২৫৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মহসীন উদ্দীন আহমেদ, বীর বিক্রমমহা বিক্রমী যোদ্ধা এক রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকলেন মহসীন উদ্দীন আহমেদসহ একদল মুক্তিযোদ্ধা। তিনিই নেতৃত্বে। তাঁরা এগিয়ে যেতে থাকলেন সামনে। সামনেই জলপথ। সেখানে পৌঁছে তাঁরা দ্রুত নৌকায় উঠে পড়লেন। অনেকগুলো নৌকা। সেগুলো এগিয়ে যেতে থাকল। লক্ষ্যস্থলের কাছাকাছি পৌঁছেছেন এমন সময় বৃষ্টির মতো গুলি। হুড়োহুড়িতে কয়েকটি নৌকা ডুবে গেল। গুলিবিদ্ধ হয়ে হতাহত হলেন বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা। চারদিকে পানি। কোথাও শুকনো স্থান নেই যে সেখানে গিয়ে অবস্থান নিয়ে তাঁরা পাল্টা আক্রমণ চালাবেন। মহসীন উদ্দীন আহমেদের দলের অনেক মুক্তিযোদ্ধা পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে অসহায়ভাবে শহীদ ও আহত হলেন। এ ঘটনা ঘটে ১৯৭১ সালের ১৪ অক্টোবর ভোরে টেংরাটিলায়। টেংরাটিলা সিলেট জেলার অন্তর্গত। টেংরাটিলার পাশে ছাতকে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর শক্ত একটি প্রতিরক্ষা অবস্থান। ছাতকের ঠিক উত্তরে সীমান্ত ঘেঁষে বাঁশতলায় ছিল মুক্তিবাহিনীর ৫ নম্বর সেক্টর হেডকোয়ার্টার। ওই সেক্টরের শেলা সাব-সেক্টরের হেডকোয়ার্টারও ছিল সেখানে। ১২ অক্টোবর মুক্তিবাহিনীর প্রধান কর্নেল এম এ জি ওসমানী বাঁশতলা ক্যাম্প পরিদর্শনে আসেন। তিনি যেদিন বাঁশতলায় যান, তার এক দিন আগে নিয়মিত মুক্তিবাহিনীর তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ভারতের তেলঢালা ক্যাম্প থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে আসে। কর্নেল ওসমানী তাদের ছাতকে আক্রমণের নির্দেশ দেন। তাঁর নির্দেশ পেয়ে প্রয়োজনীয় রেকি ও পরিকল্পনা ছাড়াই তাঁরা আক্রমণ করেন। মূল আক্রমণকারী দল হিসেবে থাকে আলফা ও ব্রাভো কোম্পানি। আক্রমণের সময় দোয়ারাবাজার হয়ে ওয়াপদার বেড়িবাঁধ ধরে যাতে পাকিস্তানি সেনাবাহিনীর কোনো রি-এনফোর্সমেন্ট না আসতে পারে, সে জন্য টেংরাটিলায় অবস্থান নিয়ে চার্লি কোম্পানিকে কাট অব পার্টি হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়। এই কোম্পানির অধিনায়ক ছিলেন মহসীন উদ্দীন আহমেদ। তাঁরা ১৩ অক্টোবর রাতে বাঁশতলা ক্যাম্প থেকে রওনা হন। শেলা সাব-সেক্টরের দেওয়া তথ্য অনুযায়ী সেদিন সকাল পর্যন্ত টেংরাটিলায় পাকিস্তানি সেনাবাহিনী ছিল না। মুক্তিযোদ্ধারা ভোরে টেংরাটিলায় যাওয়া মাত্র পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে পড়েন। তারা সব কয়টি নৌকার ওপর একযোগে গুলি করতে থাকে। এমন পরিস্থিতির জন্য মহসীন উদ্দীন আহমেদ ও তাঁর দলের মুক্তিযোদ্ধারা প্রস্তুত ছিলেন না। চারদিকে গভীর পানি। হুড়োহুড়িতে বেশির ভাগ নৌকা ডুবে যায়। অনেক মুক্তিযোদ্ধা সাঁতার জানতেন না। পাল্টা যুদ্ধের বদলে প্রাণ বাঁচানোই তাঁদের জন্য মুখ্য হয়ে পড়ে। যাঁরা সাঁতার জানতেন, তাঁদের অনেকে অস্ত্র ফেলে সাঁতরে নিরাপদ স্থানে যেতে থাকেন। চরম প্রতিকূলতার মধ্যে মহসীন উদ্দীন আহমেদ কয়েকজন মুক্তিযোদ্ধাকে নিয়ে পানির ভেতর থেকেই পাকিস্তানিদের ওপর পাল্টা আক্রমণ করেন। তাঁর সাহসিকতায় অনেক মুক্তিযোদ্ধার প্রাণ বেঁচে যায়। সেদিন মুক্তিবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ২২ জন মুক্তিযোদ্ধা শহীদ ও ২৫-২৬ জন আহত হন। তিনি নিজেও আহত হন। মহসীন উদ্দীন আহমেদ পাকিস্তানি সেনাবাহিনীতে চাকরি করতেন। ১৯৭১ সালে কর্মরত ছিলেন চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে। তখন তাঁর পদবি ছিল ক্যাপ্টেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধ যুদ্ধ শেষে ভারতে যান। সেখানে তাঁকে তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অন্তর্ভুক্ত করা হয়। বেশ কয়েকটি যুদ্ধে তিনি অংশ নিয়ে যথেষ্ট রণকৌশল প্রদর্শন করেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মহসীন উদ্দীন আহমেদকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ০৬।মহসীন উদ্দীন আহমেদ ১৯৮১ সালে জিয়া হত্যা মামলায় অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। ২৪ সেপ্টেম্বর রাজশাহী জেলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাঁর পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা গ্রামে। তাঁর বাবার নাম মহিউদ্দীন আহমেদ। মা বেগম নুরুন্নাহার। স্ত্রী হোসনে আরা। তাঁদের এক ছেলে ও দুই মেয়ে। স্ত্রী ও ছেলেমেয়ে বর্তমানে ঢাকায় বসবাস করেন। সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস এবং আমাদের সংগ্রাম চলবেই, প্রথম খণ্ড, দ্বিতীয় পর্ব। গ্রন্থনা: তারা রহমান[email protected]