২৯স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।মতিউর রহমানবীর বিক্রমমতিউর রহমান একটি কোম্পানির কমান্ডার ছিলেন। তাঁর কোম্পানির নাম ছিল ‘কোবরা’। সাচনাবাজারের যুদ্ধ ছিল তাঁর প্রথম যুদ্ধ। এরপর সুরমা নদী, তাহিরপুর উপজেলার কাউকান্দি বাজারে যুদ্ধ করেন। সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ স্থান সাচনাবাজার। ১৯৭১ সালের ৮ আগস্ট সেখানে পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের বড় রকমের এক সংঘর্ষ হয়। সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর শক্ত একটি ঘাঁটি ছিল। সেদিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের ওই অবস্থানে আক্রমণ করেন। এই দলে মতিউর রহমানও ছিলেন। সহযোদ্ধা সিরাজুল ইসলাম ও আরেকজন যোদ্ধা বাংকারে গ্রেনেড চার্জ করছিলেন। মতিউর রহমান বাংকারের মুখ বরাবর এলএমজির গুলি চালিয়ে তাঁদের কভার দিচ্ছিলেন। সেদিন এই যুদ্ধে সিরাজুল ইসলামসহ ছয়জন মুক্তিযোদ্ধা সেখানে শহীদ হন।মতিউর রহমান ১৯৭১ সালে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি নিজ এলাকায় গিয়ে ছাত্র-যুবকদের সংগঠিত করতে থাকেন। পরে তিনি ভারতে গিয়ে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে তাঁকে ৫ নম্বর সেক্টরের অধীন বড়ছড়া সাব-সেক্টরে পাঠানো হয়। পরে তিনি কোবরা কোম্পানির যোদ্ধাদের নিয়ে ৩ নম্বর সেক্টরের অধীন কিশোরগঞ্জ এলাকায় আসেন। ২০ অক্টোবর কিশোরগঞ্জ জেলার নিকলী ও ৯ নভেম্বর করিমগঞ্জের ইটনায় তিনি যুদ্ধ করেন। ২৭ নভেম্বর তাঁর কোবরা কোম্পানির মুক্তিযোদ্ধারা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অষ্টগ্রাম মুক্ত করে কিশোরগঞ্জের ভাটি এলাকায় এক বিরাট মুক্তাঞ্চল গঠন করেন। গচিহাটাতেও তাঁর কোবরা কোম্পানি যুদ্ধ করে।মুক্তিযুদ্ধে সাহসিকতা প্রদর্শনের জন্য গণবাহিনীর যোদ্ধা মতিউর রহমান স্বাধীনতার পর বীর বিক্রম খেতাব পান।মুক্তিযোদ্ধা মতিউর রহমানের বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার বানিয়াহাটি গ্রামে। তিনি বর্তমানে নিজ এলাকাতেই বসবাস করছেন। প্রকৌশল পেশা থেকে অবসর নিয়ে কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে কিছুটা অসুস্থ। তিনি ডায়াবেটিস ও হূদেরাগেও আক্রান্ত। তাঁর বাবার নাম কিনু মিয়া, মায়ের নাম হীরা বানু। স্ত্রীর নাম রাবেয়া রহমান। তাঁদের এক ছেলে, এক মেয়ে। আলাপকালে তিনি বলেন, ‘১৯৭১ সালে অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানিদের হটিয়ে দেশমাতৃকাকে স্বাধীন করেছি। এখন সেই হাতে কৃষিকাজ করে এ দেশের মানুষের মুখে অন্ন জুগিয়ে খাদ্যনিরাপত্তায় ভূমিকা রাখছি। আমার জন্য এটিও এক যুদ্ধ।’সূত্র: মতিউর রহমান বীর বিক্রমের সাক্ষাৎকার নিয়েছেন, প্রথম আলোর নিকলী প্রতিনিধি দিলীপ কুমার সাহা এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর তিন ও পাঁচ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গ্রন্থনা: তারা রহমান