২৪৮স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ নূরুল ইসলাম, বীর বিক্রমবিপদেও অবিচল ছিলেন এই যোদ্ধাকয়েক ঘণ্টা যুদ্ধের পর পাকিস্তানি সেনারা পালিয়ে গেল। যাওয়ার সময় তারা ফেলে গেল অনেক অস্ত্রশস্ত্র ও সহযোদ্ধাদের লাশ। অধিনায়কের নির্দেশে মুক্তিযোদ্ধারা সেগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন, এমন সময় হঠাৎ গোলাগুলি। পাকিস্তান সেনাবাহিনীর নতুন একটি দল দ্রুত সেখানে এসে তাঁদের ওপর আক্রমণ করেছে। নূরুল ইসলামসহ তাঁর কয়েকজন সহযোদ্ধা এবং তাঁদের অধিনায়ক পাকিস্তানি সেনাদের ঘেরাওয়ে পড়ে গেলেন। চরম সংকটময় অবস্থা। নূরুল ইসলাম সাহসিকতার সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করতে থাকলেন। তাঁর সাহসিকতায় অধিনায়ক বেঁচে গেলেন। কিন্তু শহীদ হলেন তিনিসহ কয়েকজন মুক্তিযোদ্ধা। এ ঘটনা ১৯৭১ সালের ৯ আগস্ট (মতান্তরে ৫ আগস্ট)। বর্নীতে।বর্নী যশোর জেলার চৌগাছা থানার (বর্তমানে উপজেলা) অন্তর্গত। বর্নীতে আছে সীমান্ত বিওপি। ১৯৭১ সালে সেখানে ছিল ৭৫-৮০ জন পাকিস্তানি সেনা। একদল রাজাকারও তাদের সঙ্গে ছিল। ৯ আগস্ট বয়রা সাব-সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদার (বীর বিক্রম, পরে কর্নেল, ১৯৭৫ সালের ৭ নভেম্বর নিহত) নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা বর্নী সীমান্ত বিওপিতে আক্রমণ করেন। কয়েক ঘণ্টা ধরে সেখানে যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানি সেনা ও রাজাকার মিলে ১৪-১৫ জন নিহত হয়। যুদ্ধের একপর্যায়ে পাকিস্তানি সেনা ও রাজাকাররা লাশ ও অনেক অস্ত্রশস্ত্র ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর খন্দকার নাজমুল হুদা মুক্তিযোদ্ধাদের বলেন অস্ত্রশস্ত্রগুলো সংগ্রহ করে নিজ ঘাঁটিতে নিতে। তাঁর নির্দেশ পেয়ে নূরুল ইসলামের সহযোদ্ধারা সেগুলো সংগ্রহ করে নিজ ঘাঁটিতে পাঠাতে থাকেন। সেখানে ছিল একটি খাল। তার পূর্ব পারে ছিলেন অধিনায়কসহ কয়েকজন মুক্তিযোদ্ধা। তাঁদের মধ্যে নূরুল ইসলামও ছিলেন। বাকি মুক্তিযোদ্ধারা ছিলেন খালের পশ্চিম পারে। এমন সময় পাকিস্তান সেনাবাহিনীর নতুন একটি দল পেছন দিক থেকে এসে হঠাৎ তাঁদের ওপর আক্রমণ করে। উৎফুল্ল মুক্তিযোদ্ধারা আকস্মিক ওই আক্রমণে প্রস্তুত ছিলেন না। পাকিস্তান সেনাবাহিনীর আকস্কিক পাল্টা আক্রমণে খালের পূর্ব পারে থাকা মুক্তিযোদ্ধারা চরম বিপদের মুখে পড়েন। পাকিস্তানি সেনাদের হাতে তাঁরা প্রায় ঘেরাওয়ের উপক্রম হন। তখন নূরুল ইসলামসহ কয়েকজন বিচলিত না হয়ে সাহসিকতার সঙ্গে পাকিস্তানি সেনাদের মোকাবিলা করতে থাকেন। ওই সুযোগে তাঁর সহযোদ্ধা নূর মোহাম্মদ (বীরশ্রেষ্ঠ) ও আবুল হোসেন (বীর প্রতীক) অধিনায়কসহ কয়েকজনকে খাল পার করে নিরাপদ স্থানে নিয়ে যান। খালের পূর্ব পারে রক্তক্ষয়ী যুদ্ধ চলতে থাকে। ওই যুদ্ধে নূরুল ইসলামসহ চারজন মুক্তিযোদ্ধা পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে শহীদ হন। পরে মুক্তিযোদ্ধারা নূরুল ইসলাম ও তাঁর সহযোদ্ধাদের মরদেহ উদ্ধার করে বর্নীতে সীমান্তসংলগ্ন স্থানে সমাহিত করেন। তাঁদের কবর চিহ্নিত করা নেই।নূরুল ইসলাম পাকিস্তান সেনাবাহিনীর নবীন সৈনিক ছিলেন। ১৯৭১ সালের মার্চে ছুটিতে থাকা অবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধ যুদ্ধ শেষে ভারতে যান। পরে যুদ্ধ করেন ৮ নম্বর সেক্টরের বয়রা সাব-সেক্টরে।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য নূরুল ইসলামকে মরণোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ৮৫।শহীদ নূরুল ইসলামের পৈতৃক বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের চান্দা আফড়া গ্রামে। তিনি বিবাহিত ছিলেন। চার ভাইবোনের মধ্যে নূরুল ইসলাম ছিলেন তৃতীয়। তাঁর বাবার নাম শফিউল্লাহ মিয়া। মা হায়াতুননেছা। স্ত্রী আনোয়ারা বেগম। তাঁর এক মেয়ে, নাম মঞ্জুয়ারা বেগম।শহীদ নূরুল ইসলামের ছোট ভাই তাইজুল ইসলাম বললেন, ‘আমার ভাই দেশের জন্য জীবন দিয়েছেন। কিন্তু কোথাও তাঁর স্মারক চিহ্ন নেই। যশোরের মানুষ দূরের কথা, চৌগাছার মানুষও তাঁর সম্পর্কে জানে না।’ শহীদ নূরুল ইসলামের ছবি পাওয়া যায়নি।সূত্র: জাহিদ রহমান, প্রধান নির্বাহী, মুক্তিযুদ্ধে মাগুরা গবেষণা কেন্দ্র এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮।গ্রন্থনা: তারা রহমান[email protected]