তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩২স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।আবদুর রউফ মজুমদারবীর প্রতীক১৯৭১ সালের ২৮ মার্চ। ভোরবেলা। আবদুর রউফ মজুমদারের নেতৃত্বে একদল ইপিআর (স্বাধীনতার পরে বিডিআর, এখন বিজিবি) সৈনিক পাকিস্তানি সেনাদের অগ্রাভিযান রোধ করতে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় অবস্থান নেয়। সকাল আটটায় তাঁরা পাকিস্তানি বাহিনীর মুখোমুখি হন। শুরু হয় তুমুল যুদ্ধ। লড়াই চলে টানা তিন ঘণ্টা। এই যুদ্ধে তাঁরা সাহস ও বীরত্ব প্রদর্শন করা সত্ত্বেও তাঁদের পক্ষে পাকিস্তানিদের অগ্রাভিযান রোধ করা সম্ভব হয়নি। সেদিন যুদ্ধে ইপিআর বাহিনীর চারজন শহীদ ও আবদুর রউফ মজুমদারসহ দুজন আহত হন। সহযোদ্ধারা তাঁকে উদ্ধার করে ফেনীতে নিয়ে যান। ফেনী তখন মুক্ত ছিল। পরে তিনি ভারতে উন্নত চিকিৎসা নেন। ইপিআর বাহিনীর নায়েক সুবেদার আবদুর রউফ মজুমদার ১৯৭১ সালে খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্ত এলাকায় কর্মরত ছিলেন। চট্টগ্রাম ইপিআরের হেডকোয়ার্টার্সের অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন রফিকের বার্তা পেয়ে তিনি এক প্লাটুনেরও বেশি ইপিআর সৈনিক নিয়ে ২৬ মার্চ দুপুরে চট্টগ্রাম শহরের ওয়াপদা গেস্ট হাউসে অবস্থানরত ইপিআর সৈনিকদের সঙ্গে মিলিত হন। পরে তাঁরা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে পাকিস্তান সেনাবাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা করেন।সুস্থ হওয়ার পর আবদুর রউফ মজুমদার আবার মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি পরে যুদ্ধ করেন ২ নম্বর সেক্টরের রাজনগর সাব-সেক্টর এলাকায়। বিলোনিয়া, মুন্সিরহাট, ফুলগাজীসহ আরও কয়েক স্থানে তিনি যুদ্ধ করেছেন।মুক্তিযুদ্ধে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য আবদুর রউফ মজুমদার বীর প্রতীক খেতাব পেয়েছেন।আবদুর রউফ মজুমদারের বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের জঙ্গলঘোনা গ্রামে। তাঁর বাবার নাম আনু মিয়া মজুমদার। মায়ের নাম জানা যায়নি। স্ত্রীর নাম শামসুন নাহার। স্বাধীনতার পর ১৯৭৮ সালে তিনি বিডিআরের চাকরি থেকে অবসর পান। তার পর থেকে জঙ্গলঘোনা গ্রামে পৈতৃক ছোট একটি বাড়িতে বসবাস করতেন। ১৯৯৫ সালের ৫ নভেম্বর তিনি মারা গেছেন। তাঁর স্ত্রীও মারা গেছেন। তাঁর চার ছেলে ও তিন মেয়ে।বীর প্রতীক আবদুর রউফ মজুমদারের ছেলে জায়েদুল কবির জানালেন, অবসর গ্রহণের পর কেউ তাঁর বাবার খোঁজখবর নেয়নি। সামান্য পেনশন ও পৈতৃক সূত্রে প্রাপ্ত জমির আয়ে বাবার দিন চলত। বাবা মারা যাওয়ার পর অবশ্য তাঁর মা দুবার সরকারি অনুদান পেয়েছেন। এখন নিজেদের উপার্জনে তাঁরা কোনোরকমে চলছেন। এলাকার কেউ জানে না তাঁর বাবা একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস সেক্টর এক ও দুই এবং প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহেরের পাঠানো তথ্য।গ্রন্থনা: তারা রহমান