তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।শহীদ খায়রুল জাহানবীর প্রতীক১৯৭১ সালের ২৬ নভেম্বর কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার চরপুমদী বাজার সংলগ্ন প্যারাডাঙ্গা পুলের কাছে পাকিস্তানি বাহিনীর সহযোগী মুজাহিদ ও রাজাকার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের বড় যুদ্ধ হয়। তখন খায়রুল জাহানের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের ছোট একটি দল সেখানে অবস্থান করছিল। সেদিন মুজাহিদ আর রাজাকাররা মিলে মুক্তি-যোদ্ধাদের ঘিরে ফেলেছিল। তখন তুমুল যুদ্ধ শুরু হয়। মুক্তিযোদ্ধারা পাল্টা আক্রমণ করে তাদের ব্যাপক ক্ষতি সাধন করেন। তবে মুক্তিবাহিনীকেও অনেক মূল্য দিতে হয়। সম্মুখযুদ্ধের এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের দলনেতা খায়রুল জাহান বুঝতে পারেন এই যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা নেই। তখন তিনি তাঁর দলকে রক্ষা করার জন্য একাই সামনে এগিয়ে গিয়ে গুলি করতে থাকেন। এ সময় মুজাহিদ আর রাজাকাররা তাঁকে ঘেরাও করে ফেলে। তাদের হাতে ধরা পড়ার পূর্ব মুহূর্তে খায়রুল নিজের ওপর নিজেই গ্রেনেড চার্জ করে আত্মাহুতি দেন। খায়রুল জাহান ও তাঁর সহযোদ্ধা মো. সেলিম সেখানে শহীদ হন।১৯৭১ সালে খায়রুল জাহান ২০ বছরের যুবক ছিলেন। পড়াশোনা করতেন ময়মনসিংহ কারিগরি মহাবিদ্যালয়ে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি নিজ এলাকায় চলে যান। পরে ভারতে গিয়ে মেঘালয়ে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে তাঁকে ২ নম্বর সেক্টরে গণবাহিনীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে মুক্তিবাহিনীর একটি দলের দলনেতার দায়িত্ব দেওয়া হয়। খায়রুল জাহান তাঁর দলের মুক্তিযোদ্ধাদের নিয়ে ২ নম্বর সেক্টর এলাকায় ছোটখাটো কয়েকটি অপারেশন করার পর নভেম্বরে নিজ এলাকায় যুদ্ধ করতে আসেন। প্যারাডাঙ্গায় অবস্থানের সময় পাকিস্তানি বাহিনীর সহযোগী মুজাহিদ ও রাজাকার বাহিনী তাঁদের ওপর আক্রমণ করে।স্বাধীনতার পর খায়রুল জাহানকে মরণোত্তর বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।বীর প্রতীক খায়রুল জাহানের বাবার নাম আবদুল হাই তালুকদার। মায়ের নাম শামসুন্নাহার। কিশোরগঞ্জ শহরের সোলাকিয়া, খড়মপট্টি এলাকায় তাঁর পৈতৃক বাড়ি।স্বাধীনতার পর খায়রুল জাহানের স্মরণে প্যারাডাঙ্গায় রণাঙ্গনস্থলে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। ময়মনসিংহ কারিগরি মহাবিদ্যালয়ের একটি ছাত্রাবাসের নামকরণ হয়েছে ‘শহীদ খায়রুল ছাত্রাবাস’ নামে।সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর তিন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং প্রথম আলোর কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল হক মোল্লার পাঠানো তথ্য।গ্রন্থনা: তারা রহমান