২৪৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুর রাজ্জাক, বীর প্রতীকনির্ভীক এক যোদ্ধার কথারাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে আবদুর রাজ্জাকসহ একদল মুক্তিযোদ্ধা এগিয়ে যেতে থাকলেন সামনে। সামনেই জলপথ। সেখানে পৌঁছে তাঁরা দ্রুত নৌকায় উঠে পড়লেন। অনেকগুলো নৌকা। সেগুলো এগিয়ে যেতে থাকল। লক্ষ্যস্থলের কাছাকাছি পৌঁছেছেন, এমন সময় বৃষ্টির মতো গুলি। হুড়োহুড়িতে কয়েকটি নৌকা ডুবে গেল। গুলিবিদ্ধ হয়ে হতাহত হলেন বেশ কয়েকজন। চারদিকে পানি। কোথাও শুকনো স্থান নেই যে সেখানে গিয়ে তাঁরা অবস্থান নিয়ে পাল্টা আক্রমণ চালাবেন। আবদুর রাজ্জাকের অনেক সহযোদ্ধা পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে অসহায়ভাবে শহীদ ও আহত হলেন। এ ঘটনা ১৯৭১ সালের, ১৪ অক্টোবর সকালে। টেংরাটিলায়। টেংরাটিলা সিলেট জেলার অন্তর্গত। পার্শ্ববর্তী ছাতকে ছিল পাকিস্তান সেনাবাহিনীর শক্ত একটি প্রতিরক্ষা অবস্থান। সুরমা নদীর তীরে ছাতক সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থান। ১২ অক্টোবর মুক্তিবাহিনীর প্রধান কর্নেল এম এ জি ওসমানী (পরে জেনারেল) নিয়মিত মুক্তিবাহিনীর তৃতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টকে ছাতকে আক্রমণের নির্দেশ দেন। তাঁর নির্দেশ পেয়ে প্রয়োজনীয় রেকি ও পরিকল্পনা ছাড়াই তারা আক্রমণ করেন। মূল আক্রমণকারী দল হিসেবে থাকে আলফা ও ব্রাভো কোম্পানি। আক্রমণের সময় দোয়ারাবাজার হয়ে ওয়াপদার বেড়িবাঁধ ধরে যাতে পাকিস্তান সেনাবাহিনীর কোনো রি-এনফোর্সমেন্ট না আসতে পারে সে জন্য টেংরাটিলা নামক স্থানে অবস্থান নিয়ে চার্লি কোম্পানিকে কাট অব পার্টি হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়। এই কোম্পানিতে ছিলেন আবদুর রাজ্জাক। তাঁরা ১৩ অক্টোবর রাতে সীমান্তের ওপারের বাঁশতলা ক্যাম্প থেকে রওনা হন। বাঁশতলা ক্যাম্প ছিল মুক্তিবাহিনীর ৫ নম্বর সেক্টরের শেলা সাব সেক্টরের অধীন। ওই সাব সেক্টরের প্রদত্ত তথ্য অনুযায়ী সেদিন সকাল পর্যন্ত টেংরাটিলায় পাকিস্তানি সেনাবাহিনী ছিল না। মুক্তিযোদ্ধারা সীমান্ত অতিক্রম করে কিছু পথ হেঁটে যান। তারপর নৌকায় করে ভোরে টেংরাটিলায় যাওয়ামাত্র পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের মুখে পড়েন। পাকিস্তানিরা সব কয়টি নৌকার ওপর একযোগে গুলি করতে থাকে। এমন পরিস্থিতির জন্য মুক্তিযোদ্ধারা প্রস্তুত ছিলেন না। চারদিকে ছিল গভীর পানি। বেশির ভাগ নৌকা ডুবে যায়। অনেক মুক্তিযোদ্ধা সাঁতার জানতেন না। তখন যুদ্ধের বদলে প্রাণ বাঁচানোই তাঁদের জন্য মুখ্য হয়ে পড়ে। অস্ত্র ফেলে অনেকে সাঁতরে নিরাপদস্থানে যেতে থাকেন। চরম প্রতিকূলতার মধ্যে আবদুর রাজ্জাকসহ কয়েকজন ভয় না পেয়ে পানির মধ্যে থেকেই পাল্টা গুলি করেন। ওই সুযোগে অনেক মুক্তিযোদ্ধা নিরাপদস্থানে যেতে সক্ষম হন। সেদিন পাকিস্তান সেনাবাহিনীর আকস্মিক আক্রমণে মুক্তিবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ২২ জন মুক্তিযোদ্ধা শহীদ ও ২৫-২৬ জন আহত হন। আবদুর রাজ্জাক পাকিস্তান সেনাবাহিনীর তৃতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টে চাকরি করতেন। ১৯৭১ সালে এই রেজিমেন্টের অবস্থান ছিল সৈয়দপুর সেনানিবাস। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধ যুদ্ধশেষে ভারতে যান। পরে জেড ফোর্সের অধীনে যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবদুর রাজ্জাককে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ১১৯।আবদুর রাজ্জাক ১৯৮৯ সালের ১ সেপ্টেম্বর এক সড়ক দুর্ঘটনায় আহত হন। রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাকালে ২৯ সেপ্টেম্বর মারা যান। তাঁর পৈতৃক বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ছয়ানী টগবা গ্রামে। তাঁর বাবার নাম জবেদউল্লা ভুঁইয়া। মা রোকেয়া বানু। স্ত্রী রোকেয়া বেগম। তাঁর দুই ছেলে, চার মেয়ে। আবদুর রাজ্জাকের বড় ছেলে রোকনুদৌলা বললেন, ‘বাবার জন্য আমরা গর্বিত। কিন্তু আমরা এখন বেশ সমস্যায় আছি। কয়েকজন স্থানীয় ভূমিদস্যু আমাদের হয়রানি করছে। সন্ত্রাসীরা আমাদের হুমকি-ধমকি দিচ্ছে।’ সূত্র: প্রথম আলোর চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি মো. জসিম মাহমুদ এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস। গ্রন্থনা: তারা রহমান[email protected]