২৪৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ এলাহী বক্স, পাটোয়ারী বীর বিক্রমঅসীম মনোবল নিয়ে যুদ্ধ করেছিলেন তিনিমুক্তিযোদ্ধাদের গোপন শিবিরে অতর্কিত আক্রমণ করল পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী রাজাকাররা। শিবিরে তখন মাত্র তিনজন মুক্তিযোদ্ধা। এলাহী বক্স পাটোয়ারী, নূরুল ইসলাম ও আবদুল মান্নান। বাকি সহযোদ্ধারা দূরে একটি অপারেশনে গেছেন। আকস্মিক আক্রমণে তিন মুক্তিযোদ্ধা ভেঙে পড়লেন না। সাহসিকতার সঙ্গে মরণপণ লড়াই করতে থাকলেন। অসম এই যুদ্ধে শেষ পর্যন্ত এলাহী বক্স পাটোয়ারী আহত এবং তাঁর দুই সহযোদ্ধা শহীদ হন। এ ঘটনা ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসের শেষ দিকে। চাঁদপুরে।জুলাই মাসের মাঝামাঝি ২ নম্বর সেক্টরের একদল মুক্তিযোদ্ধা চাঁদপুরে গেরিলা অপারেশন করতে ভারত থেকে এসে অবস্থান নেন জেলার হাইমচর উপজেলায়। তাঁরা গোপন শিবির স্থাপন করেন গাজীপুর ইউনিয়নের বাজাপ্তী গ্রামে। তাঁরা বেশ কয়েকটি অপারেশন করেন। তৎপরতা বৃদ্ধি পেলে পাকিস্তানি সেনারা রাজাকারদের সহায়তায় তাঁদের গোপন শিবিরের সন্ধান পেয়ে যায়। ৩০ আগস্ট পাকিস্তান সেনাবাহিনীর একটি দল চাঁদপুর থেকে বাজাপ্তী গ্রামের উদ্দেশে রওনা হয়। তাদের আসার খবর মুক্তিযোদ্ধারা আগেই পেয়ে যান। মুক্তিযোদ্ধারা বেড়ি বাঁধের পাশে অবস্থান নিয়ে পাকিস্তানি সেনাদের আক্রমণ করেন। অনেকক্ষণ যুদ্ধের পর পাকিস্তানিরা চলে যায়। এরপর মুক্তিযোদ্ধারা তাঁদের গোপন শিবির স্থানান্তর করেন রাঘবপুরের মজুমদার বাড়িতে। ১৮ বা ১৯ সেপ্টেম্বর সহযোগী রাজাকারদের সঙ্গে নিয়ে এক দল পাকিস্তানি সেনা সেখানে আকস্মিকভাবে হানা দেয়। সেদিন শিবিরে এলাহী বক্স পাটোয়ারীসহ মাত্র তিনজন মুক্তিযোদ্ধা অবস্থান করছিলেন। আকস্মিক আক্রমণে বিপর্যস্ত তিন মুক্তিযোদ্ধা মনোবল না হারিয়ে পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেন। তাঁরা বীরত্বের সঙ্গে পাকিস্তানিদের ঠেকিয়ে রাখেন। যুদ্ধে এলাহী বক্স পাটোয়ারীর দুই সহযোদ্ধা শহীদ এবং তিনি আহত হন। গুলিতে তাঁর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তিনি কোনো রকমে সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে (বাজাপ্তী গ্রামে) যান। সেখানে চিকিৎসাধীন ছিলেন। ২১ সেপ্টেম্বর গভীর রাতে এক দল পাকিস্তানি সেনা গানবোটযোগে এসে তাঁর বাড়ি ঘেরাও করে। দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে আটক করে নদীর তীরে নিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে চলে যায়। ব্রাশফায়ারে ঝাঁঝরা এলাহী বক্স পাটোয়ারীর নিষ্প্রাণ মরদেহ কয়েক ঘণ্টা পড়ে থাকে নদীর তীরে। পরদিন পরিবারের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করে পারিবারিক কবরস্থানে সমাহিত করেন।এলাহী বক্স পাটোয়ারী আনসার বাহিনীতে চাকরি করতেন। প্লাটুন কমান্ডার ছিলেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। চাঁদপুরের পতন হলে ভারতে যান। সেখানে নিয়মিত মুক্তিবাহিনীর চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়। জুলাই মাসে দেশের ভেতর পাকিস্তানি সেনাবাহিনীর ওপর গেরিলা আক্রমণ চালানোর জন্য ২ নম্বর সেক্টর থেকে মুক্তিবাহিনীর স্বল্প প্রশিক্ষণপ্রাপ্ত গণযোদ্ধাদের চাঁদপুরে পাঠানো হয়। তাঁদের সঙ্গে ছিলেন এলাহী বক্স পাটোয়ারীসহ নিয়মিত মুক্তিবাহিনীর কয়েকজন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ এলাহী বক্স পাটোয়ারীকে মরণোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭২ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ৯০।শহীদ এলাহী বক্স পাটোয়ারীর পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার বাজাপ্তী গ্রামে। বিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম মফিজউদ্দিন পাটোয়ারী, মা জীবনেন নেছা, স্ত্রী লুৎফা বেগম। তাঁর এক ছেলে পাঁচ মেয়ে। ১৯৮৯ সালে বাজাপ্তী গ্রাম মেঘনা নদীতে বিলীন হয়ে যায়। বর্তমানে তাঁর স্ত্রী ও ছেলে একই উপজেলার উত্তর আলগী গ্রামে বসবাস করেন। ছেলে শাহ আলম পাটোয়ারী চেষ্টা করেও কোথাও চাকরি পাননি। হাইমচরে তাঁর নামে কোনো স্মৃতিস্মারক নেই। আনসার ভিডিপি কর্তৃপক্ষ শফিপুর আনসার একাডেমির প্রশিক্ষণ ইনস্টিটিউটের নামকরণ করেছে তাঁর নামে।সূত্র: প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, হীরা পারভেজ (পরিচালক, আনসার ভিডিপি) এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২।গ্রন্থনা: তারা রহমান[email protected]