২৭স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।আজিজুল হকবীর প্রতীক১৬ নভেম্বর সকালে নাগেশ্বরী-ভূরুঙ্গামারী সড়কের সন্তোষপুর নামক স্থানে সশস্ত্র অবস্থায় পাকিস্তানি বাহিনীর দুজন সেনাকে দেখতে পেয়ে আজিজুল হক জীবনের ঝুঁকি নিয়ে তাদের জীবন্ত অবস্থায় ধরে ফেলেন। এদের একজনের নাম আতা মোহাম্মদ, সে ৪৮ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট ও অন্যজন সিপাহি আসলাম খান নেওয়াজি, ২৫ পাঞ্জাব রেজিমেন্টের সদস্য।আজিজুল হক ১৯৭১ সালে রংপুর ইপিআরের ১০ উইংয়ের সঙ্গে সংযুক্ত মুজাহিদ বাহিনীতে কর্মরত ছিলেন। ২৫ মার্চের ১০ দিন আগে এক সপ্তাহের ছুটি নিয়ে লালমনিরহাট শহরে বাবার বাড়িতে যান। ছুটি শেষে চাকরিতে আর যোগ দেননি।মুক্তিযুদ্ধ শুরু হলে কয়েক দিন পর ভারতে যান। পরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য ৮ নম্বর সেক্টরের সাহেবগঞ্জ সাবসেক্টরে হাজির হন। ক্যাপ্টেন নওয়াজেশ তাঁকে কোম্পানি কমান্ডার পদে নিযুক্ত করেন। তাঁর যুদ্ধ-এলাকা ছিল কুড়িগ্রাম জেলার জয়মনিরহাট, ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, পাটেশ্বরী, রায়গঞ্জ ও সন্তোষপুর।মুক্তিযুদ্ধে সাহসিকতা প্রদশনের জন্য স্বাধীনতার পর আজিজুল হককে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।১৯৭২ সালে মুক্তিযোদ্ধাদের নিয়ে ন্যাশনাল মিলিশিয়া গঠিত হলে তিনি গাইবান্ধার ন্যাশনাল মিলিশিয়ার ক্যাম্প কমান্ডেন্ট নিযুক্ত হন। পরে তাঁকে অনারারি ক্যাপ্টেন পদমর্যাদা দেওয়া হয়।বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বর্তমানে লালমনিরহাট জেলা শহরের রামকৃষ্ণ মিশন রোডের পারিবারিক বাড়িতে বসবাস করছেন। তাঁর বাবার নাম ছখিউদ্দিন আহমেদ, মায়ের নাম আছিয়া খাতুন। তিনি বিবাহিত। স্ত্রীর নাম ফরিদা হক। তাঁদের এক ছেলে ও এক মেয়ে।আলাপকালে বীর প্রতীক আজিজুল হক বললেন, ‘যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পন্ন হয়েছে দেখে মরলে ১৯৭১ সালে আমার বাড়িতে অগ্নিসংযোগ ও বাবার বড় সন্তান হওয়ার পরও তাঁর মরদেহ শেষবারের মতো দেখতে না পারার দুঃখ ভুলে যেতে পারতাম।’ মুক্তিযুদ্ধ চলাকালে ১১ সেপ্টেম্বর আজিজুল হকের বাবা ভারতের আলীপুর দুয়ার মহকুমার ছিপকাটা গ্রামে মৃত্যুবরণ করেন।সূত্র: আজিজুল হক বীর প্রতীক। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন।গ্রন্থনা: তারা রহমান