তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।আবদুল গফুরবীর প্রতীক১৯৭১ সালের ২১ নভেম্বর সিলেটের চারগ্রামে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর এক ভয়াবহ যুদ্ধ হয়। আবদুল গফুর এই যুদ্ধে অংশ নেন। মুক্তিবাহিনীর স্বতন্ত্র ব্রিগেড জেড ফোর্সের অধীন প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্রাভো কোম্পানি আটগ্রাম-চারঘাট-সিলেট অক্ষ ধরে চূড়ান্ত অভিযান শুরু করলে সেদিন চারগ্রামে এই যুদ্ধ সংঘটিত হয়। ব্রাভো কোম্পানির মুক্তিযোদ্ধারা একপর্যায়ে পাকিস্তানি বাহিনীর তুমুল গোলাগুলি উপেক্ষা করে তাদের সেখানকার ঘাঁটির ভেতর ঢুকে পড়েন এবং ২০ জন পাকিস্তানি সেনাকে তাঁরা বন্দী করেন। পাকিস্তানি বাহিনীর বাকি সেনারা পালিয়ে যায়। যুদ্ধে মুক্তিবাহিনীর পাঁচজন আহত হন। আটগ্রাম যুদ্ধে আবদুল গফুর চরম সাহসিকতা প্রদর্শন করেন।আবদুল গফুর পাকিস্তানি সেনাবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে হাবিলদার পদে কর্মরত ছিলেন। এই রেজিমেন্টের অবস্থান ছিল যশোর সেনানিবাসে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এই রেজিমেন্টকে পাকিস্তানের শিয়ালকোটে বদলি করা হয়। সে কারণে তাদের বেশির ভাগ ছুটিতে এবং বাকিরা যশোরের চৌগাছায় শীতকালীন প্রশিক্ষণে ছিলেন। আবদুল গফুরও তখন প্রশিক্ষণরত। মুক্তিযুদ্ধ শুরু হলে প্রশিক্ষণরতদের সেনা-নিবাসে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। ২৯ মার্চ গভীর রাতে তাঁরা সেনানিবাসে ফেরত আসেন। পরদিন পাকিস্তানি সেনাবাহিনীর ২৫ বালুচ ও ২২ এফএফ রেজিমেন্ট তাদের আক্রমণ করে। তখন তাঁরা তাদের প্রতিরোধের চেষ্টা করে ব্যর্থ হন। এরপর তাঁরা সেনানিবাস থেকে বের হয়ে চৌগাছায় একত্র হন এবং ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে মুক্তিযুদ্ধে যোগ দেন। পরে তাঁরা ভারতে যান।ভারতে পুনর্গঠিত হওয়ার পর আবদুল গফুর প্রথম যুদ্ধ করেন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুরে। ৩০-৩১ জুলাইয়ে এই যুদ্ধ সংঘটিত হয়। এরপর তাঁরা সিলেট এলাকায় চলে আসেন। তিনি সিলেট এলাকায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্রাভো কোম্পানির অধীনে আটগ্রাম, কানাইঘাট ও এমসি কলেজসহ আরও কয়েকটি স্থানে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। সম্মুখযুদ্ধে আবদুল গফুর যথেষ্ট সাহসিকতার পরিচয় দেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবদুল গফুর বীর প্রতীক খেতাব পেয়েছেন।আবদুল গফুর বীর প্রতীকের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের পশ্চিম পাড়ায়। রাজপাট নিভৃত গ্রাম। এখানে পৈতৃক ভাঙাচোরা বাড়িতে তিনি বসবাস করছেন। তাঁর বাবার নাম হাতেম মোল্লা, মায়ের নাম সাজু খাতুন। স্ত্রীর নাম মমতাজ বেগম। তাঁর তিন ছেলে, তিন মেয়ে।আবদুল গফুর এখন পক্ষাঘাতগ্রস্ত। ঠিকঠাক কথা বলতে পারেন না। হাঁটাচলা করতে কষ্ট হয়। অর্থের অভাবে তাঁর সুচিকিৎসা হচ্ছে না। ১৯৮১ সালে সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নেন। এক বছর হলো মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পাচ্ছেন।সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং প্রথম আলোর গোপালগঞ্জ প্রতিনিধি সুব্রত সাহার পাঠানো তথ্য।গ্রন্থনা: তারা রহমান