২৫২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ খুররম, বীর বিক্রম নির্ভীক যোদ্ধা ছিলেন তিনিপাকিস্তানি সেনাদের পালিয়ে যাওয়ার পথ রুদ্ধ। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী চারদিক থেকে তাদের অবরোধ করেছে। মুক্তিবাহিনীর একটি দলে আছেন খুররম (মোতাসিম বিল্লাহ)। তাঁদের দল অবস্থান নিয়েছে বেলটিয়া গ্রামে। দিনভর পাকিস্তানি সেনারা চেষ্টা করল পালিয়ে যাওয়ার। কয়েকবার ঝটিকা আক্রমণ চালাল পালিয়ে যাওয়ার পথ বের করার জন্য। মিত্রবাহিনীর সহযোগিতায় মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে পাকিস্তানিদের সেই চেষ্টা ব্যর্থ করে দিলেন। পরদিন পাকিস্তানি সেনারা বেলটিয়া দিয়ে পালিয়ে যাওয়ার জন্য বেলটিয়ায় মুক্তিযোদ্ধাদের অবস্থানে আবার ব্যাপক আক্রমণ চালাল। খুররম ও তাঁর সহযোদ্ধারা বীরত্বের সঙ্গে তাদের আক্রমণ প্রতিহত করতে থাকলেন। যুদ্ধের একপর্যায়ে বাংকার থেকে বেরিয়ে নির্ভীক খুররম এগিয়ে যাচ্ছিলেন পাকিস্তানি সেনাদের দিকে। এমন সময় কয়েকটি গুলি এসে লাগল তাঁর বুকে, পিঠে ও মাথায়। লুটিয়ে পড়লেন মাটিতে। নিমেষে বেরিয়ে গেল তাঁর জীবনপ্রদীপ। এ ঘটনা মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে। ১০ ডিসেম্বর। জামালপুরে।জামালপুরে পাকিস্তানি সেনাবাহিনীর মূল ঘাঁটি ছিল পিটিআই ভবনে। পাকিস্তানিদের কামালপুর ঘাঁটির পতনের পর ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা বাঁধভাঙা জোয়ারের মতো জামালপুরে আসতে থাকেন। তাঁদের সঙ্গে ছিল মিত্রবাহিনী। তাঁরা দুটি কলামে বিভক্ত হয়ে অগ্রসর হন। এদিকে সীমান্তবর্তী সব ঘাঁটি থেকে সরে আসা পাকিস্তানি সেনারা জামালপুরে সমবেত হওয়ায় সেখানকার পাকিস্তানি প্রতিরক্ষা বেশ জোরালো হয়। পুরোনো ব্রহ্মপুত্র নদের প্রবাহ সামনে রেখে পাকিস্তানিরা প্রতিরক্ষা ডিফেন্স গড়ে তোলে। ৬-৭ ডিসেম্বর থেকে মুক্তিযোদ্ধারা জামালপুর শহর ঘেরাও করতে থাকেন। তাঁরা বেষ্টনী গড়ে তোলেন হাটচন্দ্রা, বগাবাইদ, যোগীরগুফা, তিরুটিয়া, পলাশগড়, কালাবো মোল্লাপাড়া দিয়ে বেলটিয়া, শাহপুর, লাঙ্গলজোড়া, মাহিমপুর ও হরিপুর পর্যন্ত। ৮ ডিসেম্বরের মধ্যেই এই বেষ্টনী রচনা সমাপ্ত হয়। পাকিস্তানি সেনারা প্রথমে এটি বুঝতে পারেনি। পরে বুঝতে পেরে ব্রহ্মপুত্র নদের দক্ষিণ পাড়ে এসে তারা গোলাগুলি করতে থাকে। এর মধ্যে মিত্রবাহিনী কয়েকবার পাকিস্তানি সেনাবাহিনীকে আত্মসমর্পণ করার জন্য অনুরোধ জানায়। কিন্তু পাকিস্তানিদের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুলতান মাহমুদ তা প্রত্যাখ্যান করে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারপর পাকিস্তানি সেনারা বেলটিয়ার গ্রামের কাছে সমবেত হয় এবং যুদ্ধ শুরু করে। কিন্তু তারা মুক্তিযোদ্ধাদের হাতে চরমভাবে মার খায়। তাদের মনোবলও ভেঙে পড়ে। এরপর থেকে তারা পালানোর চেষ্টা করতে থাকে। পাকিস্তানি সেনারা বেলটিয়া গ্রামের মুক্তিযোদ্ধাদের অবস্থানের ওপর ব্যাপক গোলাবর্ষণ করে সেদিক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নির্ভীক খুররম বাংকার থেকে বেরিয়ে অগ্রসরমাণ পাকিস্তানি সেনাদের আক্রমণ করতে যান। তখন পাকিস্তানি সেনাদের ছোড়া একঝাঁক গুলি এসে লাগে তাঁর শরীরে। সঙ্গে সঙ্গে শহীদ হন তিনি। পরে তাঁর মরদেহ উদ্ধার করে সহযোদ্ধারা পাঠিয়ে দেন গ্রামের বাড়িতে। সেখানে তাঁকে সমাহিত করা হয়।খুররম ১৯৭১ সালে কলেজের শিক্ষার্থী (বিএসসি দ্বিতীয় বর্ষ) ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হল ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। ভারতে প্রশিক্ষণ নেওয়ার পর ১১ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেন। বেশ কয়েকটি যুদ্ধে অসীম সাহস প্রদর্শন করেন। তিনি ছিলেন তাঁর দলের উপদলনেতা।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ খুররমকে মরণোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ১৬৮। গেজেটে নাম খুররম। তাঁর প্রকৃত নাম মোতাসিম বিল্লাহ।শহীদ খুররমের (মোতাসিম বিল্লাহ) পৈতৃক বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মলামারী গ্রামে। অবিবাহিত এবং চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তাঁর বাবার নাম শাহ মোশাররফ হোসেন। মা ফজিলাতুন নেছা। সূত্র: ডা. আবদুল্লাহ-আল-মাহমুদ, বীর প্রতীক ও এ এম আলমগীর (শহীদ খুররমের বড় ভাই) এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১।গ্রন্থনা: তারা রহমান[email protected]