তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭৪ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ নূরুল হক, বীর উত্তমশত্রুর প্রতিহামলায় শহীদ হলেন তিনিতুমুল যুদ্ধের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধারা দখল করলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থান। মুক্তিবাহিনীর একটি দলে আছেন নূরুল হক। পরদিন সকাল হতেই তাঁদের ওপর শুরু হলো পাকিস্তানি আর্টিলারি গোলাবর্ষণ। বৃষ্টির মতো গোলা পড়তে থাকল। মুক্তিযোদ্ধারা নিরাপদ স্থানে অবস্থান নিতে থাকলেন। এমন সময় একটি গোলা এসে বিস্ফোরিত হলো নূরুল হকের কাছে। নিমিষে খণ্ডবিখণ্ড হয়ে গেলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নূরুল হক। এ ঘটনা ১৯৭১ সালের ২৮ নভেম্বর। রাধানগরে।সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত রাধানগর। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে রাধানগরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর কয়েক দিন ধরে যুদ্ধ হয়। রাধানগরে পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থান ছিল বেশ শক্তিশালী। প্রতিরক্ষায় নিয়োজিত ছিল ৩১ পাঞ্জাব রেজিমেন্ট ও টসি ব্যাটালিয়ন। তারা বেশ দুর্ধর্ষ প্রকৃতির ছিল। ২৭ নভেম্বর মুক্তিবাহিনী এককভাবে রাধানগরে আক্রমণ করে। মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে রাধানগরের পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থান দখল করে নেন। এই যুদ্ধে নূরুল হকসহ বেশির ভাগ মুক্তিযোদ্ধা অসীম সাহস ও বীরত্ব প্রদর্শন করেন। ২৮ নভেম্বর সকালে পাকিস্তান সেনাবাহিনী আর্টিলারি গোলাবর্ষণ করে সেখানে পাল্টা আক্রমণ চালায়। তখন নূরুল হক গোলার আঘাতে শহীদ হন। তাঁর শরীর খণ্ডবিখণ্ড হয়ে যায়। এ সময় তিনি তাঁর অধিনায়ক লেফটেন্যান্ট এস আই এম নূরুন্নবী খানের (বীর বিক্রম, পরে লেফটেন্যান্ট কর্নেল) কাছেই ছিলেন। এদিনের ঘটনা সম্পর্কে নূরুন্নবী খান (বীর বিক্রম) তাঁর অপারেশন রাধানগর বইয়ে বর্ণনা দিয়েছেন। তিনি লিখেছেন: ‘২৮ নভেম্বর, ১৯৭১। সকাল ৭টা বেজে ১০ মিনিটের মতো হবে। চারদিক দিনের আলোয় উদ্ভাসিত। এ সময় আমি আমার প্রতিটি প্লাটুন এবং সেকশনকে পাকিস্তানিদের যেকোনো ধরনের প্রতিহামলা প্রতিহত করার জন্য প্রস্তুত করে নির্বাচিত কমান্ডপোস্ট এলাকায় অবস্থান করছিলাম। ৮টার দিকে পাকিস্তানিদের সেই প্রতীক্ষিত প্রতিহামলা শুরু হয়ে গেল। প্রথমেই প্রায় ১৫ মিনিট ধরে ওরা ব্যাপক আকারে আমাদের অবস্থানের ওপর গোলা নিক্ষেপ করল। পাকিস্তানিরা যেন দেখে দেখে গোলা নিক্ষেপ করছিল। কিন্তু আমাদের দখলীকৃত পাকিস্তানিদের বাংকারগুলো এতই মজবুত ছিল যে আর্টিলারি গোলা ক্ষতি করতে পারছিল না। হঠাৎ একটি গোলা এসে আমার কমান্ডপোস্টের বাঁশঝাড়টির প্রায় সবগুলো বাঁশই টুকরো টুকরো করে ছিন্নবিচ্ছিন্ন করে ফেলল। সিপাহী নূরুর (নূরুল হক) দেহটি টুকরো টুকরো হয়ে চারদিক ছড়িয়ে-ছিটিয়ে গেল। গুম শব্দে মুহূর্তের মধ্যে আমি ড্রাইভ দিয়ে বাংকারে ঢুকে পড়েছিলাম। নূরু (নূরুল হক) তা করতে সময় পায়নি।’নূরুল হক চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৭০ সালে কর্মরত ছিলেন পশ্চিম পাকিস্তানে (বর্তমান পাকিস্তান)। নভেম্বর মাসের শেষ দিকে তিনি ছুটি নিয়ে বাড়ি আসেন। বাড়ি এসে বিয়ে করেন। এরপর ক্রমেই দেশের পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে তিনি আর চাকরিতে যোগ দেননি। মুক্তিযুদ্ধ শুরু হলে সদ্য বিবাহিত স্ত্রীকে ঘরে রেখে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধযুদ্ধ শেষে যুদ্ধ করেন নিয়মিত মুক্তিবাহিনীর তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীনে। ছাতক, গোয়াইনঘাটসহ আরও কয়েক স্থানে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে অসীম সাহস ও বীরত্বের জন্য শহীদ নূরুল হককে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ৪০। শহীদ নূরুল হকের পৈতৃক বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের সিরাজপুর গ্রামে। তাঁর বাবার নাম আবদুল কাদের। মা শামসুন নাহার। স্ত্রী নূর নেছা। সূত্র: প্রথম আলোর নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমান, ফখরুল ইসলাম (নোয়াখালী) এবং মেজর (অব.) ওয়াকার হাসান বীর প্রতীক। গ্রন্থনা: তারা রহমান[email protected]