২৬৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ শাহজালাল আহম্মদ, বীর প্রতীক বীরের রক্তে রাঙা হলো রণাঙ্গনশাহজালাল আহম্মদ ও তাঁর সহযোদ্ধারা অন্ধকারে নিঃশব্দে এগিয়ে যাচ্ছেন শত্রু পাকিস্তানিদের অবস্থানের দিকে। তাঁদের সঙ্গে আছে জিএফ রাইফেল। সেগুলো দিয়ে তাঁরা এনারগা গ্রেনেড ফায়ার করবেন। ক্যাম্পের অদূরে অবস্থান নিয়ে তাঁরা এনারগা গ্রেনেড ফায়ার করলেন। একই সময় অন্য সহযোদ্ধারা হ্যান্ডগ্রেনেড নিক্ষেপ করলেন। বিস্ফোরণের শব্দে গোটা এলাকা প্রকম্পিত। তারপর তাঁরা এগিয়ে যেতে থাকলেন ক্যাম্পের দিকে। এমন সময় হঠাৎ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন শাহজালাল আহম্মদ ও তাঁর দুই সহযোদ্ধা। রক্তে রঞ্জিত হতে থাকল মাটি। এ ঘটনা ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর, কল্যাণদীতে। নোয়াখালী জেলার সেনবাগ থানার (বর্তমানে উপজেলা) দক্ষিণে ফেনী-লক্ষ্মীপুর সড়কের সংযোগস্থলে কল্যাণদী। সেনবাগ ও সোনাইমুড়ী এলাকার বৃহত্তর জনগোষ্ঠীর চলাচলের অন্যতম সংযোগস্থল। ১৯৭১ সালে কল্যাণদীতে ছিল পাকিস্তানিদের সুরক্ষিত একটি ক্যাম্প। এই ক্যাম্পে ছিল পাকিস্তানি মিলিশিয়া, এ দেশীয় রাজাকার ও আলবদর সমন্বয়ে প্রায় ১৫০ জনের জনবল। নির্যাতন-হত্যা-লুণ্ঠনের মাধ্যমে তারা আশপাশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ঈদুল ফিতরের আগের রাতে (১৮ সেপ্টেম্বর) সেখানে মুক্তিযোদ্ধারা অপারেশন করেন। মুক্তিযোদ্ধাদের কয়েকটি দল এই অপারেশনে অংশ নেয়। এক নম্বর কাট অফ পার্টি দায়িত্ব পালন করে সেবারহাট বাজারে। তাঁদের ওপর দায়িত্ব ছিল পূর্বদিক থেকে যাতে ওই ক্যাম্পে কোনো সহায়তা না আসতে পারে। কাট অফ পার্টি দুই জমিদারহাটে অবস্থান নেয়। তাঁদের ওপর দায়িত্ব ছিল যাতে চৌমুহনীর দিক থেকে কোনো সহায়তা না আসতে পারে। অ্যাকশন পার্টি আক্রমণ পরিচালনা করে। এই দলে ছিলেন শাহজালাল আহম্মদসহ ৪০ জন। তাঁরা দুটি দলে বিভক্ত হয়ে পাকিস্তানিদের ক্যাম্পে আক্রমণ চালান। পরিকল্পনা মোতাবেক তাঁরা প্রথমে জিএফ রাইফেল দিয়ে এনারগা গ্রেনেড ফায়ার করেন। হঠাৎ এ আক্রমণে পাকিস্তানি মিলিশিয়া-রাজাকার ও আলবদররা ভ্যাবাচেকা খেয়ে যায়। তাদের হতভম্ব অবস্থা কাটতে না কাটতেই স্পেশাল টাস্ক পার্টি পাকিস্তানিদের বিভিন্ন ব্যাংকারে হ্যান্ডগ্রেনেড নিক্ষেপ করে। মুক্তিযোদ্ধারা শুনতে পান শত্রুদের আর্তনাদ। এই সময় অ্যাকশন পার্টির মুক্তিযোদ্ধারা ক্যাম্প দখল করার জন্য দৌড়ে সেদিকে যেতে থাকেন। তখনই ক্যাম্প থেকে পাকিস্তানিরা ব্রাশ ফায়ার করে। এই ব্রাশফায়ারে শাহজালাল আহম্মদ, সহযোদ্ধা মোহাম্মদ আলী (হাবিলদার), আবু তাহের গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। শাহজালাল আহম্মদ ও আবু তাহেরের মাথায় গুলি লাগে। তাঁরা দুজন সঙ্গে সঙ্গে শাহাদত বরণ করেন। মোহাম্মদ আলী পরে মারা যান। সেখানে এক ঘণ্টারও বেশি সময় তুমুল যুদ্ধ হয়। এরপর পাকিস্তানিরা রণেভঙ্গ দিয়ে পালিয়ে যায়। যুদ্ধ যখন শেষ তখন উষার প্রথম লগ্ন। ঈদের দিন সকাল। যুদ্ধ শেষে মুক্তিযোদ্ধারা শহীদ তিন সহযোদ্ধার মরদেহ নিয়ে ফিরছিলেন, তখন গ্রামবাসী ঈদের নামাজের কথা ভুলে তাঁদের সঙ্গী হন। পরে কানকিরহাট হাইস্কুলের মাঠে জানাজা শেষে শহীদ তিনজনকে হাইস্কুল মাঠের দক্ষিণে বড়দিঘির পশ্চিম পাশে সমাহিত করা হয়। শহীদ শাহজালাল আহম্মদ চাকরি করতেন পাকিস্তানি সেনাবাহিনীতে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন কুমিল্লা সেনানিবাসে। মার্চ মাসে ছুটিতে বাড়িতে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে যোগ দেন যুদ্ধে। দুই নম্বর সেক্টরের রাজনগর সাবসেক্টরের গেরিলা মুক্তিযোদ্ধাদের দলে ছিলেন তিনি। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য শাহজালাল আহম্মদকে বীর প্রতীক খেতাব প্রদান করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী, তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ১২৪। শাহজালাল আহম্মদের পৈতৃক বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানার ওমুরুখা ইউনিয়নের হরিণকাটা গ্রামে। বিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম আলতাফ আলী, মা জমিলা খাতুন। স্ত্রী সাফিয়া খাতুন। শাহজালাল আহম্মদের ভাই আবুল খায়ের বললেন, ‘আমার ভাই দেশের জন্য শহীদ হয়েছেন। তাঁর নামে এলাকার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা রাস্তার নামকরণ করা হলে বর্তমান প্রজন্ম তাঁর অবদান ও পরিচয় জানার সুযোগ পেত।’ সূত্র: ফখরুল ইসলাম (নোয়াখালী) এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২। গ্রন্থনা: তারা রহমান [email protected]