২৪৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ ফারুক লস্করবীর প্রতীকঅমিত-বিক্রম যোদ্ধাপ্রতিদিন দু-এক ঘণ্টা পরপর গুলির শব্দে নিস্তব্ধতা খান খান হয়ে যায়। এমন শব্দ ফারুক লস্করসহ তাঁর সহযোদ্ধাদের কান-সওয়া হয়ে গেছে। কয়েক দিন আগে তাঁদের প্রতিরক্ষা অবস্থানে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ভয়াবহ যুদ্ধ হয়েছে। মুক্তিযোদ্ধারা সতর্ক অবস্থায় নিজ নিজ প্রতিরক্ষা অবস্থানে বসে আছেন। যেকোনো দিন পাকিস্তানি সেনারা এসে তাঁদের আক্রমণ করতে পারে। বেশি দিন অপেক্ষা করতে হলো না। কয়েক দিনের মধ্যেই পাকিস্তানি সেনারা এসে আকস্মিকভাবে আক্রমণ চালাল। ফারুক লস্করসহ তাঁর সহযোদ্ধারাও প্রস্তুত ছিলেন। বিপুল বিক্রমে তাঁরা পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করতে থাকলেন। আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে মুক্তিযোদ্ধারাই জয়ী হলেন। কিন্তু শহীদ হলেন ফারুক লস্করসহ কয়েকজন। এ ঘটনা ১৯৭১ সালের। ডিসেম্বরের প্রথম সপ্তাহে। ভোমরায়।ভোমরা সাতক্ষীরা জেলার অন্তর্গত। এর অবস্থান জেলা সদর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভারত সীমান্তে। ভোমরা থেকে একটি সড়ক সাতক্ষীরা হয়ে খুলনার সঙ্গে সংযুক্ত। মুক্তিযুদ্ধ চলাকালে ভোমরা গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত হয়। এপ্রিল মাসের শেষ দিক থেকে ভোমরা অঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর অসংখ্য যুদ্ধ হয়। ভোমরার বিরাট এক অংশ মুক্তিযোদ্ধাদের দখলে ছিল। ১৬ নভেম্বর মুক্তিযোদ্ধারা তিন ইঞ্চি মর্টার দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর ভোমরার প্রতিরক্ষা অবস্থানে আক্রমণ চালান। এতে পাঁচজন পাকিস্তানি সেনা নিহত হয়। ২১ নভেম্বর মুক্তিযোদ্ধারা আবার ভোমরায় পাকিস্তানি অবস্থানে আক্রমণ করেন। তাঁদের এই আক্রমণ আগের তুলনায় ছিল অনেক শক্তিশালী। যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ১২-১৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়। এ ছাড়া মুক্তিযোদ্ধারা তাদের অনেক গোলাবারুদ হস্তগত করেন। এই পরাজয়ের প্রতিশোধ এবং ভোমরা অঞ্চলে আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তান সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের অবস্থানে ২৩ নভেম্বর পাল্টা আক্রমণ চালায়। মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর ওই আক্রমণ প্রতিহত করেন। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধে পাকিস্তানি সেনারা ফিরে যেতে বাধ্য হয়। এরপর ডিসেম্বরের প্রথম দিকে পাকিস্তান সেনাবাহিনী আবার ভোমরায় মুক্তিযোদ্ধাদের অবস্থানে আক্রমণ করে। তাদের এই আক্রমণ ছিল আগের তুলনায় অনেক শক্তিশালী। পাকিস্তানিরা আক্রমণ করার পর সেখানে কয়েক ঘণ্টা ধরে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এই যুদ্ধে মুক্তিবাহিনীর ফারুক লস্করসহ কয়েকজন অসীম সাহস ও বীরত্ব প্রদর্শন করেন। তাঁদের বীরত্বে পাকিস্তান সেনাবাহিনী সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু ফারুক লস্করসহ কয়েকজন পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে শহীদ হন। পরে সহযোদ্ধারা তাঁদের মরদেহ সমাহিত করেন সেখানেই।ফারুক লস্কর ইপিআরে (ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর, এখন বিজিবি) চাকরি করতেন। ১৯৭১ সালে কর্মরত ছিলেন যশোর ইপিআর সেক্টরের ৫ নম্বর উইংয়ে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধ যুদ্ধে। পরে যুদ্ধ করেন ৮ নম্বর সেক্টরের ভোমরা সাব-সেক্টরে।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য ফারুক লস্করকে মরণোত্তর বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ২৫৮।ফারুক লস্করের পৈতৃক বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আড়াল গ্রামে। তিনি অবিবাহিত ছিলেন। তাঁরা তিন ভাই, সাত বোন। তাঁর বাবার নাম নূরউদ্দিন লস্কর। মা ফিরোজা আক্তার। ফারুক লস্করের ছবি পাওয়া যায়নি।সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস সেক্টর ৮ এবং স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, মো. আবদুল হান্নান।গ্রন্থনা: তারা রহমান[email protected]