তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩২১স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আহমেদুর রহমান, বীর প্রতীকমনোবল আর সাহসে দৃপ্ত মুক্তিযোদ্ধাআহমেদুর রহমানসহ একদল মুক্তিযোদ্ধা গভীর রাতে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে এলেন। তাঁরা সীমান্তসংলগ্ন এক গ্রামে ফাঁদ (অ্যামবুশ) পাতলেন। তারপর তাঁরা অপেক্ষা করতে থাকলেন পাকিস্তানি সেনাদের জন্য। ভোর ছয়টায় একসঙ্গে গর্জে উঠল তাঁদের সবার অস্ত্র। হকচকিত পাকিস্তানি সেনারা প্রাথমিক বিপর্যয় কাটিয়ে পাল্টা আক্রমণ শুরু করল। পাকিস্তানি সেনারা সংখ্যায় মুক্তিযোদ্ধাদের তুলনায় অনেক বেশি। তাদের প্রচণ্ড পাল্টা আক্রমণে মুক্তিযোদ্ধারা বেশ ঝুঁকির মধ্যে পড়লেন। আহমেদুর রহমানসহ কয়েকজন মনোবল ও সাহস হারালেন না। বীরত্বের সঙ্গে পাকিস্তানিদের আক্রমণ মোকাবিলা করতে থাকলেন। তাঁদের বীরত্ব ও সাহসে উজ্জীবিত হলেন সহযোদ্ধারা। এ ঘটনা বরণীতে। ১৯৭১ সালের ৩ অক্টোবর। বরণী যশোর জেলার চৌগাছা উপজেলার অন্তর্গত।আহমেদুর রহমান ২০০৬ সালে মারা গেছেন। তিনি মুক্তিযুদ্ধের কিছু ঘটনা একটা ডায়েরিতে লিখে গেছেন। তাতে বরণীর যুদ্ধের বিবরণ আছে। তিনি লিখেছেন, ‘...অক্টোবরের ৩ তারিখের আর একটি অপারেশনের কথা আমার খুব মনে পড়ে। জায়গার নাম ছিল বরণী। আমরা খবর পেলাম পাকবাহিনী সেখানে ঘাঁটি গেড়েছে। খবর পাওয়া মাত্রই আমরা বরণীর উদ্দেশে রওনা দেই। তখন আমাদের কমান্ডার ছিলেন ক্যাপ্টেন নাজমুল হুদা (বীর বিক্রম, পরে কর্নেল)। আমরা সেখানে ভোর তিনটার সময় অ্যামবুশ নেই। তারপর কমান্ডারের নির্দেশের জন্য অপেক্ষা করতে থাকি। নির্দেশ পাই সকাল ৬টায়। আমাদের সবার অস্ত্র গর্জে ওঠে। শত্রুদের পক্ষ থেকেও আমাদের দিকে গুলি আসতে থাকে। আমাদের হঠাৎ আক্রমণে শত্রুরা বিশৃঙ্খল হয়ে পড়ে। আমরা সেখানে ছিলাম ৩০ জনের মতো। শত্রু ছিল অনেক। কয়েক প্লাটুন। আড়াই ঘণ্টার মতো যুদ্ধ হয়। এ যুদ্ধে আমি আহত হই। গোলার টুকরা আমার রানে (ঊরু) লাগে। আহত হওয়া সত্ত্বেও আমি যুদ্ধ চালিয়ে যাই। হানাদাররা (পাকিস্তানি সেনা) যেহেতু সংখ্যায় অনেক বেশি, তারা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করে। আমরা তাদের উদ্দেশ্য টের পেয়ে গুলি করতে করতে পিছে হটি। সেখানে আমাদের এক ইপিআর সেনা শহীদ হন।’আহমেদুর চাকরি করতেন ইপিআরে (ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর, এখন বিজিবি)। ১৯৭১ সালে কর্মরত ছিলেন যশোর ইপিআর সেক্টরের অধীনে। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। এ সময়েরও কিছু বর্ণনাও আছে তাঁর ডায়েরিতে। তিনি লিখেছেন, ‘...আমি তখন ইপিআরের ৪ উইংয়ের সৈনিক হিসেবে চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী যাদবপুরে। ২৭ মার্চ হবে, আমাদের ক্যাম্প পরিদর্শনে আসে অবাঙালি অফিসার ক্যাপ্টেন সাদেক। ক্যাম্পে বাংলাদেশের মানচিত্রখচিত লাল সবুজ পতাকা দেখে সে আমাদের খুব গালি গালাজ করতে থাকে। আমাদের একজন (সিপাহি আশরাফ) প্রতিবাদ করলে ক্যাপ্টেন সাদেক তাঁকে সঙ্গে সঙ্গে গুলি করে। আশরাফ মাটিতে লুটিয়ে পড়ে। আমরা সকলেই প্রস্তুত ছিলাম। আমাদের কোম্পানি কমান্ডার ছিলেন সুবেদার মজিদ মোল্লা। তিনি ইশারা করা মাত্র আমরা ক্যাপ্টেন সাদেককে লক্ষ্য করে গুলি করি। সঙ্গে সঙ্গে সে মারা যায়।’মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য আহমেদুর রহমানকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ২২০। গেজেটে নাম আহমাদুর রহমান।আহমেদুর রহমানের পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখিল গ্রামে। মৃত্যুর আগে তিনি খুব অর্থকষ্টে দিন কাটিয়েছেন। তাঁর বাবার নাম আবদুল আলী। মা আমাতুন নূর বেগম। স্ত্রী হোসনে আরা বেগম। তাঁর দুই ছেলে ও সাত মেয়ে।সূত্র: মোহাম্মদ ইকবাল হোসেন (আহমেদুর রহমান বীর প্রতীকের ছেলে) এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮।গ্রন্থনা রাশেদুর রহমান[email protected]