তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫১স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুল হাই, বীর প্রতীকঅমিতসাহসী এক মুক্তিযোদ্ধাশত্রু পাকিস্তানি সেনাদের প্রতিরক্ষা অবস্থান পর্যবেক্ষণের (রেকি) জন্য সীমান্তের ওপারের ক্যাম্প থেকে বেরিয়ে পড়লেন আবদুল হাইসহ কয়েকজন। তাঁদের দলনেতা ক্যাপ্টেন সালাহউদ্দীন মমতাজ (বীর উত্তম, শহীদ)। গভীর রাত। চারদিকে অন্ধকার। পর্যবেক্ষণ করতে করতে সালাহউদ্দীন মমতাজ ও আবদুল হাই চলে গেলেন পাকিস্তানি সেনাদের এক বাংকারের কাছে। সেখানে কোনো সাড়াশব্দ নেই। বাংকারে কেউ আছে কি না দেখার জন্য আবদুল হাই এগিয়েছেন, এমন সময় ঘটল এক অঘটন। হঠাৎ সেখানে হাজির হলো দুই পাকিস্তানি সেনা। সালাহউদ্দীন মমতাজ তাদের দেখে হ্যান্ডসআপ বলে একজনকে জাপটে ধরলেন। আরেকজন আশ্রয় নিল বাংকারে। সেখান থেকে গুলি করতে থাকল। আবদুল হাই বাংকার লক্ষ্য করে গুলি করলেন। গুলির শব্দে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। চরম এক সংকটময় মুহূর্ত। এ ঘটনা ১৯৭১ সালের ২৮ জুলাই, কামালপুর বিওপিতে।কামালপুর জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার অন্তর্গত। সীমান্ত এলাকা। কামালপুর গ্রামের মাঝামাঝি সীমান্ত বিওপি। সেখানে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর দুর্ভেদ্য এক ঘাঁটি। ৩১ জুলাই মুক্তিযোদ্ধারা কামালপুরে আক্রমণ করার আগে সেখানে কয়েকবার পর্যবেক্ষণ করেন। পরপর দুই দিন পর্যবেক্ষণ করার পরও সালাহউদ্দীন মমতাজ আবদুল হাইসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে আবার ২৮ জুলাই রাতে পর্যবেক্ষণে যান। রাতের বেলা পাকিস্তানি সেনারা দূরের বাংকার ছেড়ে সেকেন্ড লাইন ডিফেন্সে চলে যেত। তাঁরা দুজন একটি খালি বাংকারের সামনে যান। আবদুল হাই বাংকারে কেউ আছে কি না দেখার জন্য উঁকি দিচ্ছেন, এমন সময় দুই পাকিস্তানি সেনা টহল দিতে দিতে সেখানে আসে। সালাহউদ্দীন মমতাজ তাদের দেখে ফেলেন। তিনি হ্যান্ডসআপ বলে একজনকে জাপটে ধরেন। ওই পাকিস্তানি সেনা ছিল বিশাল দেহী। সে সালাহউদ্দীন মমতাজকে মাটিতে ফেলে দিয়ে তাঁর গলা চেপে ধরে। অপর পাকিস্তানি সেনা আবদুল হাইকে হ্যান্ডসআপ বলে গুলি করতে উদ্যত হয়। আবদুল হাই দ্রুত স্টেনগানের ব্যারেল দিয়ে ওই সেনার মাথায় আঘাত করে তার রাইফেল কেড়ে নেন। কিন্তু সে পালিয়ে বাংকারে আশ্রয় নেয়। সেখানে থাকা অস্ত্র দিয়ে সে গুলি করতে থাকে। আবদুল হাই বাংকার লক্ষ্য করে গুলি করেন। তারপর দ্রুত সালাহউদ্দীন মমতাজের কাছে গিয়ে তাঁকে জাপটে ধরে থাকা পাকিস্তানি সেনার মাথায় রাইফেলের ব্যারেল দিয়ে গুঁতো দেন। ওই পাকিস্তানি সেনা সালাহউদ্দীন মমতাজকে ফেলে দৌড়াতে থাকে। তখন তিনি ওই পাকিস্তানি সেনাকে গুলি করে হত্যা করেন। তাঁর ওই সাহসিকতায় সালাহউদ্দীন মমতাজ বেঁচে যান। আবদুল হাই চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। ১৯৭১ সালে এই রেজিমেন্টের অবস্থান ছিল যশোর সেনানিবাসে। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। কামালপুরসহ আরও কয়েক স্থানে সাহসিকতার সঙ্গে তিনি যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবদুল হাইকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ৮৪।আবদুল হাইয়ের পৈতৃক বাড়ি ঢাকার খিলক্ষেতসংলগ্ন ডুমনি গ্রামে। সেখানে তিনি থাকেন না। বর্তমানে বসবাস করেন উত্তরা ১১ নম্বর সেক্টরে ভাড়া বাড়িতে। তাঁর বাবার নাম মাহমুদুর রহমান। মা মাঘবুলেন নেছা। স্ত্রী হাফিজা বেগম। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে।আবদুল হাই বলেন, ‘মুক্তিযোদ্ধার তালিকায় অনেক অমুক্তিযোদ্ধা আছে। প্রকৃত অনেক মুক্তিযোদ্ধার নাম তালিকায় নেই। দেশের বীরদের অবশ্যই সম্মান জানাতে হবে।’সূত্র: আবদুল হাই বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন মুক্ত আসরের আবু সাঈদ ও স্বর্ণময়ী সরকার এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, দশম খণ্ড।গ্রন্থনা: তারা রহমান[email protected]