্মীয়স্বজন সবাই চলে গেলেও কয়েকটি পরিবার থেকে যায়। চৈত্র মাসের শেষ দিকে (এপ্রিল মাসের প্রথম সপ্তাহ) একদিন কিশোর নীলমণিদের গ্রামে পাকিস্তান সেনাবাহিনীর একটি দল আক্রমণ করে। পাকিস্তানি সেনারা কয়েজন সংখ্যালঘুকে হত্যা করে। সেদিন নীলমণি ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে রক্ষা পান। এরপর তাঁর পরিবার ভারতে চলে যায়। সেখানে নীলমণি মুক্তিবাহিনীতে নাম দেন। কিন্তু তাঁকে প্রথমে মুক্তিবাহিনীতে নেওয়া হয়নি। অনেক অনুনয়-বিনয়ের পর তাঁকে মুক্তিবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। ভারতের শিলচরের ধালচরা ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়ার পর নীলমণি যুদ্ধ করেন চার নম্বর সেক্টরের আমলাসিদ সাব-সেক্টরে। এই সাব-সেক্টরের অধীন ছিল কানাইঘাট ও পার্শ্ববর্তী এলাকা। এই অঞ্চলে ছিল সুরমা নদীসহ আরও কয়েকটি ছোট ছোট নদী এবং অসংখ্য খালবিল ও ছোট ছোট পাহাড়। প্রাকৃতিক এসব প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে মুক্তিবাহিনীর স্বল্প প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে অ্যামবুশ, রেইড, ডিমোলিশন, আকস্মিক আক্রমণ ইত্যাদি চালিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হন। নীলমণি বেশ কয়েকটি অপারেশনে অংশ নেন। এর মধ্যে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে কানাইঘাটের যুদ্ধ অন্যতম। এই যুদ্ধে নীলমণি শহীদ হন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্মরণীয় ও উল্লেখযোগ্য কানাইঘাটের যুদ্ধ। কানাইঘাট সিলেট জেলার অন্তর্গত থানা (বর্তমানে উপজেলা)। যখন মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সিলেট অভিমুখে অগ্রাভিযানের জন্য কানাইঘাট মুক্ত করা ছিল জরুরি; কানাইঘাটে পাকিস্তানিরা তখন শক্ত প্রতিরক্ষা অবস্থান তৈরি করে। মুক্তিবাহিনীর কয়েকটি দল কানাইঘাটে আক্রমণ করে। মূল পরিকল্পনা অনুযায়ী লেফটেন্যান্ট গিয়াস ও লেফটেন্যান্ট জহিরের নেতৃত্বে দুই কোম্পানি মুক্তিযোদ্ধা দরবস্ত-কানাইঘাট এবং চরঘাট-কানাইঘাট সড়কের ওপর ব্লকিং পজিশন করার জন্য অগ্রসর হয়। নীলমণি ছিলেন লেফটেন্যান্ট জহিরের নেতৃত্বাধীন দলে। এই দলের বেশিরভাগ মুক্তিযোদ্ধাই ছিলেন স্বল্প প্রশিক্ষণপ্রাপ্ত। তাঁরা অগ্রসর হওয়ার পথে পাকিস্তানি সেনাদের আকস্মিক আক্রমণের মুখে পড়েন। প্রচণ্ড গোলাগুলির কারণে মুক্তিযোদ্ধাদের অগ্রযাত্রা স্থবির হয়ে পড়ে এবং সেখানে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যায়। নীলমণিসহ কয়েকজনের সাহসিকতার পরও মুক্তিযোদ্ধারা সামনে এগোতে ব্যর্থ হন। পাকিস্তান সেনাবাহিনীর গোলাগুলিতে শহীদ ও আহত হন বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা। যুদ্ধের একপর্যায়ে বাংকারে থাকা নীলমণি মাথা তুলে পাকিস্তানি সেনাদের অবস্থানে গ্রেনেড নিক্ষেপের চেষ্টা করেন। এমন সময় গুলি এসে লাগে তাঁর মাথায়। মাটিতে ঢলে পড়েন তিনি। এভাবেই শহীদ হন কিশোর নীলমণি। পরে তাঁর মরদেহ সমাহিত করা হয় কানাইঘাটেই।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ নীলমণিকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ১৫৩। গেজেটে নাম নীলমণি সরকার। প্রকৃত নাম নীলমণি বিশ্বাস।শহীদ নীলমণি বিশ্বাসের পৈতৃক বাড়ি সিলেট জেলার সদর উপজেলার পালপুর গ্রামে। তিন বোন ও পাঁচ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। অবিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম অতুল বিশ্বাস। মা মনোদা বিশ্বাস।নীলমণি বিশ্বাসের ছোট ভাই বাদল বিশ্বাস বলেন, ‘দাদার কথা তাঁর সহযোদ্ধাদের কাছে অনেক শুনেছি। তাঁরা কয়েকজন আমাকে বলেন, সিলেটের জকিগঞ্জের এক অপারেশনে গিয়ে তাঁরা পাকিস্তানি সেনাবাহিনীর অতর্কিত আক্রমণের মুখে পড়েন। তখন দাদার উপস্থিত বুদ্ধির কারণে তাঁরা ১২ জন মুক্তিযোদ্ধা প্রাণে বেঁচে যান।’ শহীদ নীলমণি বিশ্বাসের ছবি পাওয়া যায়নি। সূত্র: প্রথম আলোর সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস। সেক্টর ৪। গ্রন্থনা: তারা রহমান [email protected]