২৫০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মিজানুর রহমান খান, বীর প্রতীকআহত অধিনায়ককে নিরাপদ স্থানে নেনরাতের অন্ধকারে সীমান্তের দিকে এগিয়ে যেতে থাকলেন মিজানুর রহমান খানসহ একদল মুক্তিযোদ্ধা। তাঁরা কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ভোররাতে তাঁরা আকস্মিক আক্রমণ করলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থানে। শুরু হয়ে গেল রক্তক্ষয়ী যুদ্ধ। প্রায় আধা ঘণ্টা বা তার কিছু বেশি সময় ধরে চলা তুমুল এ যুদ্ধে নিহত হলো আট-নয়জন পাকিস্তানি সেনা। মুক্তিবাহিনীরও কম ক্ষতি হলো না। মিজানুর রহমান খানের সাত সহযোদ্ধা শহীদ ও কয়েকজন আহত হলেন। এ ঘটনা ১৯৭১ সালের ৮ সেপ্টেম্বরে। কামালপুরে।কামালপুর জামালপুর জেলার বকশিগঞ্জ থানার (বর্তমানে উপজেলা) অন্তর্গত। সীমান্ত এলাকা। গ্রামের মাঝামাঝি ছিল সীমান্ত বিওপি। ওই বিওপি ঘিরে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর শক্ত একটি প্রতিরক্ষা অবস্থান। সেদিন মুক্তিবাহিনীর স্বল্প প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থানে ভোররাতে আক্রমণ করেন। এই দলের নেতৃত্বে ছিলেন সৈয়দ সদরুজ্জামান (বীর প্রতীক)। মিজানুর রহমানসহ দলের ৪৮ জনের সবাই ছিলেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তুরায় প্রশিক্ষণ নেওয়ার পর তাঁদের ৪৮ জনকে ১১ নম্বর সাবসেক্টরের মহেন্দ্রগঞ্জ সাবসেক্টরে আলাদাভাবে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। তাঁরা সেদিন পাকিস্তান সেনাবাহিনীর অবস্থানে আক্রমণ করে সাহসিকতার সঙ্গে সম্মুখযুদ্ধ করেন। এই যুদ্ধে মিজানুর রহমান, আমানুল্লাহ কবীর (বীর বিক্রম) সহ কয়েকজন যথেষ্ট বীরত্ব প্রদর্শন করেন। তাঁদের বীরত্বে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে যুদ্ধে আমানুল্লাহ কবীরসহ তাঁর সাত সহযোদ্ধা শহীদ হন।মিজানুর রহমান ১৯৭১ সালে কলেজের শিক্ষার্থী ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে প্রতিরোধযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। জুন মাসে ভারতে গিয়ে মুক্তিবাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণের পর তাঁকে ১১ নম্বর সেক্টরের মহেন্দ্রগঞ্জে পাঠানো হয়। ১১ নম্বর সেক্টরের অধিনায়ক মেজর আবু তাহের (বীর উত্তম, পরে কর্নেল) তাঁকেসহ ৪৮ জনকে নিয়ে একটি দল গঠন করে আলাদাভাবে বিশেষ প্রশিক্ষণ দেন। তিনি তাঁদের সম্মুখযুদ্ধের জন্য রিজার্ভ ফোর্স হিসেবে ব্যবহার করেন। মহেন্দ্রগঞ্জ সাবসেক্টরসহ আশপাশের বেশ কয়েকটি স্থানে তাঁরা সম্মুখযুদ্ধ করেন। নভেম্বর মাসের মাঝামাঝি মেজর তাহেরের নেতৃত্বে মুক্তিবাহিনীর বড় একটি দল পাকিস্তান সেনাবাহিনীর কামালপুর প্রতিরক্ষা অবস্থানে আক্রমণ করে। এই যুদ্ধেও তিনি অংশ নেন। সেদিন তিনিসহ ১০ জন মুক্তিযোদ্ধা মেজর তাহেরের সঙ্গে ছিলেন। তাঁদের ওপর নির্দেশ ছিল কামালপুরের পাকিস্তানি প্রতিরক্ষা অবস্থান দখলের সঙ্গে সঙ্গে তাঁরা ১০ জন সেখান থেকে অস্ত্রশস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করে নিজেদের ঘাঁটিতে পাঠানোর ব্যবস্থা করবেন। কিন্তু তাঁরা সেটা করতে পারেননি। কয়েক ঘণ্টা ধরে চলা যুদ্ধের একপর্যায়ে মেজর তাহের আকস্মিকভাবে আহত হন। সে সময় তিনি ও তাঁর এক সহযোদ্ধা দ্রুত আহত মেজর তাহেরকে ধরে নিরাপদ স্থানে নিয়ে যান। সেদিন শেষ পর্যন্ত কামালপুর যুদ্ধ ব্যর্থতায় পর্যবসিত হয়।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মিজানুর রহমান খানকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ৪১২।মিজানুর রহমান খান স্বাধীনতার পর পড়াশোনা শেষ করে জনতা ব্যাংকে চাকরি করেন। বর্তমানে এলপিআরে আছেন। তাঁর পৈতৃক বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দী গ্রামে। সেখানে তিনি থাকেন না। বর্তমানে বসবাস করেন ঢাকার ৬৫/২ উত্তর বাসাবোতে। তাঁর বাবার নাম রিয়াজুল ইসলাম খান। মা নুরুন্নাহার খানম। স্ত্রী আলেছা বেগম। তাঁদের কোনো ছেলেমেয়ে নেই।মিজানুর রহমান খান বললেন, ‘মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি, বিশেষত সহযোদ্ধা আমানুল্লাহ কবীরের শহীদ হওয়ার দৃশ্য আজও ভুলতে পারিনি। পাকিস্তানি সেনাবাহিনীর নিক্ষিপ্ত শেলে তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।’সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, দশম খণ্ড এবং মিজানুর রহমান খান।গ্রন্থনা: তারা রহমান[email protected]