২৫৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।এস আই এম নূরুন্নবী খান, বীর বিক্রম রণনিপুণ ও সাহসী এক মুক্তিযোদ্ধা সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে এস আই এম নূরুন্নবী খান অবস্থান নিয়ে অপেক্ষায় আছেন পাকিস্তানি সেনাদের জন্য। তিনিই যুদ্ধের অধিনায়ক। আশে পাশে বিভিন্ন স্থানে থাকা সহযোদ্ধাদের নির্দেশ দিয়েছেন, তিনি গুলি না করা পর্যন্ত কেউ যেন গুলি না করে। তারপর কেটে গেল অনেক সময়। শত্রু পাকিস্তানি সেনারা ভাবল, তাঁরা পালিয়ে গেছেন। হেলেদুলে এগিয়ে আসতে থাকল তাঁদের অবস্থানের দিকে। ১০ গজের মধ্যে আসামাত্র নূরুন্নবী খান চেঁচিয়ে বললেন, ‘হ্যান্ডস আপ।’ তিনি পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দিলেন। কয়েকজন আত্মসমর্পণ করলেও পেছনে থাকা সেনারা দৌড়ে যেতে থাকল এদিক-সেদিক। তিনি গুলি করে সংকেত দিলেন। সঙ্গে সঙ্গে গর্জে উঠল তাঁর সব সহযোদ্ধার অস্ত্র। নিমেষে গোটা এলাকা রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত হলো। এ ঘটনা সালুটিকরে। ১৯৭১ সালের ১২ ডিসেম্বর।সালুটিকর সিলেট জেলার অন্তর্গত। শহর থেকে সাত কিলোমিটার উত্তর-পশ্চিমে। নবাটিলার দক্ষিণ দিক ঘেঁষে বিমানঘাঁটি এলাকা। সালুটিকরে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর শক্ত এক প্রতিরক্ষা অবস্থান। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে মুক্তিবাহিনী সেখানে আক্রমণ করে। কয়েক দিন ধরে যুদ্ধ হয়। ১২ ডিসেম্বরের যুদ্ধই ছিল চূড়ান্ত যুদ্ধ। সেদিন সকাল থেকে পাকিস্তানি সেনাবাহিনী মুক্তিবাহিনীর অবস্থানে আর্টিলারি আক্রমণ শুরু করে। মুক্তিবাহিনীও তার পাল্টা জবাব দেয়। পরে পাকিস্তানি সেনারা মার্চ করে মুক্তিবাহিনীর অবস্থানের একদম কাছে আসতে থাকে তখন নূরুন্নবী খান কৌশলগত কারণে সহযোদ্ধাদের গোলাগুলি বন্ধ রাখার নির্দেশ দেন। পাকিস্তানি সেনারা প্রথমে পাশের দাড়িকান্দি দখল করে নদীর তীরবর্তী চৌধুরীকান্দি ও কচুয়ারপাড় এলাকায় আসতে থাকে। কাছেই ছিল ফরেস্ট ডাকবাংলো। সেখানে একদল মুক্তিযোদ্ধা নিয়ে প্রতিরক্ষা অবস্থানে ছিলেন নূরুন্নবী খান। তাঁর সঙ্গে ছিলেন মিত্রবাহিনীর কর্নেল রাজ সিং। পাকিস্তানি সেনারা তাঁদের অবস্থানের ২০০ গজের মধ্যে আসামাত্র রাজ সিং বারবার নূরুন্নবী খানকে অনুরোধ করেন গুলি শুরু করতে। দুঃসাহসী নূরুন্নবী খান তা না করে বলেন, শত্রুদের আত্মসমর্পণে বাধ্য করা হবে। পাকিস্তানি সেনারা এক সারিতে এগিয়ে আসতে থাকে। তারা ভেবেছিল, মুক্তিযোদ্ধারা পালিয়ে গেছে। ১০ গজের মধ্যে আসামাত্র নূরুন্নবী খান বলে ওঠেন, ‘হ্যান্ডস আপ।’ এতে পাকিস্তানি সেনারা হতভম্ব হয়ে পড়ে। সামনে থাকা কয়েকজন সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করে। পেছনে থাকা পাকিস্তানি সেনারা এদিক-সেদিক দৌড়ে যায়। তারপর শুরু হয় ভয়াবহ যুদ্ধ। মুক্তিযোদ্ধাদের আক্রমণে নিহত হয় বহু পাকিস্তানি সেনা। বন্দী হয় বেশ কয়েকজন। সন্ধ্যার মধ্যেই গোটা সালুটিকর এলাকা মুক্তিবাহিনীর দখলে চলে আসে।এস আই এম নূরুন্নবী খান পাকিস্তানি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে চাকরি করতেন। ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানের (বর্তমান পাকিস্তান) কোয়েটায় প্রশিক্ষণে ছিলেন। তখন তাঁর পদবি ছিল লেফটেন্যান্ট। ২৭ মার্চ সেখান থেকে কৌশলে দ্বিতীয় কমান্ডো ব্যাটালিয়নের সঙ্গে ঢাকায় এসে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। ভারতে যাওয়ার পর তিনি কিছুদিন কর্নেল ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাঁকে নিয়মিত মুক্তিবাহিনীর তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ডেলটা কোম্পানির অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়। অসংখ্য যুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশ নেন। এর মধ্যে বাহাদুরাবাদ, ছাতক, গোয়াইনঘাট, রাধানগর, ছোটখেল, সালুটিকর যুদ্ধ উল্লেখযোগ্য। অসাধারণ রণনৈপুণ্য ও সাহস প্রদর্শনের জন্য তখন তাঁর নাম চারদিকে ছড়িয়ে পড়ে। কয়েকটি যুদ্ধে তিনি দলনায়ক হিসেবে অসম সাহস প্রদর্শন করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য এস আই এম নূরুন্নবী খানকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ১৭।এস আই এম নূরুন্নবী খানের পৈতৃক বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার লক্ষ্মীধরপাড়া গ্রামে। সেখানে তিনি থাকেন না। বর্তমানে বসবাস করেন ঢাকার মিরপুর সংলগ্ন শেওড়াপাড়ায়। তাঁর বাবার নাম হাবীবউল্লাহ খান। মা শামছুন নাহার বেগম। স্ত্রী জাকিয়া মাহমুদা ও সুলতানা নবী। তাঁদের এক ছেলে ও তিন মেয়ে।এস আই এম নূরুন্নবী খান বলেন, ‘অসাম্প্রদায়িক, শোষণহীন, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। সামাজিক ন্যায়বিচারও আমাদের লক্ষ্য ছিল। স্বাধীনতার ৪০ বছরে এসে বলতে হয়, এগুলো এখনো অর্জিত হয়নি। আমাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে। নতুন প্রজন্মের কাছে অনুরোধ, তারা যেন আমাদের স্বপ্ন পূরণ করে।’ সূত্র: এস আই এম নূরুন্নবী খান, বীর বিক্রম এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, ব্রিগেডভিত্তিক ইতিহাস।গ্রন্থনা: তারা রহমান[email protected]