৩০৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ রবিউল হক, বীর প্রতীকশত্রুর গোলায় প্রাণ দিলেন তিনিমুক্ত এলাকায় নিজেদের ক্যাম্প প্রহরা দিচ্ছেন মুক্তিযোদ্ধা রবিউল হক। তাঁর সঙ্গে আছেন আরও কয়েকজন। ক্যাম্পের পাশেই রাখা শত্রু পাকিস্তানি সেনাদের ফেলে যাওয়া বিপুল অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ। হঠাৎ তাঁদের ক্যাম্পের আশপাশে পড়তে থাকল গোলা। বিভ্রান্ত মুক্তিযোদ্ধারা বোঝার চেষ্টা করলেন কোন দিক থেকে গোলা আসছে। কিন্তু তার আগে নিজেদের জীবন বাঁচাতে হবে। তাই তাঁরা দ্রুত নিরাপদ অবস্থানে যেতে থাকলেন। রবিউল হকও সেই চেষ্টা করলেন। কিন্তু ব্যর্থ হলেন। তাঁর একদম কাছেই পড়ল একটি গোলা। স্প্লিন্টার এসে আঘাত হানল তাঁর শরীরে। মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। রক্তে ভেসে গেল মাটি। নিমিষেই জীবনপ্রদীপ নিভে গেল রবিউল হকের। এ ঘটনা পাঠাননগরে। ১৯৭১ সালের ডিসেম্বরে।পাঠাননগর ফেনী জেলার অন্তর্গত। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে মুক্তিযোদ্ধারা বিলোনিয়া দখল করলে পাকিস্তানি সেনারা পাঠাননগরে সমবেত হয়। মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের আক্রমণ করেন। মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে পাকিস্তানি সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতি শিকার করে পেছন দিকে পালিয়ে যায়। যাওয়ার সময় পাকিস্তানি সেনারা ফেলে যায় অসংখ্য গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র। মুক্তিযোদ্ধারা সেগুলো সংগ্রহ করে পাঠাননগরে তাঁদের ক্যাম্পে জমা করেন। ওদিকে পাকিস্তানি সেনাদের একাংশ পালিয়ে যায় চট্টগ্রামের দিকে। অপর দল যায় লাকসামের দিকে। মুক্তিযোদ্ধারা তাঁদের ধাওয়া করেন। আর অল্পসংখ্যক থেকে যান ক্যাম্প, অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ প্রহরায়। এই দলে ছিলেন রবিউল হক।৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা ফেনী মুক্ত করেন। এরপর তাঁরা অগ্রসর হন চট্টগ্রামের দিকে। এ সময় পলায়নরত পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত যুদ্ধ হয়। এসব যুদ্ধে পাকিস্তানি সেনারা ব্যাপক হারে দূর ও স্বল্প পাল্লার কামানের গোলা নিক্ষেপ করে। একদিন সেসব গোলার কিছু এসে পড়ে পাঠাননগরে। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একটি গোলা এসে পড়ে রবিউল হকের একদম কাছে। বিস্ফোরিত গোলার স্প্লিন্টার সরাসরি আঘাত করে তাঁর শরীরে। তিনি সঙ্গে সঙ্গে শহীদ হন। পরে সহযোদ্ধারা রবিউল হকের মরদেহ পাঠিয়ে দেন তাঁর গ্রামের বাড়িতে। সেখানে তাঁকে সমাহিত করা হয়। পাঠাননগরের কাছেই ছিল তাঁর বাড়ি। তাঁর সমাধি চিহ্নিত, তবে সংরক্ষিত নয়।রবিউল হক চাকরি করতেন ইপিআরে (ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর, এখন বিজিবি)। ১৯৭১ সালে কর্মরত ছিলেন ময়মনসিংহ ইপিআর সেক্টরের অধীনে। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধযুদ্ধ শেষে ২ নম্বর সেক্টরের রাজনগর সাব সেক্টরে যুদ্ধ করেন। বিলোনিয়া, পরশুরামসহ আরও কয়েক স্থানে সাহস ও বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য শহীদ রবিউল হককে মরণোত্তর বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ২৫০।শহীদ রবিউল হকের পৈতৃক বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর আনন্দপুর গ্রামে। বিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম আমিনউল্লা মজুমদার। মা ছাবেদা খাতুন। স্ত্রী মেহের আফরোজ বেগম। তাঁর এক ছেলে। রবিউল হকের ছেলে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করেন।শহীদ রবিউল হকের স্ত্রী মেহের আফরোজ বেগম বললেন, ‘আমার স্বামীর বীরত্বের কথা স্থানীয় বেশির ভাগ মানুষ জানেন না। তাঁর সমাধি সরকারিভাবে সংরক্ষণ করা হয়নি। এলাকার কোনো রাস্তাঘাট বা প্রতিষ্ঠানও তাঁর নামে নামকরণ করা হয়নি।’সূত্র: প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, ফখরুল ইসলাম (নোয়াখালী) এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২।গ্রন্থনা: রাশেদুর রহমান[email protected]