তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।মো. ইদ্রিস আলী বীর প্রতীকমো. ইদ্রিস আলী একাত্তরের সেপ্টেম্বরের শেষে প্রথম সম্মুখযুদ্ধ করেন বালিউড়া-শনখাই এলাকায়। এই এলাকার সবচেয়ে বড় যুদ্ধ ছিল ছাতক যুদ্ধ। ১৯৭১ সালের ১৩-১৬ অক্টোবর ছাতক সিমেন্ট কারখানা ঘিরে এই রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এই যুদ্ধেও ইদ্রিস আলী অংশ নেন। বাংলাদেশ সেনাবাহিনীর সেনাদের সঠিকভাবে অবস্থান নিতে সহায়তা করা এবং রাজাকারদের হটানো ছিল তাঁর অধীন মুক্তিযোদ্ধাদের দায়িত্ব।মো. ইদ্রিস আলী ১৯৭১ সালে এইচএসসি পাস করে সিলেট মদনমোহন কলেজে নৈশ শাখায় পড়তেন। একই সঙ্গে দোয়ারাবাজারের বড়খাল জুনিয়র হাইস্কুলে শিক্ষকতা করতেন। এপ্রিল মাসে পাকিস্তানি বাহিনী ছাতক ও দোয়ারাবাজারে আসে। তখন তাঁরা কয়েকজন মিলে সিদ্ধান্ত নেন মুক্তিযুদ্ধে অংশ নেবেন। তারপর ভারতের মেঘালয়ের ইকো ওয়ান ট্রেনিং সেন্টারে প্রথম ব্যাচে ২৮ দিন প্রশিক্ষণ নেন তাঁরা। প্রথম দিকে ‘হিট অ্যান্ড রান’ পদ্ধতিতে তাঁরা রাতে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানিদের ক্যাম্প লক্ষ্য করে কিছুক্ষণ গুলি চালিয়ে আবার চলে যেতেন ওপারে। এভাবে তাঁরা ছোট কয়েকটি অপারেশন চালান। জুলাই মাসে মো. ইদ্রিস আলীর নেতৃত্বে এক প্লাটুন মুক্তিযোদ্ধা পাঠানো হয় দোয়ারাবাজারের বাংলাবাজারে। তখন এই বাজারের নাম ছিল পাকিস্তান বাজার। পরে তিনি তাঁর সহযোদ্ধাদের নিয়ে টেবলাই, চানপুর, জয়নগর এলাকায় পাকিস্তানিদের অবস্থানের কাছাকাছি বাংকার-পরিখা স্থাপন করে অবস্থান নেন। তাঁরা ছাতক-টেংরাটিলা গ্যাসের পাইপলাইন কয়েকবার উড়িয়ে দেন। পাকিস্তানিরা এক জায়গায় মেরামত করলে তাঁরা আবার আরেক জায়গায় সংযোগ বিচ্ছিন্ন করে দিতেন।মুক্তিযুদ্ধে সাহসী অবদানের জন্য মো. ইদ্রিস আলী ‘বীর প্রতীক’ খেতাব পেয়েছেন।মো. ইদ্রিস আলীর বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামে। তাঁর পিতা মো. ইসমাইল, মা মোসাম্মৎ জমিরা খাতুন, স্ত্রী মোসাম্মৎ উম্মে কুলসুম। তাঁর চার ছেলে। বর্তমানে তিনি দোয়ারাবাজারের বড়খাল স্কুল ও কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।আলাপকালে মো. ইদ্রিস আলী বলেন, ‘বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার হয়েছে। আমরা এখন যুদ্ধাপরাধের বিচারের অপেক্ষায়। এই বিচার সম্পন্ন হলেই জাতি কলঙ্কমুক্ত হবে।’সূত্র: মো. ইদ্রিস আলী বীর প্রতীক (তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি খলিলুর রহমান) এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর পাঁচ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গ্রন্থনা: তারা রহমান