২৫৭স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মোহাম্মদ ইব্রাহিম, বীর বিক্রমবীর যোদ্ধা সফল যোদ্ধামুক্তিযোদ্ধাদের কয়েকটি ছোট ছোট দল। একটি দলের নেতৃত্বে মোহাম্মদ ইব্রাহিম। তিনি তাঁর দল নিয়ে দ্রুত আক্রমণ শুরু করলেন পাকিস্তান সেনাবাহিনীর অবস্থানে। অন্যান্য দলও আক্রমণ শুরু করল। ঝটিকা আক্রমণে পাকিস্তানি সেনারা হতভম্ভ। মুক্তিবাহিনীর প্রবল আক্রমণে নিহত ও আহত হলো বেশ কজন পাকিস্তানি সেনা। কিছুক্ষণ প্রতিরোধ চালানোর পর বাকি পাকিস্তানি সেনারা পালিয়ে গেল। যাওয়ার সময় ফেলে গেল বিপুল অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ। এ ঘটনা ১৯৭১ সালের ২২ নভেম্বরের। আটগ্রামে।আটগ্রাম সিলেট জেলার জকিগঞ্জ থানার (বর্তমানে উপজেলা) অন্তর্গত। জকিগঞ্জ থানা সদর থেকে উত্তর দিকে। আটগ্রামের পাশেই চারগ্রাম। ১৯৭১ সালে আটগ্রাম ও চারগ্রাম—দুই স্থানেই ছিল পাকিস্তান সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টের একদল সেনা। নিয়মিত মুক্তিবাহিনীর জেড ফোর্সের প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্রাভো ও চার্লি কোম্পানি আটগ্রাম ও চারগ্রামে আক্রমণ করে। চার্লি কোম্পানিতে একটি প্লাটুনের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ ইব্রাহিম। এ যুদ্ধ সম্পর্কে ক্যাপ্টেন (পরে মেজর) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম লিখেছেন: ‘নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে সিলেটের চারগ্রাম ও আটগ্রাম এলাকার শত্রুঘাঁটির ওপর আক্রমণের জন্য আমরা সব কমান্ডিং অফিসার এবং কোম্পানি কমান্ডারগণ এ এলাকা ভালোভাবে রেকি করি। ২২ নভেম্বর সকালে আমি ‘বি’ কোম্পানি নিয়ে আর্টিলারির সাহায্যে চারগ্রাম ঘাঁটি আক্রমণ করি। সারা দিন প্রচণ্ড যুদ্ধের পর আমরা উক্ত ঘাঁটি দখল করে নিই। শত্রুপক্ষের প্রায় ৩০ জন হতাহত হয় এবং কয়েকজনকে আমরা জীবিত অবস্থায় বন্দী করি। এ ঘাঁটি থেকে আমরা প্রচুর অস্ত্রশস্ত্র, গোলাগুলি, খাদ্যদ্রব্য এবং যুদ্ধের প্রয়োজনীয় সরঞ্জাম দখল করি। এ আক্রমণে সাফল্য লাভ করায় আমাদের সৈন্যদের মনোবল অনেক গুণে বেড়ে যায়। এ যুদ্ধে ‘বি’ কোম্পানি অত্যন্ত সাহস ও রণকৌশল প্রদর্শন করে। একই দিনে ‘সি’ কোম্পানি ক্যাপ্টেন নূরের নেতৃত্বে আটগ্রাম ব্রিজ এলাকা আক্রমণ করে এবং দখল করে নেয়। এই স্থানেও আমরা প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাগুলি দখল করতে সক্ষম হই। এভাবে আমরা চারগ্রাম ও আটগ্রাম এলাকা সম্পূর্ণরূপে শত্রুমুক্ত করি। এ যুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ নিম্নলিখিত সৈন্যগণকে সাহসিকতার পুরস্কারে ভূষিত করা হয়। তাঁরা হলেন: ১. ক্যাপ্টেন নূর চৌধুরী (বীর বিক্রম), ২. নায়েব সুবেদার আবুল হাশেম, টিজে (বীর বিক্রম), ৩. নায়েব সুবেদার মো. ইব্রাহিম (বীর বিক্রম)। পাকিস্তানি সৈন্যরা প্রচুর ক্ষয়ক্ষতি স্বীকার করে সিলেটের দিকে পশ্চাদপসরণ করে। আমরা মেজর জিয়াউদ্দিনের নেতৃত্বে পাকিস্তানি সৈন্যদের অনুসরণ করতে থাকি। এবং গৌরীপুর এলাকায় প্রতিরক্ষাব্যবস্থা নিই।’ মোহাম্মদ ইব্রাহিম চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। ১৯৭১ সালে এই রেজিমেন্টের অবস্থান ছিল যশোর সেনানিবাসে। তখন তাঁর পদবি ছিল ‘নায়েব সুবেদার’। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধযুদ্ধকালে যশোরের বেনাপোলে যুদ্ধে তিনি সামান্য আহত হন। পরে ভারতে পুনগর্ঠিত হয়ে যুদ্ধ করেন জামালপুর জেলার কামালপুর, মৌলভীবাজার জেলার ধলই বিওপি, সিলেট এমসি কলেজসহ আরও কয়েক স্থানে। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মোহাম্মদ ইব্রাহিমকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদনম্বর ৩১।মোহাম্মদ ইব্রাহিম ২০০৯ সালের ২৫ মার্চ মারা গেছেন। তাঁর পৈতৃক বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুপুর গ্রামে। তাঁর বাবার নাম আইয়ুব আলী, মা হালিমা খাতুন। স্ত্রী সাফিয়া বেগম। তাঁর ছয় মেয়ে, এক ছেলে। সাফিয়া বেগম বললেন, ‘আমার স্বামী যুদ্ধ করেছেন, রাষ্ট্রীয় খেতাব পেয়েছেন। গ্রামের বহু লোক জানেই না যে তিনি বীর বিক্রম খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা। মৃত্যুর আগে আমার স্বামীর খবর কেউ নেননি।’সূত্র: ফখরুল ইসলাম (নোয়াখালী), লেখক-গবেষক, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, দলিলপত্র, দশম খণ্ড এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস। গ্রন্থনা: তারা রহমান[email protected]