তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৩স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।হারুন-উর রশিদবীর প্রতীক১৯৭১ সালের ২০ অক্টোবর। মধ্যরাত। গণবাহিনীর দেড় শ মুক্তিযোদ্ধা তিন দলে বিভক্ত হয়ে রাতের অন্ধকারে নিঃশব্দে এগিয়ে চলেছেন। তাঁরা ঘড়ির কাঁটায় রাত সাড়ে তিনটা বাজার সঙ্গে সঙ্গে সরারচর রেলস্টেশন ও পার্শ্ববর্তী পাকিস্তানি অবস্থানে আক্রমণ করবেন। মুক্তিযোদ্ধা হারুন-উর রশিদও একটি দলের সঙ্গে রয়েছেন। সরারচরের অবস্থান কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়। মুক্তিযুদ্ধ চলাকালে এই রেলস্টেশনের গুরুত্ব ছিল অপরিসীম। পরিকল্পনামতো মুক্তিযোদ্ধাদের একটি দল মাইনের সাহায্যে নিকটবর্তী ঝুমাপুর রেলসেতু ধ্বংস করে। দ্বিতীয় দল বিস্ফোরণের শব্দ শোনার সঙ্গে সঙ্গে সরারচর রেলস্টেশনে অবস্থানরত রাজাকারদের ওপর আক্রমণ করে। তৃতীয় দল একই সময়ে পার্শ্ববর্তী শিবনাথ স্কুলে অবস্থানরত পাকিস্তানি ৭০ উইং রেঞ্জার্স ফোর্সের ওপর আক্রমণ করে। সে সময় রেঞ্জার্স ফোর্স পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংযুক্ত ছিল। সরারচর রেলস্টেশনে দুজন রাজাকার নিহত হয়। অন্যরা আহত অবস্থায় পালিয়ে যায়। শিবনাথ স্কুলে কয়েকজন রাজাকার ও রেঞ্জার্স ফোর্সের একজন নিহত হয়। পরের দিন ও সারা রাত সব মুক্তিযোদ্ধা মিলে শিবনাথ স্কুলে অবস্থানরত পাকিস্তানি রেঞ্জার্স ও রাজাকারদের অবরোধ করে রাখেন। তখন এখানে তুমুল যুদ্ধ হয়। শেষ রাতে পাকিস্তানি রেঞ্জার্স ও রাজাকাররা সরারচর থেকে পালিয়ে যায়। এই যুদ্ধে মুক্তিবাহিনীর ছয়জন শহীদ ও কয়েকজন আহত হন। সরারচরের যুদ্ধে মুক্তিযোদ্ধা হারুন-উর রশিদ যথেষ্ট সাহস ও বীরত্ব প্রদর্শন করেন।হারুন-উর রশিদ ১৯৭১ সালে টাঙ্গাইলের মির্জাপুর সংলগ্ন গড়াইয়ে একটি বস্ত্র কারখানায় চাকরি করতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি নিজ এলাকা বাজিতপুরে চলে যান। ভারতে ইকো ওয়ান ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নেন। এরপর হাবিলদার মেজবাহ উদ্দিন খানের নেতৃত্বে দেশে আসেন। তাঁর দলনেতা ছিলেন মুজিবুর রহমান মাস্টার। হারুন-উর রশিদ কিশোরগঞ্জ জেলার ছয়ছটি (ভৈরব উপজেলার অন্তর্গত), কুলিয়ারচর, নরসিংদী জেলার হাঁটুভাঙ্গা ও বেলাবসহ আরও কয়েকটি স্থানে যুদ্ধ করেন। বেলাব যুদ্ধে পাকিস্তানি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই যুদ্ধে তিনি যথেষ্ট কৃতিত্ব দেখান।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য গণবাহিনীর সদস্য হারুন-উর রশিদ বীর প্রতীক খেতাব পেয়েছেন।হারুন-উর রশিদ বীর প্রতীকের স্থায়ী ঠিকানা: গ্রাম ঘাঘুটিয়া, ইউনিয়ন গাজীরচর, উপজেলা বাজিতপুর, জেলা কিশোরগঞ্জ। বর্তমানে তিনি ঢাকার ৩১১/এ, দক্ষিণখানে ভাড়া বাড়িতে বসবাস করছেন। তাঁর বাবার নাম সুলতান ভূঁইয়া, মায়ের নাম উমরিচান বেগম। স্ত্রীর নাম হীরাঝিল বেগম। তাঁর তিন ছেলে ও এক মেয়ে।আলাপকালে হারুন-উর রশিদ বলেন, ‘বাঙালি জাতি হিসেবে আমরা আলাদা সত্তা ও সার্বভৌমত্ব পেয়েছি। কিন্তু অর্থনৈতিক মুক্তি পাইনি, যার জন্য দেশের মানুষ ও আমরা নিষ্পেষিত। মুক্তিযোদ্ধারা আজও সমাজে প্রকৃত মর্যাদা ও স্বীকৃতি পাননি।’সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৩ এবং হারুন-উর রশিদ বীর প্রতীকের সাক্ষাৎকার।গ্রন্থনা: তারা রহমান